Advertisement
মাই পার্সন... 'বিশ্বজয়ীর বাগদত্তা'র সঙ্গে চুটিয়ে প্রেম! অর্শদীপের প্রেমিকার পরিচয় জানেন?
কখনও ইঙ্গিতবাহী পোস্ট, কখনও মুখ লুকিয়ে হাতে হাত রেখে পোস্ট, আবার কখনও স্রেফ নখের ছবি দিয়ে স্টোরি-এইভাবে 'চোরি চোরি চুপকে চুপকে' প্রেমকাহিনি চলছিল।
বেশ কিছুদিন ধরেই ফিসফাস চলছিল। কখনও ইঙ্গিতবাহী পোস্ট, কখনও মুখ লুকিয়ে হাতে হাত রেখে পোস্ট, আবার কখনও স্রেফ নখের ছবি দিয়ে স্টোরি-এইভাবে 'চোরি চোরি চুপকে চুপকে' প্রেমকাহিনি চলছিল। তবে আর লুকোচুরি নয়। এবার প্রকাশ্যেই প্রেম জাহির করলেন অর্শদীপ সিং। আদুরে পোস্টে ঘোষণা করলেন, বলি অভিনেত্রী সমরিন কৌরের সঙ্গে প্রেম করছেন।
ক্রিকেট ও বলিউডের প্রেমকাহিনি নতুন কিছু নয়। চলতি বছর আইপিএল চলাকালীন অর্শদীপ এবং সমরিনের প্রেমের গুঞ্জন ছড়ায়। শুরুটা হয়েছিল স্ন্যাপচ্যাটে অর্শদীপের একটি রহস্য়ময় স্টোরি থেকে। তারপর অর্শদীপের সঙ্গে পাঞ্জাব কিংসের টিম বাসেও দেখা যায় সমরিনকে। তবে জল্পনা বাড়লেও এই নিয়ে দু'জনের কেউই মুখ খোলেননি। অবশেষে দুনিয়ার সঙ্গে প্রেমিকার পরিচয় করালেন অর্শদীপ, ছবি দিয়ে বললেন 'মাই পার্সন'।
কে এই সমরিন? পাঞ্জাবি বিনোদনের জগতে যথেষ্ট পরিচিত মুখ এই লাস্যময়ী। ২৬ বছর বয়সি সমরিনের জন্ম জম্মু-কাশ্মীরে। অভিনয়ের পাশাপাশি মডেলিং করেন। সোশাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় এই লাস্যময়ী। পুণের কলেজ থেকে বিকম পাশ করে গ্ল্যামার দুনিয়ায় সমরিনের পদার্পণ। কেরিয়ারের গোড়াতেই মিস জম্মু-কাশ্মীর হিসাবে প্রতিনিধিত্ব করেন মিস ইন্ডিয়ার মঞ্চে। তারপর থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে তাঁর।
বাদশাহ, জুবিন নটিয়াল, গুরু রনধাওয়া বা মনিন্দর বুট্টারের একাধিক মিউজিক ভিডিওয় সমরিনকে দেখা গিয়েছে। 'বাওলা' এবং 'তুঝে ভুলনা তো চাহা' গানগুলির ভিডিও থেকে প্রবল জনপ্রিয়তা পান সমরিন। সেখান থেকে পা রাখেন অভিনয় জগতে। জি ফাইভের ওয়েব সিরিজ 'নেল পালিশে' অভিনয় করেছেন তিনি। পাশাপাশি সমরিনকে দেখা গিয়েছে 'সর্দারজি ২' ছবিতেও। তবে সমরিন ক্রীড়াপ্রেমীদের কাছে পরিচিত '৮৩' ছবি থেকে।
১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হয়েছিল '৮৩' সিনেমাটি। সেখানে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর সিং। ওই ছবিতেই ছোট্ট এক চরিত্রে দেখা যায় সমরিনকে। ছবিতে তাঁর নাম ছিল সিমরন সিং। যাঁকে দেখান হয়েছিল বলবিন্দর সিং সান্ধুর বাগদত্তা হিসেবে। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায় বলেই সিনেমায় দেখানো হয়। যদিও বাস্তবে সিমরন নামের কোনও চরিত্রের অস্তিত্ব ছিল না।
ইনস্টাগ্রামে সমরিনের ফলোয়ার সংখ্যা ৪৫ লক্ষ। নিজের দৈনন্দিন জীবনের ঝলক সোশাল মিডিয়ায় মাঝে মাঝেই শেয়ার করেন। অতীতে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আশিস চাঁচলানির সঙ্গে সামরিনের প্রেমের জল্পনা ছিল। যদিও দু'জনের তরফেই দাবি করা হয় তাঁরা স্রেফ বন্ধু। নিজের জীবনের নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করলেও অর্শদীপকে নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন সমরিন।
যদিও ক্রিকেটপ্রেমী এবং নেটিজেনরা নিজেদের মতো করে অর্শদীপ-সমরিনের প্রেমকাহিনি সাজিয়ে ফেলেছিলেন। অর্শদীপের একটি স্টোরিতে দেখা যায়, একজনের হাত ধরে আছেন ভারতীয় পেসার। সেখান থেকে হাতের একটা দিক ও নখ দেখেই একেবারে গোয়েন্দার মতো কাজে নেমে পড়েছিলেন নেটিজেনরা। তাঁরাই খুঁজে বের করেন, সমরিনের সঙ্গে প্রেম করছেন তারকা পেসার। তখনও অর্শদীপ প্রেমের কথা ঘোষণা করেননি।
কীভাবে সমরিনকে 'আবিষ্কার' করলেন নেটিজেনরা? অর্শদীপের আপলোড করা ছবিতে যাঁর হাত দেখা গিয়েছিল, তাঁর হাতে একটি ট্যাটু রয়েছে। ঠিক একই ধরনের ট্যাটু ছিল সামরিনের হাতেও। অন্যদিকে ওই ছবিতে মহিলার নখের নেলপলিশ দেখেও অনেকে মিল খুঁজে পেয়েছিলেন। দুইয়ে দুইয়ে চার হয়ে যায় সমরিনকে পাঞ্জাব কিংসের ম্যাচে এবং টিম বাসে দেখা যেতেই। অবশেষে প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন দু'জনে।
Published By: Anwesha AdhikaryPosted: 05:18 PM Jul 27, 2026Updated: 05:18 PM Jul 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
