Advertisement
ব্রেকআপ গুঞ্জনের মাঝেই চাহালকে আনফলো, 'যে বন্ধুর সঙ্গে...', ঠিক কী বললেন মাহভাশ?
মাহভাশ এবং চাহাল একে অপরকে ‘আনফলো’ করে দেন জানুয়ারিতে।
একটা সময়ের ভারতের স্পিন বিভাগের অন্যতম প্রধান ছিলেন যুজবেন্দ্র চাহাল। সেই তিনি জাতীয় দল থেকে বাদ পড়লেও আইপিএল খেলেন। এবার সেভাবে ছন্দেও নেই। কিন্তু বোলিং নয়, এখন চর্চা তাঁর ‘এক্স’ নিয়ে।
ধনশ্রী বর্মার সঙ্গে চাহালের বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁর নাম জড়ায় আরজে মাহভাশের সঙ্গে। যা ক্রমে মাখোমাখো সম্পর্কে পরিণত হয়। যদিও সেই প্রেমের সিলমোহর দেননি কেউই। দু'জনেই জানিয়েছিলেন, তাঁরা নিছক বন্ধু ছিলেন। তবু একাধিকবার তাঁদের লন্ডন-সহ বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল। তারপরেই চাহাল-মাহভাশের প্রেমের সম্পর্কের গুঞ্জন বাড়ে। পরবর্তীতে একে অপরকে সোশাল মিডিয়ায় ‘আনফলো’ করেছেন।
এরপরেই প্রশ্ন ওঠে, দু'জনের সম্পর্কে কি ভাঙন ধরেছে? অবশেষে মুখ খুললেন মাহভাশ। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “মানুষ ছোটখাটো বিষয় নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করে। এটা আসলে তেমন বড় কোনও ব্যাপারই নয়। বন্ধুদের মধ্যে ঝগড়া হয়। তারা একে অপরকে ফলো-আনফলো করে। ব্যস, এটুকুই। যে বন্ধুত্বে সমস্ত বিষয় নিয়ে কথা বলা যায়, সেখানে কোনও অভিমানই রাখা উচিত নয়। সবসময় ওর ভালো চাইব।”
দীর্ঘদিন ধরেই ইনস্টাগ্রামে একে অন্যকে ‘ফলো’ করতেন। কিন্তু এখন আর সেটা করেন না। মাহভাশ এবং চাহাল একে অপরকে ‘আনফলো’ করে দেন জানুয়ারিতে। নেটপ্রভাবী বারিন্দর চাওলা বিষয়টি প্রকাশ্যে আনেন। তারপরই সোশাল মিডিয়ায় গুঞ্জন, তাহলে কি মাহভাশও চাহালের সঙ্গ ছাড়লেন। ইদানীং দু’জনকে একসঙ্গে দেখাও যায় না। ফলে জল্পনা আরও বাড়ছে।
এরপর চাহালকে নিয়ে আরও একটা জল্পনা শোনা যায়। তিনি নাকি তিক্ততা ভুলে প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে চলতি বছর এক রিয়্যালিটি শো’য়ে অংশ নেবেন। ‘দ্য ৫০’ নামে ওই শো’তে অংশ নেবেন ৫০ জন বিখ্যাত ব্যক্তিত্ব। ক্রীড়া, বিনোদন, নেটদুনিয়ায় বিখ্যাতদের নিয়েই এই শো তৈরি হবে। সেই জল্পনার মধ্যেই চাহাল-মাহভাশের দূরত্বের খবর। যদিও চাহাল ওই রিয়েলিটি শো-তে যোগ দেওয়ার খবর অস্বীকার করেন।
প্রশ্ন হল, তাঁরা কি কেবল নিছক বন্ধু ছিলেন? নাকি বন্ধুত্বের বাইরে এই সম্পর্ক অন্য রসায়ন পেয়েছিল? এর উত্তরে মাহভাশ বলেন, “আমাদের মধ্যে তেমন কিছু ছিল না। আমি বন্ধুত্বকে খুব গুরুত্ব দিই। ও খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। সেই সময় ওর একজন ভালো বন্ধুর দরকার ছিল। এক সাক্ষাৎকারে এমন নিজেই জানায়। জানিয়েছিল, মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে, আত্মহত্যার কথাও ভেবেছিল।”
তিনি আরও বলেন, “ও যাতে সেই সময়টা ঠিকমতো কাটাতে পারে, সেই চেষ্টাই করেছি। ওর আইপিএল মরশুমটা যেন ভালোভাবে শেষ হয়, আমরা যতটা সম্ভব সাহায্য করেছি। মিডিয়া বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করে দেখিয়েছিল। সেই কারণেই অনেকের মনে হয়েছিল আমরা সম্পর্কে আছি। কিন্তু আমি কেবল একজন বন্ধুকে সাহায্য করেছি। বন্ধু হিসাবে পাশে থাকাটাই একমাত্র লক্ষ্য ছিল।”
গতবছর আইপিএলে চাহালকে দলে নেয় পাঞ্জাব কিংস। ১৪টি ম্যাচ খেলে ১৬ উইকেট পেয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কার্যত একা হাতে জিতিয়েছিলেন পাঞ্জাবকে। সেই ম্যাচের পরই আরজে মাহভাশের সঙ্গে তাঁর সম্পর্কে সিলমোহর পড়ে গিয়েছিল বলে অনেকে মনে করেন।
ওই ম্যাচের পর ম্যাচের পর ইনস্টাগ্রাম স্টোরিতে মাহভাশ লেখেন, ‘তুমি কত্ত প্রতিভাবান! এই জন্যই তো তুমি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী!!! অসম্ভব!’ সঙ্গে কাঁদতে থাকা একটি ইমোজি। সেই অশ্রু যে আনন্দাশ্রু সে কথা বলাই বাহুল্য। সঙ্গে নিজেদের ঘনিষ্ঠ ছবিও দেন।
এরপর দু'জনকে একসঙ্গে দেখে নেটদুনিয়া ধরেই নিয়েছিল, ধনশ্রীর সঙ্গে যন্ত্রণার অতীত ভুলে এবার নতুন সম্পর্কে জড়াচ্ছেন চাহাল। নাইট ম্যাচের পর থেকে মাহভাশ এবং চাহালের ঘনিষ্ঠতা আরও বেশি করে ধরা পড়তে থাকে আমজনতার নজরে। গোটা আইপিএলেই মাহভাশ ছিলেন পাঞ্জাব কিংস স্কোয়াডের সঙ্গে। কখনও টিম বাস, কখনও টিমের গেট টুগেদার-সর্বত্রই মাহভাশের উপস্থিতি।
Published By: Prasenjit DuttaPosted: 05:24 PM May 18, 2026Updated: 05:24 PM May 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
