Advertisement
বিতর্কের পর মহারণে অ্যাডভান্টেজে পাকিস্তান! বিস্ফোরক 'স্বীকারোক্তি' ভারতীয় দলের কোচের
পাকিস্তান যে ম্যাচ খেলবে, আগেই জানত ভারতীয় শিবির।
বয়কট নাটক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি পাকিস্তান। এরপর নতুন করে কোনও নাটকীয় পরিস্থিতি তৈরি না হলে ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে সেই বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ।
তবে বয়কট নাটকের পর এই ম্যাচের গুরুত্ব ও উত্তাপ যে আরও বাড়বে, তা নতুন করে বলার নেই। এতদিন এই ম্যাচ নিয়ে নিশ্চয়তা ছিল। তবে কোথাও না কোথাও দুই শিবিরই জানত, পাক সরকারের সিদ্ধান্ত যে কোনও সময় বদলাতে পারে। ফলে ম্যাচ নির্ধারিত দিনেই আয়োজিত হবে।
সেই মতোই প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় দল। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতের কথায় অন্তত তেমনটাই মনে হচ্ছে। টিম ইন্ডিয়ার সহকারী কোচ বলছেন, "আমাদের যেহেতু কিছু বলা হয়নি, তাই আমরা ধরে নিয়েছিলাম ম্যাচটা খেলতে হবে।"
দুশখাতের কথায়, "দেখুন যতদিন না আমাদের সরকারিভাবে বলা হচ্ছে ম্যাচটা হবে না ততদিন আমরা জানতাম যে কিছুই বদলায়নি। আমরা ধরে নিয়েছিলাম ম্যাচটা হবে।" তাঁর কথায়, "আমরা রাজনীতি থেকে নিজেদের দূরে রাখতে চাই। আমাদের মূল ফোকাস শুধু ক্রিকেটে।"
দীর্ঘ টানাপোড়েনের পর যে ম্যাচটা হচ্ছে, তাতে এগিয়ে কারা? এমনিতে খাতায় কলমে গোটা টুর্নামেন্টেরই ফেভারিট দল ভারত। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই টিম ইন্ডিয়া ধারেভারে পাকিস্তানের থেকে এগিয়ে। সেই হিসাবে এই ম্যাচেও ফেভারিট হিসাবে নামার কথা ভারতেরই।
কিন্তু রায়ান টেন দুশখাতে বলছেন অন্য কথা। তিনি বরং ঘুরিয়ে দাবি করছেন, এই মেগা ম্যাচে খানিকটা বাড়তি সুবিধা পাচ্ছে পাকিস্তানই। সেটার কারণও ব্যাখ্যা করছেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ। তিনি বলছেন, পাকিস্তান যেহেতু সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে, সেটাই তাদের অ্যাডভান্টেজ।
দুশখাতের কথায়, "কলম্বোতে গিয়ে ম্যাচটা খেলাটা বেশ কঠিন হবে আমাদের জন্য। বিশেষ করে পাকিস্তান সেখানে দু'সপ্তাহ ধরে রয়েছে, ফলে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে।" তবে ভারত নিজেদের সেরাটা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।
বস্তুত দুশখাতে যে আশঙ্কার কথা বলছেন, সেটা অস্বীকার করার উপায় নেই। ভারতকে নিজেদের ম্যাচগুলি খেলতে হচ্ছে আলাদা আলাদা মাঠে। তাছাড়া একদেশ থেকে আরেক দেশেও খেলতে যেতে হচ্ছে। সেখানে বিশ্বকাপের অধিকাংশ বড় দলই একই ভেন্যুতে নিজেদের ম্যাচ খেলছে। পাকিস্তানও তাই। ফলে কিছুটা অ্যাডভান্টেজ পাকিস্তান পাবে। তবে ভারতীয় দল যা ফর্মে, তাতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।
এসবের মধ্যে আবার চোট আঘাতজনিত সমস্যায় ভুগছে ভারত। ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, যশপ্রীত বুমরাহররা প্রথম ম্যাচে খেলতে পারেননি। এবার শোনা যাচ্ছে টি-২০ ক্রিকেটের ‘ফার্স্ট বয়’ অভিষেক শর্মাও দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত। বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর ব্যাট কথা বলেনি। এমনকী, প্রথম ওভারে আউট হয়ে যাওয়ার পর তিনি আর মাঠে ফেরেননি। ফিল্ডিংও করেননি। শোনা যাচ্ছে, প্রথম ম্যাচেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি।
Published By: Subhajit MandalPosted: 09:19 PM Feb 10, 2026Updated: 09:19 PM Feb 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
