Advertisement
'মুসাফির ক্যাফে'র ঘোর কাটছে না? এসব রোম্যান্টিক সিরিজে ফের শরীরে লাগবে প্রেমের ছোঁয়া
সম্পর্কের জটিল ধাঁধা, বদলানো সমীকরণের গল্পে এক অদম্য প্রেমের স্বাদ দেয় এই সিরিজগুলি।
সেন্সরের চোখরাঙানি না থাকায় ওটিটির পর্দায় বরাবর থ্রিলার, যৌনতা, অপরাধমূলক গল্পের রমরমা। চাহিদা অনুযায়ী পরিচালকরাও সেরকমই গল্প নির্বাচন করেন। কিন্তু বর্তমানে ওয়েব প্ল্যাটফর্মে রোম্যান্টিক গল্পেই মন মজেছে দর্শকের। সাম্প্রতিক উদাহরণ 'মুসাফির ক্যাফে'। সুধা, চন্দর, প্রীতির সম্পর্কের জটিল ধাঁধা, বদলানো সমীকরণের গল্পে যেমন দর্শকের চোখ ভিজেছে, তেমনই প্রাক্তন-বর্তমানের টানাপোড়েন বুকে ব্যথা ধরিয়েছে! 'মুসাফির ক্যাফে'র মতো এই সিরিজগুলি না দেখলে মিস করবেন!
দুই বিপরীত মেরুর মানুষের গল্পই 'মিসম্যাচড'। ডিম্পল ও ঋষির সম্পর্ক আসলে নতুন প্রজন্মের প্রেমের প্রতিচ্ছবি। এখানে প্রেম মানে শুধু রোমান্স নয়, নিজেকে খুঁজে পাওয়া, ভুল থেকে শেখা এবং একে অপরকে বুঝে নেওয়াও। ডিম্পল চরিত্রে প্রাজক্তা কোলী এবং ঋষির ভূমিকায় রোহিত সরাফ অনবদ্য। এক জন বিয়ে আর সম্পর্কের স্বপ্ন দেখে, অন্য জন নিজের পরিচয় তৈরি করতে চায়। তাঁদের 'টম-জেরি'র মতো রসায়ণই এই সিরিজের বড় আকর্ষণ।
প্রেম মানেই যে বড় প্রতিশ্রুতি নয়, 'লিটল থিংস' সেই পাঠই দেয়। সকালের চা, একসঙ্গে রান্না করা কিংবা দিনশেষে সঙ্গীর সঙ্গে কিছুটা সময় কাটানো, কথা বলা- এটাই সম্পর্ক টিকিয়ে রাখার রসদ। কর্মজীবনের চাপ, ব্যক্তিগত স্বপ্ন আর সম্পর্কের দায়িত্ব, সবকিছুর মাঝেও কীভাবে কাব্য আর ধ্রুব একসঙ্গে থাকার চেষ্টা করে, সেটাই ধ্রুব সেহগল, মিথিলা পালকর অভিনীত 'লিটল থিংস' সিরিজের উপজীব্য।
স্কুলের গণ্ডি পেরিয়ে সদ্য কলেজে পা রাখা দুই তরুণ-তরুণীর নিষ্পাপ ভালোবাসার গল্প বলে 'ফ্লেমস'। ছোটখাট মান-অভিমান, দুষ্টু-মিষ্টি সমীকরণ, সলজ্জ চোখে সঙ্গীর প্রতি আকর্ষণের উদযাপন, রোম্যান্সের এহেন টুকরো কোলাজে 'ফ্লেমস' সিরিজটি যেন দর্শককে টেনে নিয়ে যায় সেই কলেজজীবনের প্রেমে। যখন দমকা হাওয়ার মতো জীবনে উঁকি দেয় প্রথম বসন্ত। এখনকার ব্যস্তজীবনে সেসব স্মৃতি রোমন্থন করতে চাইলে দেখতে পারেন 'ফ্লেমস'।
প্রিয়জন হারানো দু'জন অপরিচিত মানুষ বীর-সমীরা। স্বভাবের দিক থেকে সম্পূর্ণ বিপরীত হওয়া সত্ত্বেও ভাগ্য বারবার তাদের কাছাকাছি নিয়ে আসে। দুমড়ে মুচড়ে যাওয়া ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কীভাবে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, আর সেটা প্রেমে পরিণত হয়, সেই গল্পই বলে 'ব্রোকেন বাট বিউটিফুল'। এক ভিন্ন স্বাদের প্রেমের গল্প বলে এই সিরিজ।
'মর্ডান লাভ ইন মুম্বই', ব্যস্ত শহরে প্রেম খোঁজা ক'জন ভিন্ন মানুষের গল্প বলে এই সিরিজ। একাধিক প্রেমের গল্প নিয়ে তৈরি এই অ্যান্থোলজি কখনও অসমবয়সি সম্পর্ক, কখনও প্রাক্তনে প্রত্যাবর্তন, আবার কখনও বা নিজস্ব অস্তিত্বকে ভালোবাসার গল্প বলে। প্রতীক গান্ধী, ফতিমা সানা শেখ, চিত্রাঙ্গদা সিং, অরুণোদয় সিং-সহ একগুচ্ছ তারকা সমাহারে এই সিরিজ বলে- জীবন যতই ব্যস্ত হোক, ভালোবাসার প্রয়োজন কখনও ফুরোয় না।
এমিলি ইন প্যারিস- এই সিরিজ আত্মপর্যালোচনায় বাধ্য করতে পারে। এমিলি কর্মসূত্রে নতুন শহরে প্যারিসে এসে সেখানকার সংস্কৃতির সঙ্গে নিজেকে একটু একটু করে মিশিয়ে দিতে থাকে। অচেনা শহরে অচেনা মানুষরাই তার বন্ধু হয়ে ওঠে। তবে একসময়ে কাজ, বন্ধুত্ব আর সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হয় এমিলি। সুদৃশ্যপট প্য়ারিস, ফ্যাশনিস্তা এমিলি আর রোম্যান্টিক আবহই এই সিরিজকে অন্য মাত্রা দিয়েছে।
'মুসাফির ক্যাফে'র মতো 'সোলমেট' সিরিজটিও এক ভিন্ন স্বাদের প্রেমের গল্প বলে। শিলং ভ্রমণের সময় দুই প্রাক্তন সহপাঠী প্রিয়াংশু-অংশুলের হঠাৎ দেখা। প্রিয়াংশু একজন উচ্চাকাঙ্ক্ষী সঙ্গীত পরিচালক ও রক ব্যান্ডের সদস্য। আর অংশুল একা বাইক নিয়ে উত্তর-পূর্ব ভারত ভ্রমণে বেরিয়েছিল। আচম্বিতে এই পুনর্মিলনই তাদের একে-অপরের কাছাকাছি নিয়ে আসে। তাদের মধ্যে এক সম্পর্ক গভীর হয়ে ওঠে। এভাবেই এগোয় 'সোলমেট'-এর গল্প।
Published By: Sandipta BhanjaPosted: 06:52 PM Aug 08, 2026Updated: 07:00 PM Aug 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
