Advertisement
এই গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে আঁকা যৌনাঙ্গ, কারণ জানলে অবাক হবেন!
এমনটা যে কেউ নেহাত অসভ্য ইয়ার্কির ছলে এঁকে দিয়ে গিয়েছে, তা কিন্তু নয়। রীতিমতো কলকা-নকশা করে যত্নে আঁকা যৌনাঙ্গটি।
ধরা যাক, পাহাড়ে বেড়াতে এসে সাইট-সিয়িংয়ে বেরিয়েছেন। রোদ ঝলমলে দিন, সামনে বিস্তৃত সবুজ মাঠ, মাঝেমধ্যে পাহাড়ি ধাঁচে তৈরি ছোট বাড়ি। হঠাৎই বাড়ির গায়ে আঁকা আল্পনায় চোখ যেতে চমকে উঠলেন। কিংবা বলা ভালো, ভিরমি খেলেন একপ্রকার! চোখ কচলে আবার দেখলেন… উঁহু, যা দেখছেন এক্কেবারে ঠিক। বাড়ির গায়ে আঁকা রয়েছে পেল্লাই আকারের পুরুষ যৌনাঙ্গ!
এমনটা যে কেউ নেহাত অসভ্য ইয়ার্কির ছলে এঁকে দিয়ে গিয়েছে, তা কিন্তু নয়। রীতিমতো কলকা-নকশা করে যত্নে আঁকা যৌনাঙ্গটি।
এ অবস্থায় চারিদিকে চোখ ঘোরালেই দেখতে পাবেন, এলাকার প্রতিটি বাড়ির গায়েই আঁকা এক বা একাধিক এমন আকৃতি। স্থানীয়দের এ নিয়ে ছুঁৎমার্গের প্রশ্নই উঠছে না। বরং ছবিতে কে কত বেশি শৈল্পিক ছোঁয়া দিতে পেরেছে, তা যেন এক প্রতিযোগিতা!
এ যে নিছক গল্পকথা নয়, সে বিষয়ে নিশ্চিত হতে আপনাকে চলে যেতে হবে ভুটানের সপসোখা গ্রামে। পুনাখা উপত্যকায় অবস্থিত এই নিরিবিলি গ্রাম। সেখানের প্রতিটি বাড়ি, প্রতিষ্ঠান, এমনকী মন্দিরের গায়েও আঁকা রয়েছে পুরুষ গোপনাঙ্গ।
নানা রঙের, নানা আকারের। কোনওটির গায়ে রংবেরঙা ফিতে, কোনওটির গায়ে আবার জুলজুলে চোখ! পর্যটকদের অবাক লাগলেও, ‘পেনিস ভিলেজ’ সপসোখার মানুষের কাছে তা অত্যন্ত স্বাভাবিক। আড়ষ্ট যৌনতাবোধ নয়, বরং ধর্মীয় আঙ্গিক জুড়ে রয়েছে এ চিহ্নের সঙ্গে।
কথিত রয়েছে, ১৫ শতকের কাছাকাছি দ্রুকপা কুনলে নামের এক বৌদ্ধ সন্তের আবির্ভাব ঘটে। বৌদ্ধ ধর্ম প্রচার করেন তিনি। তাঁর ব্যবহৃত প্রতীকের মধ্যে মুখ্য এই পুরুষ যৌনাঙ্গ।
সপসোখায় দ্রুকপা কুনলের উদ্দেশ্যে তৈরি চিমি লাখাং মনেস্ট্রিতে রয়েছে এই আকারেরই এক কাঠের মূর্তি। স্থানীয় বিশ্বাস, মূর্তির মাথা ছুঁলে সন্তানসম্ভবা হন নারী। তাই সন্তানলাভের আশায় বহুদূর থেকে মানুষ আসেন এই মনেস্ট্রিতে।
ফেরার পর যদি সন্তানের জন্ম হয়, তখন অবশ্য সন্তান-সমেত বাবা-মাকে আবারও আসতে হয় মনেস্ট্রিতে, দ্রুকপার আশীর্বাদ নিতে। সপসোখা থেকে শুভেনিয়র হিসেবেও কিনে আনা যায় কাঠের ‘পেনিস’।
Published By: Sulaya SinghaPosted: 08:50 PM Feb 10, 2026Updated: 08:50 PM Feb 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
