Advertisement
'যুবশক্তির জয়', নিট কেলেঙ্কারিতে ধর্মেন্দ্রর ইস্তফা, ছাত্রদের 'স্যালুট' জানালেন টলি-বলির কোন তারকারা?
নিট কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর ইস্তফায় দেশজুড়ে যুবপ্রজন্মের উল্লাস। উচ্ছ্বাসের জোয়ার টলিউড, বলিউড, দক্ষিণী সেলেবমহলেও।
ব্যাপক বিতর্ক, জনরোষের মুখে পড়ে অবশেষে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ‘ককরোচ জনতা পার্টি’র মুখ্য দাবি পূরণ হলেও এখনই যন্তর মন্তর ছাড়তে নারাজ আরশোলারা। শিক্ষামন্ত্রীর ইস্তফায় দেশজুড়ে যুবপ্রজন্মের উল্লাস। সুর চড়াল সেলেবমহলও। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরই ছাত্রদের জয়গান গেয়ে অঞ্জন দত্তের মন্তব্য, "শিক্ষার্থীদের জন্য এক বিরাট বিজয়। গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক বিশাল বিজয়। স্যালুট।"
বিক্ষুব্ধ পড়ুয়াদের সমর্থনে সুর চড়িয়ে একরাতে শয়ে শয়ে অনুসরণকারী হারিয়েছিলেন বিজয় ভার্মা। এবার নেট কেলেঙ্কারিতে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ব্যক্তিগত সোশাল মিডিয়া অ্যাকাউন্টে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ছবি পোস্ট করে রসিক খোঁচা অভিনেতার! ফিল্মি সংলাপ ধার করেই বিজয় লিখেছেন, 'আচ্ছা, চলতা হু দুয়াও ম্যায় ইয়াদ রাখনা।' শুধু তাই নয়, সলমনের কথা ধার করে সোনমকেও শুভেচ্ছা জানিয়েছেন বিজয়। লিখেছেন- 'সোনম ইটস ডান ব্রো।'
জীতু কমলের মন্তব্য, "সর্বোপরি, ভারতের যুবশক্তিরই জয় হলো। কেন্দ্রীয় সরকার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল। ভালো কে ভালো বলার অভ্যেস করতেই হবে।" পাশাপাশি বাংলার শাসক দলের বিধায়কদেরও খোঁচা দিয়েছেন তিনি। জীতুর সংযোজন, "আশা করি, পশ্চিমবঙ্গের নেতারা তাদের সুপারফিসিয়াল মনোভাব, বিশেষ করে কিছু খুদে-খুদে বিধায়াকদের সেই উপরিভাসী আচরণ পরিত্যাগ করে মানুষের পাশে দাঁড়াবেন।... ক্ষমতাকে নয়, মানুষের সেবাকেই অগ্রাধিকার দিন।"
গোড়া থেকেই দিল্লির পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে সরব বিরসা দাশগুপ্ত। এবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর উল্লাসের সঙ্গে সে খবর ভাগ করে নিয়ে পরিচালকের মত, "কফিনে প্রথম পেরেক। দীর্ঘজীবী হোক শিক্ষার্থীরা।" সেই পোস্টে স্ত্রী অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীকেও ট্যাগ করেছেন বিরসা।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর যন্তর মন্তরের এখনকার জয়োল্লাসের মুহূর্ত একের পর এক ইনস্টা স্টোরিতে ভাগ করে নিয়েছেন সোনাক্ষী সিনহা। আন্দোলনরত পড়ুয়াদের হাসিমুখ, উচ্ছ্বাসের ভিডিও পোস্ট করে নায়িকার মন্তব্য, 'ভাই এ কী করে ফেললে তোমরা।' পাশাপাশি দেশের যুবপ্রজন্মকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
যে কোনও রাজনৈতিক বা সামাজিক ইস্যুতে ঋত্বিক চক্রবর্তীর পোস্ট বিস্ফোরণে বরাবরই সরগরম থাকে সোশাল পাড়া। পড়ুয়া আন্দোলনের সমর্থনে সুর চড়িয়েছিলেন। এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগে কতিপয় শব্দে টলিউড অভিনেতার উল্লাস, "রাজনীতিতে জনগণ জিতলে সবথেকে বেশি আনন্দ হয়।"
মার্কিন মুলুকে থাকলেও দেশের জ্বলন্ত ইস্যু নিয়ে বরাবর খোঁজখবর রাখেম প্রিয়াঙ্কা চোপড়া। যদিও নিট কেলেঙ্কারি কিংবা ছাত্র আন্দোলনের আবহে 'টুঁ' শব্দটি করেননি, তবে 'ককরোচ'দের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিতেই 'দেশি গার্ল' নিজস্ব অবস্থান স্পষ্ট করলেন। ভাইরাল সোশাল মিডিয়া পোস্টের মন্তব্যবাক্সে এই খবরে উল্লাস প্রকাশ করে ছাত্রদের জন্য ভালোবাসা উজাড় করে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
'ককরোচ' ইস্যুতে গোড়া থেকেই কেন্দ্রের অবহেলার অভিযোগ তুলে সরব হয়েছিলেন সময় রায়না। বিক্ষুব্ধ পড়ুয়াদের ন্যায্য দাবিদাওয়া নিয়েও সুর চড়ান কৌতুকশিল্পী। এবার ধর্মেন্দ্রর ইস্তফা-পোস্ট ভাগ করে নিয়ে ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে সময়ের বক্তব্য, "শিক্ষার্থীরা আরও শক্তিশালী হোক।"
রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনের আঁচ দেশের বাকি রাজ্যগুলির মতো কলকাতাতেও এসে পড়েছে। শুক্রবারই 'ককরোচ' বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয় ধর্মতলা। যেখানে শ্রীলেখা মিত্র, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রাও যোগ দেন। তার চব্বিশ ঘণ্টা বাদেই 'আরশোলা'দের প্রধান দাবি মেনে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। যুবপ্রজন্মের জয়গান গেয়ে সুদীপ্তা চক্রবর্তীর মত, 'জেন জি-ই পারলো। জেন জি-ই পারবে। জয় হিন্দ।'
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে 'গণতন্ত্রের জয়' বলে উল্লেখ করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শিক্ষামন্ত্রীর ইস্তফার ঘটনায় সকল আন্দোলনকারীকে অভিনন্দন জানিয়েছেন সোনম ওয়াংচুক। এমন আবহে উল্লাসের জোয়ারে ভেসে বাংলা গানের লাইন ধার করে টলিউড অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের রসিক মন্তব্য, 'অবশেষে ভালোবেসে চলে গেলেন ধর্মেন্দ্র প্রধান।'
'ককরোচ জনতা পার্টি'র নেতৃত্বে রাজধানীতে আন্দোলনরত পড়ুয়াদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন প্রকাশ রাজ। সংসদ অভিযানের দিন আম্বেদকরের সংবিধান হাতে আন্দোলনকারীদের হয়ে কেন্দ্রের উদ্দেশে তোপও দাগেন অভিনেতা। এবার শিক্ষামন্ত্রীর পদত্য়াগের পরই সোনম ওয়াংচুক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রকাশ রাজের মন্তব্য, "আপনারা প্রমাণ করলেন যে, একটি শাসনব্যবস্থাকেও আপনারা নতজানু করতে পারেন।"
Published By: Sandipta BhanjaPosted: 05:37 PM Jul 25, 2026Updated: 05:38 PM Jul 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
