Advertisement
সলমনের বৃহস্পতি তুঙ্গে! 'ফ্যামিলি ম্যান' পরিচালকের ছবিতে সুপারহিরোর চরিত্রে ভাইজান
জানুয়ারি মাসের গোড়ার দিকেই ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল যে, রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডিকে’র সঙ্গে দেখা করেছেন সলমন খান। এবার বলিউডে আরও জব্বর খবর!
বিগত কয়েক বছরের মন্দা কেরিয়ার কাটিয়ে এবার ছাব্বিশ সালের শুরু থেকেই যে সলমন খানের বৃহস্পতি তুঙ্গে, তা বললেও অত্যুক্তি হয় না। টিনসেল টাউনে জব্বর খবর! এবার নাকি ‘ফ্যামিলি ম্যান’ পরিচালকদ্বয় ‘রাজ অ্যান্ড ডিকে’র সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সলমন খান।
সম্প্রতি ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর ঝলক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছেন। নতুন বছরে আলোচনা, সমালোচনার শীর্ষে সলমন খানের দেশাত্মবোধক সিনেমা। এমনকী চিন পর্যন্ত ‘গালওয়ানে’র ঝলক দেখে নড়েচড়ে বসেছে। এমন আবহেই চর্চায় ভাইজানের নতুন সিনেমা।
জানুয়ারি মাসের গোড়ার দিকেই ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল যে, রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডিকে’র সঙ্গে দেখা করেছেন সলমন খান। তার পর থেকেই বিনোদুনিয়ার 'টক অফ দ্য টেবিল' সুপারস্টারের খানের নয়া ছবির চরিত্র। ফিসফাস ছিলই। কিন্তু এবার যা জানা গেল, তাতে অনুরাগীমহলে যে ঝড় উঠবে, তা হলফ করে বলা যায়।
জানা গিয়েছে, ‘ফ্যামিলি ম্যান’ পরিচালকদ্বয় ‘রাজ অ্যান্ড ডিকে’র নতুন সিনেমায় অ্যাকশন অবতারে ধরা দেবেন সলমন খান। সেই নয়ের দশক থেকে শুরু করে বছর কয়েক আগে 'টাইগার', 'দাবাং'-এর মতো ভরপুর অ্যাকশন সিনেমায় ধরা দিয়েছেন অভিনেতা। তবে এবার শুধু অ্যাকশন অবতার নয়। রয়েছে আরও বড় টুইস্ট!
দু'তরফে প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর। নতুন সিনেমার চিত্রনাট্যও বেশ মনে ধরেছে সলমনের। কৌতুকের মোড়কে এই অ্যাকশন ছবিতে সলমনকে ঠিক কোন ভূমিকায় তুলে ধরবেন রাজ অ্যান্ড ডিকে জুটি? কৌতূহল অস্বাভাবিক নয়।
জানা গেল, হলিউডের ব্লকবাস্টার হ্যানকক-এর মতোই সিনেমা তৈরি করতে চলেছেন তাঁরা। আর সেখানেই ত্রাতা সুপারহিরোর ভূমিকায় দেখা যাবে সলমনকে। কীরকম?
আভাস মিলল, পৃথিবীকে বাঁচানোর কাজ থেকে অবসর নিতে চান সলমনকে নিয়ে ভাবা চরিত্রটি। কারণ বারবার একই কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু পরিস্থিতি তাকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না। এমতাবস্থায় সুপারহিরোর রোলে কী খেল দেখাবেন সলমন?
সেই গল্পই ফুটিয়ে তুলবেন ‘ফ্যামিলি ম্যান’ পরিচালকদ্বয় ‘রাজ অ্যান্ড ডিকে’। জানা গেল, ২০২৬ সালের এপ্রিল মাসে সইসাবুত করবেন ভাইজান। আর নভেম্বর মাসে শুরু হবে শুটিং।
কানাঘুষো, ভাইজান অমত না করলেও চূড়ান্তভাবে সম্মতি দেননি। তার আগে চিত্রনাট্যে নিজের মতো করে কিছু ‘ট্যুইস্ট’ যোগ করতে চাইছেন তিনি। এদিকে পরিচালকদ্বয়ও সিনেমাটিকে বড় পরিসরে আনার পরিকল্পনা করছেন। এবার বাকিটা আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা।
আপাতত চিত্রনাট্যে শান দেওয়ার কাজ চলছে বলে জানা গেল। আর এই গুঞ্জন সত্যি হলে যে ছাব্বিশ সালে সলমনের মন্দা ফিল্মি কেরিয়ারের মোড় ঘুরতে চলেছে, তা বলাই বাহুল্য। কারণ এর আগে ‘ফ্যামিলি ম্যান’, ‘ফরজি’, ‘সিটাডেল: হানি বানি’র মতো একাধিক সফল প্রজেক্ট তৈরি হয়েছে এই রাজ অ্যান্ড ডিকে জুটির হাত ধরেই। এবার তাঁদের ফ্রেমে অ্যাকশন অবতারে ভাইজানকে কেমন লাগবে? নজর থাকবে সেদিকে। (ছবি- সংগৃহীত)
Published By: Sandipta BhanjaPosted: 09:51 PM Mar 05, 2026Updated: 09:51 PM Mar 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
