Advertisement
মানসিক উদ্বেগ কমাবে গয়না, বাজার কাঁপাচ্ছে 'অ্যান্টি অ্যাংজাইটি জুয়েলারি'
সত্যিই কি গয়না উদ্বেগ দূর করতে পারে?
গয়না পছন্দ করেন না, এমন মহিলার সংখ্যা হাতেগোনা। জেন জি-র অবশ্য সাজগোজের স্বাদ অন্যরকম। তবে গয়না এখন আর শুধু সাজগোজের অংশ নয়। তা নিয়ে নাকি দূর করা যায় মানসিক উদ্বেগও। আপাতত বাজার কাঁপাচ্ছে 'অ্যান্টি অ্যাংজাইটি জুয়েলারি'।
একসময় মানসিক স্বাস্থ্য়ই ছিল সবচেয়ে বেশি উপেক্ষিত। ভাবতেন না কেউ। তবে বর্তমানে মন নিয়ে ভাবনাচিন্তা বেড়েছে বেশ খানিকটা। বিশেষত জেন জি মানসিক স্বাস্থ্যের প্রতি যথেষ্ট ওয়াকিবহাল। তাই তারা এখন মানসিক চাপ ও উদ্বেগ দূর করতে শুধু মনোবিদই নয়। 'অ্যান্টি অ্যাংজাইটি জুয়েলারি'রও সাহায্য নিচ্ছে।
মানসিক উদ্বেগ দূর করতে জেন জি-র কেউ কিনছে স্পিনার রিং। আবার কারও গলায় শোভা পাচ্ছে ব্রিদিং পেন্ডেন্ট। তার ফলে দুশ্চিন্তা দূর হচ্ছে। তাই আজকের তরুণ প্রজন্ম অনলাইনে বিপুল পরিমাণে 'অ্যান্টি অ্যাংজাইটি জুয়েলারি' কিনছে। অফলাইনেও অনেকে এই ধরনের গয়না কিনছে।
স্পিনার রিং হল এমন এক ধরনের আংটি যার বাইরের অংশটি ভিতরের ব্যান্ডের চারপাশে অনায়াসে ঘুরতে পারে। সাধারণত এই আংটিটি তর্জনীতে পরা হয়। এটি আঙুল দিয়ে ঘোরানোর মাধ্যমে স্নায়ুর চাপ প্রশমিত করা যায়। মনোযোগ বৃদ্ধিতেও সহায়তা করে স্পিনার রিং। আবার ব্রিদিং পেন্ডেন্ট দেখতে ছোট, ফাঁপা নলের মতো। তার সাহায্যে স্নায়ুতন্ত্র শান্ত হয়। দ্রুত মানসিক চাপ কমে।
শুধু ব্রিদিং পেন্ডেন্ট কিংবা স্পিনার রিংই নয়। অ্যারোমাথেরাপি ব্রেসলেটও অনেকে মানসিক চাপ কমাতে ব্যবহার করেন। বিভিন্ন পাথর এবং তেল দিয়ে তৈরি এই ধরনের ব্রেসলেট এখন ফ্যাশনে ইন। হাতে দেখা যায় বহু তরুণীর। অনলাইন এবং অফলাইন দেদার বিকোচ্ছে অ্যারোমাথেরাপি ব্রেসলেট। তবে আসল কিনা, তা খতিয়ে দেখে তবেই কিনুন।
নড়াচড়া করে এমন গয়নাকে কাইনেটিক জুয়েলারিও বলা হয়। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জার্মান স্বর্ণশিল্পী ফ্রিডরিখ বেকার এই ধরনের গয়না তৈরি করেছিলেন। সেই সময় কারুশিল্পের একটি অনন্য নিদর্শন ছিল এই গয়নাটি। মানসিক চাপ মোকাবিলার হাতিয়ার হিসাবেও ব্যবহার করা হত। সেই ধারাকে অবলম্বন করেই বর্তমানে স্পিনার রিং কিংবা ব্রিদিং পেন্ডেন্ট তৈরি করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।
Published By: Sayani SenPosted: 09:33 PM Jul 23, 2026Updated: 09:37 PM Jul 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
