Advertisement
২৪ মাস ধরে নীতা আম্বানির শাড়ি বানিয়ে নিউ ইয়র্কবাসীর মন জয় বাংলার তাঁতশিল্পীর, দাম জানেন?
শাড়ির বিষয়ে আবার নীতা আম্বানি বরাবরই বিচক্ষণ। শুধু গয়নাগাটি নয়। তাই তো তাঁর সংগ্রহে দেশের নানা প্রান্তের বিখ্যাত শাড়ি রয়েছে। যা দেখে চোখ ধাঁধিয়ে যাওয়াই স্বাভাবিক।
তিনি মুকেশ আম্বানির স্ত্রী। রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন। তাঁর অধরা যেন কিছুই নয়। সংগ্রহে দামী দামী গয়নাগাটি থেকে ঐতিহ্যপূর্ণ সাবেক শাড়ি। তাঁর সংগ্রহ অনেকেরই স্বপ্নেরও অতীত। নীতার শাড়ি, গয়না যেন তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। যা দেখে মুগ্ধ হন প্রায় সকলেই।
ছেলের বিয়ে হোক কিংবা মেয়ের, অথবা যেকোনও অনুষ্ঠানে তাঁর সাজগোজে আভিজাত্যের ছাপ স্পষ্ট। শাড়ির বিষয়ে আবার নীতা আম্বানি বরাবরই বিচক্ষণ। শুধু গয়নাগাটি নয়। তাই তো তাঁর সংগ্রহে দেশের নানা প্রান্তের বিখ্যাত শাড়ি রয়েছে। যা দেখে চোখ ধাঁধিয়ে যাওয়াই স্বাভাবিক।
নীতা আম্বানির পছন্দের তালিকায় রয়েছে জামদানি। গত এপ্রিলে স্বামী মুকেশ আম্বানির জন্মদিনে একটি লাল ঢাকাই মসলিন পরতে দেখা গিয়েছিল তাঁকে। তার সঙ্গে মানানসই ব্লাউজ। শাড়ির সঙ্গে পরেছিলেন সোনার হার। তাতে হিন্দু দেবদেবীর প্রতিচ্ছবি। কানের দুলেও ধর্মীয় নান্দনিকতার ছাপ।
মেকআপ বেশ ছিমছাম। হালকা কাজল, আইলাইনার যেন তাঁকে আরও সুন্দর করে তুলেছে। ঠোঁটে নিউড শেডের লিপস্টিক। মৃদু ঢেউখেলানো খোলা চুলে তিনি সত্যিই অনন্যা।
সম্প্রতি নিউইয়র্কে 'টাইম ১০০' সামিটে পরার জন্য জামদানি বেছে নেন নীতা। সবচেয়ে উল্লেখযোগ্য হল ওই জামদানিটি তৈরি করেছেন বাংলার তাঁতশিল্পী। ফুলিয়ার পদ্মশ্রীপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন বসাক শাড়িটি তৈরি করেছেন। গোটা শাড়িটিতে মীনাকারি কাজ। উপজাতীয় মোটিফ শাড়িটির আভিজাত্যের প্রতীক। শাড়িটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২ বছর। দাম ৫ লক্ষ টাকা।
এই শাড়িটির সঙ্গে একেবারে হালকা কাজের রংমিলান্তি ব্লাউজ পরেন। গলায় মুক্তোর মালা। হাতে চুড়ি। তাতে সবুজ পাথর। কানের দুলে পান্নার মতো সবুজ রঙের পাথর দেওয়া কানের দুল। বাঁ হাতের অনামিকায় কানের দুলের সঙ্গে মানানসই আংটি।
নীতা আম্বানি মূলত 'স্বদেশ' উদ্যোগের মাধ্যমে ভারতের হারিয়ে যাওয়া তাঁতের শাড়িকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। সে কারণেই বাংলার জামদানিকে তিনি বেছে নেন। যা তাঁকে আরও মোহময়ী করে তুলেছে।
'টাইম ১০০' সামিটে হাতে বোনা বেনারসি শাড়িও পরেছিলেন নীতা আম্বানি। সেলেব ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ব্লাউজ পরেছিলেন। সঙ্গে মানানসই গয়না। আর হালকা মেকআপ। সবমিলিয়ে অন্যবদ্য মুকেশ জায়া। তার আগে 'চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে সব্যসাচীর ডিজাইনে আকাশতারা শাড়ি পরেন। যা আগে তাঁর মেয়ে ইশা আম্বানিকেও পরতে দেখা গিয়েছিল।
নীতা আম্বানির সংগ্রহে ১০১ ক্যারাটের হিরের গয়না রয়েছে। সঙ্গে কোটি কোটি টাকার ঘড়ি ও ব্যাগ। আবার কাঞ্জিভরম, পৈঠানি থেকে ইক্কতের মতো আর নানা দামী দামী শাড়ি।
নিউইয়র্কের অনুষ্ঠানে কেন বাংলার তাঁতশিল্পীর তৈরি জামদানি বেছে নিলেন নীতা আম্বানি, স্বাভাবিকভাবেই তা নিয়ে চলছে জোর চর্চা। সে সম্পর্কে নীতা আম্বানির তরফে কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, গ্রীষ্মকালের জন্য জামদানি বেছে নিয়েছেন তিনি। এটি অত্যন্ত হালকা এবং বাতাস চলাচলে যোগ্য। তাই এই শাড়িটি গ্রীষ্মে পরার জন্য আদর্শ।
Published By: Sayani SenPosted: 07:41 PM Apr 26, 2026Updated: 07:45 PM Apr 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
