Advertisement
বোরখার জড়তা সরিয়ে স্বপ্ন দেখতে শেখাচ্ছেন মিসবাহ, চেনেন মিস ইউনিভার্স পাকিস্তানকে?
শিক্ষার মাধ্যমে মেয়েদের ক্ষমতায়নে বিশ্বাসী এই তরুণী।
‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ হলেন মিসবাহ আরশাদ। চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে তিনি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন। বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন পড়শি দেশের। এশিয়ার ফ্যাশন দুনিয়ায় এখন চর্চা এই তরুণীকে ঘিরে। কে এই মিসবাহ? মিসবাহ আরশাদ মনোবিজ্ঞানের একজন শিক্ষার্থী, যিনি শিক্ষার মাধ্যমে মেয়েদের ক্ষমতায়নে বিশ্বাসী।
একটি ভিডিওয় তাঁকে লাহোরের একটি স্কুল পরিদর্শন করতে দেখা যায়। তিনি সোশাল মিডিয়ায় লেখেন, 'বিভিন্ন স্কুল পরিদর্শন করে এমন সব অসাধারণ মেয়ের সাক্ষাৎ পেয়েছি যারা জীবনের গুরুত্বপূর্ণ সব শিক্ষা দিয়েছে। আমাদের ভবিষ্যতের জন্য আমরা যেসব বিনিয়োগ করতে পারি, তার মধ্যে অন্যতম শক্তিশালী বিনিয়োগ হলো মেয়েদের শিক্ষা।'
বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মিসবাহ। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এর মধ্যে রয়েছে জাপানে অনুষ্ঠিত ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’ প্রতিযোগিতাও। মনোবিজ্ঞানের ছাত্রী হওয়ার পাশাপাশি তিনি মডেলিং এবং ফ্যাশন ও সৌন্দর্য বিষয়ক কন্টেন্ট তৈরির কাজও করেন। ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা ছবি দেখে বোঝা যায়, তিনি ভ্রমণপিপাসু একজন মানুষ। স্থানীয় খাবারের স্বাদ নিতে এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পছন্দ করেন।
মিসবাহ বিচারকদের মন জিতে নেন মনোনয়ন পর্বের চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে। ফিলিপিন্সের সঙ্গীতশিল্পী ও অভিনেতা বেইলি মে ছিলেন বিচারকদের অন্যতম। তিনি প্রশ্ন করেছিলেন, মিসবাহর দশ বছর ও আশি বছরের দুই রূপ মুখোমুখি হলে কার প্রশ্নটা বেশি কঠিন হবে। উত্তরে মিসবাহ জানান, তাঁর ১০ বছর বয়সি রূপটিই সবচেয়ে কঠিন প্রশ্ন করবে, কারণ সে জানতে চাইবে বড় হয়ে তার জীবন কেমন কেটেছে।
তাঁর কথায়, ''আমি আমার শৈশবের রূপকে বলব যে জীবনে বহুবার আমি ব্যর্থ হয়েছি, কিন্তু প্রতিবারই নতুন করে ঘুরে দাঁড়িয়েছি। জীবনের এ এক সুন্দর চক্র, যা শুধু মেনে নেওয়াই নয়, বরং উপভোগ করা উচিত। কারণ আগুন যত উত্তপ্ত হয়, সোনা তত খাঁটি হয়।''
নিজের জীবনের দীর্ঘ চলন নিয়ে বলতে গিয়ে মিসবাহ লিখেছেন, ‘ব্যর্থতা দিয়ে জয়ী বা বিজয়ী নির্ধারণ করা যায় না। আশা জিইয়ে রাখা এবং প্রতি পদক্ষেপে নিজেকে আরও উন্নত করাই লক্ষ্য! মুকুট জয় নিশ্চয়ই বড় বিষয়, কিন্তু এই পথচলার শিক্ষা এবং মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কই আমার সত্যি পুরস্কার।’
আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসর। সেখানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মিসবাহ। ২০২৩ সাল থেকে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ প্রতিযোগিতা। এই নিয়ে চতুর্থবার এই প্রতিযোগিতা আয়োজিত হল। প্রথমবারের প্রতিযোগী এরিকা রবিন ‘টপ ২০’-তে জায়গা করে নিয়েছিলেন। দেখার, মিসবাহ পাকিস্তানের প্রতিনিধি হিসেবে নতুন কোনও সাফল্য পান কিনা।
Published By: Biswadip DeyPosted: 08:38 PM Aug 21, 2026Updated: 08:38 PM Aug 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
