Advertisement
বিশ্বকাপে টিম হোটেলে স্ত্রী-প্রেমিকা নিয়ে থাকতে পারবেন সূর্য-হার্দিকরা? বড় পদক্ষেপ বোর্ডের
টিম ম্যানেজমেন্টের আর্জিতে কী জানাল বিসিসিআই?
আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। একতরফা জয় হয়তো আসেনি, তবে ঠিক সময়ে জ্বলে উঠেছেন সূর্যকুমাররা। তারপরই 'দুঃসংবাদ' টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জন্য। গোটা বিশ্বকাপে পরিবারের সঙ্গে থাকা হবে না সূর্যদের।
দেশের মাটিতে বিশ্বকাপ। শুধু ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তার আগে দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে লড়াই। ইতিমধ্যে টিম ম্যানেজমেন্ট থেকে ভারতীয় বোর্ডের কাছে বিশেষ আর্জি জানানো হয়েছিল।
যেখানে ম্যানেজমেন্ট চেয়েছিল বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারের পরিবারের সদস্যরা যেন তাঁদের সঙ্গে থাকতে পারে। বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের কাছেও সেই আর্জি করা হয়। কিন্তু সেই দাবি পত্রপাঠ খারিজ হয়ে যায়।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক সূত্র বলেন, "টিম ম্যানেজমেন্ট বোর্ডকে জিজ্ঞেস করেছিল, বিশ্বকাপের সময় স্ত্রী ও বাগদত্তারা সঙ্গে থাকতে পারবেন কি না। কিন্তু বোর্ড সেই অনুরোধ মানতে রাজি হয়নি। তবে তাঁরা চাইলে পরিবারের জন্য আলাদা ব্যবস্থা করতে পারেন।"
ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অবিবাহিতের সংখ্যা নেহাত কম নয়। তবে রিঙ্কু সিংয়ের বাগদান হয়ে গিয়েছে প্রিয়া সরোজের সঙ্গে। বংশিকার সঙ্গে বাগদান হয়ে গিয়েছে কুলদীপ যাদবের। আবার হার্দিক পাণ্ডিয়ার বান্ধবী মাহিকা শর্মা যথেষ্ট পরিচিত মুখ।
তবে তিলক বর্মা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, অভিষেক শর্মারা এখনও 'সিঙ্গেল'। আবার অনেককে নিয়ে জল্পনা রয়েছে। যেমন ঈশান কিষানের সঙ্গে অদিতি হুণ্ডিয়ার সম্পর্ক নিয়ে কম চর্চা হয় না।
এদের মধ্যে কিছুটা ব্যতিক্রম জশপ্রীত বুমরাহ। তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন ক্রীড়া সঞ্চালক। বিশ্বকাপেও ধারাভাষ্য ও সঞ্চালনার দায়িত্বে আছেন। তবে বিশ্বকাপে থাকলেও বুমরাহর সঙ্গে থাকতে পারবেন না সঞ্জনা। অন্যদিকে সূর্যকুমারের স্ত্রী দেবিশা শেট্টি কিংবা শিবম দুবের স্ত্রী অঞ্জুম খানও থাকতে পারবেন না।
যদিও এই 'শাসনবিধি' নতুন কিছু নয়। ২০২৪ সালে অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়-উত্তর পর্বে ভারতীয় টিমের জন্য দশ দফা শাসনবিধি জারি করে ভারতীয় বোর্ড। যে শাসনবিধির আওতায় বিদেশ সফর চলাকালীন ক্রিকেটারদের স্ত্রী-পরিবারবর্গের দীর্ঘমেয়াদি থাকার উপর ‘নিষেধাজ্ঞা’কেও রাখা হয়েছে।
বোর্ডের নিয়মাবলী অনুযায়ী, বিদেশ সফর যদি পঁয়তাল্লিশ দিনের বেশি হয়, তা হলে ক্রিকেটারদের স্ত্রী-পরিবারবর্গরা সর্বোচ্চ দু’সপ্তাহ থাকতে পারবেন। বিদেশ সফর পঁয়তাল্লিশ দিনের কম হলে ক্রিকেটারদের পরিবারবর্গের থাকার মেয়াদ কমে দাঁড়াবে এক সপ্তাহ।
Published By: Arpan DasPosted: 04:57 PM Feb 10, 2026Updated: 04:57 PM Feb 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
