Advertisement
অরুণ গোভিল থেকে জিতেন্দ্র, রণবীরের আগে রাম অবতারে 'ভক্তের ভগবান' হয়ে ওঠেন আর কারা?
একাধারে ধুরন্ধর ম্যাজিক তো অন্যদিকে রাম অবতারে রণবীরের ঝলক, যাকে বলে বিনোদনের ডবল ধামাকা। ইতিমধ্যেই প্রকাশ্যে হরধনু হাতে রণবীরের লুক। বলিউডের আসন্ন 'পিরিয়ড ড্রামা' নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে। সেই উত্তেজনা জিইয়ে রেখে এক নজরে দেখে নেওয়া যার রণবীরের আগে ধারাবাহিক ও সিনেমায় রাম অবতারে অবতীর্ণ হয়েছেন কারা।
'সাওয়ারিয়া' দিয়ে অভিনয়ে অভিষেক রণবীর কাপুরের। রোম্যান্টিক নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে পায়ের নীচের মাটি শক্ত করেন। 'ব্রহ্মাস্ত্র'-এর মতো ছবিতে রণবীরের ছকভাঙা অভিনয় দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। এরপর রাম অবতারে বড় পর্দায় তাঁকে দেখার অপেক্ষায় অগণিত ভক্ত। হরধনু হাতে রণবীরের আবির্ভাব ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়িয়েছে।
আজ থেকে প্রায় ৯২ বছর আগে কাপুর পরিবারেরই এক সদস্য ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছিলেন। সালটা ছিল ১৯৩৩। সেই বছর মুক্তি পেয়েছিল ‘সীতা’। সেখানেই ভগবান রামের চরিত্রে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর। যিনি সম্পর্কে রণবীরের প্রপিতামহ।
রামানন্দ সাগরের রামায়ণ ধারাবাহিকে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল। শান্ত, স্নিগ্ধ এবং সাবলীল অভিনয় দর্শকের হৃদয় গভীরভাবে স্পর্শ করে। মাঝে কেটে গিয়েছে অনেকগুলো বছর। আজও 'রাম' হিসেবেই প্রতিটি ঘরে পরিচিত অরুণ। দর্শক তো আজও তাঁকে বাস্তবের রাম হিসেবেই শ্রদ্ধা করেন। পর্দায় রামের ভূমিকায় বহু অভিনেতার আনাগোনার মাঝেও অরুণের অস্তিত্বটা যেন আজও সকলের থেকে একটু হলেও আলাদা।
আজ থেকে দীর্ঘ ২৪ বছর আগের কথা। ২০০২ সালের রামায়ণ ধারাবাহিকে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেন নিতীশ ভরদ্বাজ। তাঁর অভিনয় দর্শকের দরবারে বিপুল প্রশংসিত হয়। তাঁর অভিনয় আজও লোকমুখে ফেরে। নতুন প্রজন্মের দর্শকদের মনকেও রাম অবতারে নীতিশের অভিনয় গভীরভাবে প্রভাবিত করে।
রাম অবতারে নজর কেড়েছিলেন আরও এক অভিনেতা। তিনি গুরমিত চৌধুরী। ২০০৮ সালের রামায়ণ ধারাবাহিকে রামের চরিত্রে গুরমিতের অভিনয় আজও ভোলেনি দর্শক। ছোট পর্দায় তাঁর উপস্থিতি দর্শককে মুগ্ধ করত। একইসঙ্গে এই মেগা ছিল গুরমিত চৌধুরীর অভিনয় কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
একসময় জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় ছিল 'সিয়া কে রাম'। এখানে সীতার জীবনযাত্রাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। তবে রামের ভূমিকায় আশীষ শর্মার অভিনয় এই সিরিয়ালে যোগ করেছিল এক অন্য মাত্রা। গল্প বলার ধরণ ও দৃশ্যায়নের সৌন্দর্যের জন্য ধারাবাহিকটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
'রাম সিয়া কে লভ কুশ' ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করেছিলেন হিমাংশু সোনি। যেখানে পরবর্তী প্রজন্মের কাহিনি দর্শকের দরবারে তুলে ধরা হয়। তাঁর শান্ত ও সংযত অভিনয় প্রশংসিত হয় এবং মহাকাব্যের কম পরিচিত অংশগুলিকে উপস্থাপন করার জন্য ধারাবাহিকটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।
শ্রীমদ রামায়ণ ধারাবাহিকে রামের ভূমিকায় অভিনয় করেন সুজয় রেউ। তাঁর অভিনয়ে আধুনিকতার ছোঁয়া থাকলেও ঐতিহ্যের মাধুর্য কিন্তু হারিয়ে যায়নি। অসাধারণ দৃশ্যায়ন ও সাবলীল অভিনয়ের জন্য এই ধারাবাহিকটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল।
সালটা ছিল ১৯৯৭। সেই বছর বড় পর্দায় মুক্তি পেয়েছিল লভ কুশ। সেখানেই রামের চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র। তাঁর উপস্থিতি এই পৌরাণিক কাহিনিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। পারিবারিক সিনেমা হিসেবে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল জিতেন্দ্র অভিনীত এই ছবি।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল বিগ বাজেটের ছবি 'আদিপুরুষ'। রামের ভূমিকায় প্রভাসের অভিনয় দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। ভিএকএক্স সমালোচনা হলেও দক্ষিণী অভিনেতার অভিনয় প্রশংসিত হয়েছিল। প্রভাসের বিপরীতে সীতার চরিত্রে অভিনয় করেছিলেন বলি ডিভা কৃতী শ্যানন। আধুনিকতার মোড়কে রামায়ণের প্রাসঙ্গিকতা বজায় রেখেছিল 'আদিপুরুষ'।
Published By: Kasturi KunduPosted: 04:36 PM Apr 03, 2026Updated: 04:36 PM Apr 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
