Advertisement
স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার, এক নিমেষে মন ভেঙে চুরমার! কী ঘটেছিল নোরার সঙ্গে?
খেলা না হলেও ফুটবল মাঠের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে নোরার।
তিনি যেভাবেই আসেন তাতেই ঝড় তোলেন পুরুষদের হৃদয়ে। তাঁর শরীরী বিভঙ্গী বরাবর ঝড় তুলেছে নেটিজেনদের মনে। তবে নোরা ফতেহি ঝড় তুলতে পারতেন ফুটবল মাঠেও। কিন্তু একটা ঘটনাই জীবন বদলে দেয়। কী ঘটেছিল মরক্কোর বংশোদ্ভূত অভিনেত্রী ও ড্যান্সারের সঙ্গে?
খেলা না হলেও ফুটবল মাঠের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে নোরার। মাঠে খেলা দেখতে যান। মরক্কোর ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। এমনকী প্যারিস সাঁ জাঁর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।
সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নোরা। সেখানে দেখা যায়, কোচের সঙ্গে ফুটবল অনুশীলন করছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন তাঁর ফুটবলপ্রীতির কথা। আর কীভাবে ফুটবলার হিসেবে কেরিয়ার তৈরি করা হল না, সেটাও প্রকাশ্যে এনেছেন তিনি।
প্রাক্তন কোচ গোভি হেনরিকসেনকে ট্যাগ করে লিখেছেন, '২০১৭ সালে ফিরে গেলাম। ওই সময় ফুটবল নিয়ে যে কনটেন্টগুলো বানাতাম, সেগুলো হঠাৎ চোখে পড়ল। আমার কোচের প্রশংসা করতেই হয়। তার সঙ্গে দারুণ কাজ করেছি। তোমার জন্যই আমার ফুটবলের প্রতি ছোটবেলার ভালোবাসাটা ফের জেগে উঠেছে।'
এর সঙ্গে এখন ফুটবল খেলার ভিডিও পোস্ট করেছেন নোরা। যেখানে নিজের ফুটবল স্কিল দেখান। তরুণদের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন। নোরার সঙ্গী কে ছিলেন জানেন? মাইকেল আওয়েন। ইংল্যান্ডের ব্যালন ডি'অর জয়ী ফুটবলারের সঙ্গে বেশ কিছুক্ষণ মাঠ দাপান নোরা।
কিন্তু ফুটবলার হওয়ার স্বপ্নপূরণ হল না কেন? নোরা লিখেছেন, '১১ বছর বয়সে চোট পাওয়ার পর আমি খেলা বন্ধ করে দিয়েছিলাম।' কী চোট পেয়েছিলেন, সেটা লেখেননি। তবে মনে করিয়ে দিয়েছেন যে, ওই সময়টা ছিল তাঁর জীবনের 'কঠিনতম সময়'। ফুটবলের প্রতি যে তাঁর কতটা ভালোবাসা সেটা যেন বুঝিয়ে দিলেন তিনি।
সেই 'কঠিন সময়' থেকে কীভাবে ফিরলেন? কোচকে ধন্যবাদ দিয়ে নোরা লিখেছেন, 'তুমি জীবনের একটি কঠিন সময় পার করতে সাহায্য করেছ! শারীরিকভাবে এবং মানসিকভাবে আরও শক্তিশালী হতে সাহায্য করেছ! ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের আরও কাছাকাছি এনেছে!'
ফুটবলার হতে পারেননি। তা নিয়ে আফসোসও আছে। তবে খেলার মাঠের সঙ্গে ওতপ্রোত যোগ রয়েছে নোরার। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ মাতিয়েছিলেন নোরা। নোরার সঙ্গে ছিলেন গায়ক বাদশা।
এর আগেও অবশ্য বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করেছেন তিনি। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে দেখা গিয়েছিল নোরাকে। ওই বিশ্বকাপের অ্যান্থেম 'লাইট দ্য স্কাই' গানে হিন্দি অংশটি গেয়েছিলেন নোরা। পারফর্মও করেছিলেন ওই গানে।
Published By: Arpan DasPosted: 04:10 PM Apr 25, 2026Updated: 04:10 PM Apr 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
