Advertisement
দাম্পত্য নিয়ে বিতর্কিত মন্তব্য, 'বেশি জেন জি হয়েছ', জ্যাকিকে কান ধরে ওঠবস করালেন স্ত্রী রকুলপ্রীত!
ডিভোর্স গুঞ্জন শুরু হতেই মাঠে রকুলপ্রীত। অভিনেতা স্বামীকে 'শাসন করে' নিন্দুকদের কড়া পাঠ রকুলপ্রীত সিংয়ের। কী করলেন দেখুন!
চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন। বিয়ের ২ বছর পেরতে না পেরতেই অশান্তি! সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন জ্যাকি ভাগনানি। বলেন, "আমাদের আমাদের সম্পর্কটা 'সিচুয়েশনশিপ'-এর মতো।" আর তাতেই রকুলপ্রীত সিংয়ের সঙ্গে অভিনেতার বিচ্ছেদর গুঞ্জন ছড়িয়ে পড়ে দাবানল গতিতে।
নজর এড়ায়নি নায়িকা স্ত্রীর। অতঃপর প্রকাশ্যেই স্বামীকে নাস্তানাবুদ করে ছাড়লেন রকুলপ্রীত! নিন্দুকরা যখন তারপকাদম্পতির ডিভোর্সের ভবিষ্যদ্বাণীতে ব্যস্ত, তখন স্বামীকে কান ধরে ওঠবস করালেন রকুলপ্রীত। শুধু তাই নয়, সেই ভিডিও প্রকাশ্যে এনে জ্যাকি ভাগনানিকে ধমক দিতেও শোনা যায় অভিনেত্রীকে!
এক সাক্ষাৎকারে জ্যাকি বলেন, "রকুল আর আমি বিয়ে করেছি, কিন্তু আমরা যেন এক ধরনের সিচুয়েশনশিপে রয়েছি।" যদিও তিনি সম্পর্কে পারস্পারিক বিশ্বাস রাখার কথা উল্লেখ করেছিলেন, তবে এহেন মন্তব্য ভাইরাল হতেই বিতর্কের দানা বাঁধে। প্রশ্ন ওঠে, তাহলে কি বিয়ের ২ বছরের মধ্যেই ডিভোর্সের পথে হাঁটছেন বলিউডের তারকাদম্পতি? নেতিবাচক মন্তব্যের বন্যাও বয়ে যায়। তাতেই বিরক্ত রকুল।
যদিও বিতর্কের পিচে ড্যামেজ কন্ট্রোল করতে অভিনেত্রী বলেছিলেন, "এই খবর পড়ে আমি আর জ্যাকি খুব হেসেছি। এক ঘণ্টার একটা কথোপকথন থেকে একটা বাক্য বের করে এভাবেও বিকৃত করা যায়! সেটাই ভাবাচ্ছে। চটকদার শিরোনাম ছেড়ে পুরো খবর পড়ুন।" তবে তাতেও বিতর্ক থামানো যায়নি। এবার ভিডিও করে স্বামী জ্যাকি ভাগনানিকে 'পাঠ' দিলেন রকুলপ্রীত।
ভিডিওতে দেখা গেল, স্ত্রী রকুলপ্রীতের কাছে কান ধরে ক্ষমা চাইছেন জ্যাকি ভাগনানি। পাশ থেকে অভিনেত্রী বলেন, "দেখলে তো, কী কাণ্ডটা ঘটিয়ে বসলে? বেশি জেন জি-দের মতো আচরণ করার দরকার কি?" জবাবে অভিনেতা জানান, "আমি কিন্তু ওই অর্থে কথাটা বলিনি!" যা শুনে রকুলের বক্তব্য, "আমি জানি, তবে গোটা দুনিয়ার সেটা জানা দরকার এবার।" সত্যিই কি স্বামীকে কান ধরে ওঠবস করালেন অভিনেত্রী?
ভিডিওতে হাসিমুখেই রকুলপ্রীতকে বলতে শোনা যায়, "যেহেতু আপনারা কেউ বিতর্ক থামানোর পাত্র নন, তাই আমরা ভাবলাম, এই বিষয়ে খানিক মজাই করে নিই।" পোস্টের ক্যাপশনে ডিভোর্সের গুজব রটানো নিন্দুকদেরও একহাত নিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, "এবার বরং, আপনারা একটু হাসুন আর বিষয়টা ভুলে এগিয়ে যান।"
আসলে বর্তমান প্রজন্ম প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনেকসময়েই 'বেঞ্চিং', 'ব্রেড ক্রাম্বিং' কিংবা 'সিচুয়েশনশিপে'র মতো শব্দ ব্যবহার করে। জ্যাকি ভাগনানিও 'কুল'ভাবে সেই শব্দের আশ্রয়ই নিয়েছিলেন। কিন্ত তাতে হিতে বিপরীত হয়। রটে যায়, বিয়ের ২ বছরেই ডিভোর্স হচ্ছে জ্যাকি-রকুলের। এতেই তিতিবিরক্ত হন অভিনেত্রী।
২০২৪ সালে ধুমধাম করে গোয়ায় প্রযোজক-অভিনেতা জ্যাকির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী রকুলপ্রীত। তাঁদের দাম্পত্য নিয়ে মাঝেমধ্যে নেতিবাচকতা ছড়িয়ে পড়লেও, তাঁদের ভালবাসা যে অটুট, খুনসুটি মাখা ভিডিওতেই সেকথা বুঝিয়ে দেন বলিউডের তারকাদম্পতি।
আসলে জ্যাকি ভাগনানি বোঝাতে চেয়েছিলেন তাঁদের দাম্পত্য কোনও বাঁধা-ধরা নিয়মের গণ্ডিতে আটকে নেই। বরং এটা এমন এক সম্পর্ক, যেখানে দুজন মানুষ আলাদাভাবেও সম্পূর্ণ। আবার একসঙ্গে থাকলে আরও বেশি করে পরিপূর্ণ। অভিনেতার কথায়, "আমরা কুড়ি-একুশ বছরের নই। জীবনে অনেক উত্থান-পতন দেখেছি। কাউকে দিয়ে নিজের শূন্যতা পূরণ করতে চাই না। রকুল নিজের মতো সুখী।"
জ্যাকি ভাগনানির এহেন মন্তব্যেই বিচ্ছেদ জল্পনা ছড়িয়ে পড়ে। কিন্তু নিন্দুকরা এটাই বোঝেননি যে, তারকাদম্পতির সম্পর্কের ভিত আদতে পারস্পরিক সম্মান, স্বাধীনতা এবং গভীর বিশ্বাসের উপর দাঁড়িয়ে। এবার সেই প্রেক্ষিতেই স্বামীর সঙ্গে খুনসুটি মাখা ভিডিও তৈরি করে নিন্দুকদের বার্তা দিলেন রকুলপ্রীত সিং। (ছবি- ইনস্টাগ্রাম)
Published By: Sandipta BhanjaPosted: 06:52 PM Apr 26, 2026Updated: 06:52 PM Apr 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
