Advertisement
নয় লুকে জিতের চমক, নির্ভীক স্বাধীনতা সংগ্রামী না ভয়ংকর ডাকাত? দেখে নিন ছবিতে
জিতের আগামী ছবি 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। প্রকাশ্যে নয়টি লুক।
'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'নিয়ে চর্চা তুঙ্গে। অন্যতম কারণ, জিৎ আত্মপ্রকাশ করবেন নয়টি রূপে। নির্মাতারা প্রকাশ করলেন তাঁর সেই চমকপ্রদ লুক। জিতের অভিনয় জীবনের এক চ্যালেঞ্জিং অধ্যায় উঠে আসবে এই ছবিতে। বাংলার কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহর অসাধারণ জীবনকাহিনি অবলম্বনে নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে তিনি।
অনন্তকে কেউ মনে করেন নির্ভীক স্বাধীনতা সংগ্রামী, আবার কারও কাছে তিনি ছিলেন ভয়ংকর এক ডাকাত। এক দুর্ধর্ষ বিপ্লবী থেকে শুরু করে একাধিক পরিচয়ে আত্মগোপন করে থাকা পলাতক মানুষ, অনন্ত সিংহর জীবনের প্রতিটি অধ্যায়কে ফুটিয়ে তুলতেই তৈরি করা হয়েছে এই নয়টি স্বতন্ত্র লুক।
এই অসাধারণ রূপান্তরের নেপথ্যে রয়েছেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু। মাসের পর মাস গবেষনা ও প্রস্তুতির মাধ্যমে প্রতিটি লুক তৈরি করেছেন। তাঁর কথায় "এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার মুহূর্ত থেকেই বুঝেছিলাম, এটি আমার কেরিয়ারের অন্যতম কঠিন এবং একই সঙ্গে সবচেয়ে তৃপ্তিদায়ক যাত্রা হতে চলেছে।"
অভিনেতার লুক প্রসঙ্গে আরও বলেন, "জিতদার জন্য নয়টি আলাদা লুক তৈরি করতে প্রয়োজন ছিল বিস্তর গবেষণা, অসংখ্য লুক টেস্ট এবং গোটা দলের অক্লান্ত পরিশ্রম। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়ার জন্য আমি প্রযোজনা সংস্থা 'নন্দী মুভিজ', 'জিৎ'জ ফিল্মওয়ার্কস' এবং পরিচালক পথিকৃৎ বসুর কাছে কৃতজ্ঞ।"
ছয়ের দশকের কলকাতায় একের পর এক পরিকল্পিত ডাকাতির ঘটনায় আতঙ্ক এবং কৌতূহল ছড়িয়ে পড়ে শহর জুড়ে। ধনী ও ক্ষমতাশালীদের লক্ষ্য করে চালানো এই অভিযানের নেপথ্যে রয়েছেন অনন্ত। যিনি এক রহস্যময় প্রবীণ ব্যক্তিত্ব, যাঁকে কেউ অপরাধী বলে মনে করে, আবার কেউ দেখে ত্রাণকর্তা হিসেবে। ইন্সপেক্টর দুর্গাপ্রসাদ রায় তাঁর পিছু নিতে শুরু করে। কিন্তু জনমত বিভক্ত, সে কি একজন ডাকাত, না কি পুনর্জন্ম নেওয়া এক বিপ্লবী?
স্বাধীনতা আন্দোলনের সময় মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে অনন্ত ছিলেন এক নিবেদিতপ্রাণ স্বাধীনতা সংগ্রামী। কিন্তু স্বাধীনতার পর দুর্নীতি, লোভ ও আদর্শের অবক্ষয় দেখে তিনি গভীরভাবে হতাশ হয়ে পড়েন। তখন অনন্ত বেছে নেন এক ভিন্ন পথ। নিজের যুদ্ধকৌশল, বুদ্ধিমত্তা ও সাহসকে অস্ত্র করে তিনি শুরু করেন নতুন এক সংগ্রাম এবার গরিব ও বঞ্চিত মানুষের জন্য।
এই নিয়েই ছবির গল্প এগবে। ছবিতে দুর্গাপ্রসাদ রায়ের চরিত্রে টোটা রায়চৌধুরি, এছাড়া চন্দন সেন, কৌশিক সেন, রজতাভ দত্ত, প্রিয়াংকা সরকার, দেবোত্তমা সাহা, সৃজলা গুহ, দেবপ্রিয় মুখোপাধ্যায়, দুর্বার শর্মা, শ্রেয়া ভট্টাচার্য, সুপ্রভাত দাস, শুভ্রজিৎ প্রমুখ রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
পরিচালক পথিকৃৎ বসু বলছেন, "কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' মূলত দৃষ্টিভঙ্গির গল্প। তিনি কি একজন বিদ্রোহী। কিংবদন্তি? না কি একজন অপরাধী? ইতিহাস তাঁকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছে। সেই কারণেই আমরা জিৎদার জন্য নয়টি লুক তৈরি করেছি। প্রতিটি অবতারের মধ্যে লুকিয়ে রয়েছে এক একটি রহস্য, যা ধীরে ধীরে চরিত্রটির জটিল ধাঁধার টুকরোগুলোকে সামনে নিয়ে আসে।"
Published By: Kasturi KunduPosted: 04:35 PM Jul 24, 2026Updated: 04:35 PM Jul 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
