Advertisement
একের পর এক রিয়ালিটি শোয়ে সঞ্চালক বদল! এবার সুদীপ্তার জায়গায় নতুন মুখ দেখবে দর্শক
দুই পর্বের দুর্দান্ত সাফল্যের পরও সঞ্চালিকা বদল। 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ সুদীপ্তার আসনে এবার জনপ্রিয় টেলি অভিনেত্রী।
বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় রিয়ালিটি শো 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। দুই পর্বের দুর্দান্ত সাফল্যের পর এবার পালা তৃতীয় সিজনের। নতুন সিজনে নতুন চমক নিয়ে হাজির হবে এই পপুলার শো। দু-একটি রিয়ালিটি শোয়ের মুখবদলের পর এবার 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এর মুখবদল। সুদীপ্তার পরিবর্তে থাকছেন টেলি পর্দার 'দুর্গা'।
সুদীপ্তার সঞ্চালনায় 'লাখ টাকার লক্ষ্মীলাভ' দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময় অনুযায়ী টেলিভিশনের পর্দায় চোখ রাখতে অভ্যস্ত দর্শক। তবে তৃতীয় সিজনে আর দেখা যাবে না সুদীপ্তার সঞ্চালনা। তবে তাঁর পরিবর্তে যাকে দেখা যাবে তিনিও তো অত্যন্ত জনপ্রিয় মুখ। তাঁর অভিনয় বারবার দর্শকমহলে প্রশংসিত হয়েছে। এবার প্রশ্ন, টেলি পর্দায় তো বহুজন দেবী দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন। তাঁদের মধ্যে কাকে দেখা যাবে সঞ্চালিকার আসনে?
তিনি আর কেউ নন, অভিনেত্রী পায়েল দে। শো সঞ্চালনার নতুন গুরুদায়িত্ব এবার তাঁর কাঁধে। আগামী ৩০ আগস্ট সন্ধ্যা সাতটা থেকে শুরু হতে চলেছে এই নতুন সিজনের সম্প্রচার। আরও বড় স্বপ্ন, নতুন উদ্দীপনা এবং এক নতুন মুখ-সব মিলিয়ে দর্শকের রায় কী হবে সেটা তো সময় বলবে। জনপ্রিয়তার বিচারে সুদীপ্তাকে টেক্কা দিতে পারবেন পায়েল? ঠিক একইভাবে অভিনেত্রী পায়েলে দের কাছেও এটা নিঃসন্দেহে বিরাট চ্যালেঞ্জ।
সুদীপ্তা চক্রবর্তী দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে বলেছেন, "এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সত্যিই গর্বিত। এই শো বহু মানুষের জীবনকে স্পর্শ করেছে। প্রতিযোগীদের আনন্দ, দুঃখ, সাফল্য আর আবেগকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের এক অমূল্য অভিজ্ঞতা। আমাকে ব্যক্তিগতভাবেও অনেক বদলে দিয়েছে। কাজের জন্য আমাকে বিরতি নিতে হচ্ছে। পুরো টিমকে আগামীর শুভেচ্ছা।"
নতুন দায়িত্ব পেয়েই পায়েল বলেছেন, "কোন সে আলোর স্বপ্ন নিয়ে-এর পর এটা আমার ঘরে ফেরা। সঞ্চালক হিসেবে নতুন যাত্রা শুরুর সুযোগে আমি ভীষণ আনন্দিত। সঞ্চালক হিসেবে এটি আমার প্রথম রিয়ালিটি শো। নতুন চ্যালেঞ্জকে উপভোগ করার অপেক্ষায় রয়েছি। এই অনুষ্ঠান শুধু বিনোদন দেয় না, আমাদের নতুনভাবে ভাবতেও শেখায়। অসাধারণ নারীদের সামনে দাঁড়ানোর সুযোগ সত্যিই সৌভাগ্যের। সর্বতোভাবে তাঁদের এই যাত্রার অংশ হতে চাই।"
একের পর এক রিয়ালিটি শোয়ের সঞ্চালকের মুখ বদল ঘটেছে। সেই তালিকায় রয়েছে 'দিদি নম্বর ওয়ান' থেকে 'দাদাগিরি'র মতো অত্যন্ত জনপরিয় রিয়ালিটি শো। সেই সঙ্গে 'বিগ বস'-এ সঞ্চালকের আসনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে মুখিয়ে দর্শক। শোয়ের মুখবদলের পর কটাক্ষেরও শিকার হয়েছেন নতুন সঞ্চালকরা। বড় পর্দায় তাঁরা যতটা জনপ্রিয়তা অর্জন করেছেন টেলিভিশনের পর্দায় আসতেই তুমুল সমালোচনার শিকার হয়েছেন।
এক্ষেত্রে প্রথমেই আসা যাক 'দিদি নম্বর ওয়ান'-এ স্বস্তিকার কথায়। রচনার পরিবর্তে স্বস্তিকাকে একাংশ সাদরে আমন্ত্রণ করলেও অনেকে সমাজমাধ্যমে 'রাক্ষসী' বলে কটাক্ষ করতেও পিছপা হননি। ঠিক তেমনই দেবকে নিয়েও কম সমালোচনা হয়নি। সৌরভের জুতোয় পা গলাতেই দেব 'দাদাগিরি'র 'লিগ্যাসি' কতটা ধরে রাখতে পারবেন তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সময়ের সঙ্গে এখন স্বস্তিকা-দেবেই অভ্যস্ত হয়ে গিয়েছে দর্শক।
Published By: Kasturi KunduPosted: 09:30 PM Jul 28, 2026Updated: 09:31 PM Jul 28, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
