Advertisement
পুতুল নেবে গো..., বিশ্বকাপ মশলায় নতুন মাত্রা, মেসি-রোনাল্ডোর 'খেলনা' নিয়ে উন্মাদনা তুঙ্গে
নতুন এই সংগ্রহ ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের কেনাকাটার তালিকায় জায়গা করে নিয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সেই আবহেই নতুন করে উন্মাদনা বিশ্বখ্যাত খেলনা নির্মাতা লেগো গ্রুপকে ঘিরে। ফুটবল থিমে একাধিক নতুন সেট বাজারে এনেছে সংস্থাটি।
সেখানে চমক হিসেবে থাকবে একটি ক্ষুদ্র স্টেডিয়াম। পাশাপাশি, আরেকটি সেটে লেগোর নিজস্ব নকশায় ফুটে উঠেছে বিশ্বকাপ ট্রফির আইকনিক রূপ। যা নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমী ও সংগ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বখ্যাত খেলনা নির্মাতা লেগো গ্রুপ এবার হাত মিলিয়েছে আধুনিক ফুটবলের চার মহাতারকার সঙ্গে। তাঁরা লিওলেন মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়স জুনিয়র। তাঁরা উন্মোচন করেছে নতুন 'লেগো এডিশন' সিরিজের।
প্রথমবারের মতো এই তারকাদের মিনি ফিগার আকারে তুলে ধরা হয়েছে। যা নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে। লিও মেসি আবার নিজের প্রোফাইলে সংস্থার বিজ্ঞাপন শেয়ারও করেছেন। সেখানে দেখা গিয়েছে, পাজেল নিয়ে চার ফুটবলারও পাজেল গেমে শামিল।
বিশ্বকাপকে ঘিরে লেগোর এই উদ্যোগ নতুন নয়। তবে এবারের সংগ্রহটি আরও বেশি সৃজনশীল। এর আগে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা এবং প্রায় ১,৫০০ টুকরোর একটি বিশেষ ডিসপ্লে ফুটবল (যার ভিতরে ছিল ক্ষুদ্র স্টেডিয়াম) বাজারে এনে প্রশংসা কুড়িয়েছিল সংস্থাটি।
'ক্রিয়েটিভ সকার কালচার'-এর ভাবনা থেকে তৈরি এই সিরিজ। সেখানে প্রত্যেক ফুটবলারের চেহারাই নয়, বরং তাঁদের কেরিয়ার ও ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে রাখা হয়েছে ভক্তদের জন্য বিশেষ উপহার।
এই সংগ্রহে মোট তিন ধরনের সেট রয়েছে। যা শিশু থেকে প্রাপ্তবয়স্ক - সব বয়সের সংগ্রাহকদের জন্যই উপযুক্ত। প্রথমত, 'ফুটবল হাইলাইটস' সেটে প্রত্যেক খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ মুহূর্তকে সিনেমাটিক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে।
নতুন এই সংগ্রহের অন্যতম আকর্ষণ হল প্রতিটি সেটের নকশা। যেখানে ফুটবলারদের নামের প্রথম অক্ষরের আকারে তৈরি বেস ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে ফুটবলারের জাতীয় দলের রং, জার্সি নম্বর - সবকিছুই তুলে ধরা হয়েছে।
এছাড়াও প্রতিটি সেটের সঙ্গে থাকছে সংশ্লিষ্ট ফুটবলারের আদলে তৈরি বিশেষ মিনি ফিগার, যা পুরো বিষয়টাকে সম্পূর্ণতা দিচ্ছে। ফলে শুধু সংগ্রহ নয়, বরং প্রিয় তারকার মুহূর্তকে নিজের হাতে গড়ে তোলার এক অনন্য অভিজ্ঞতা পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।
Published By: Prasenjit DuttaPosted: 06:35 PM Apr 02, 2026Updated: 06:43 PM Apr 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
