Advertisement
দুই 'চুক্তিহীন' তারকা, রায়না-ভাজ্জির থেকেও কম আয় যুবরাজের! এগারোর বিশ্বজয়ীদের রোজগার কত ছিল?
সেবার ধোনি-রায়নাদের কত পুরস্কার দিয়েছিল বোর্ড? ১৫ বছর পর ফিরে দেখা ২০১১ বিশ্বজয়ের খুঁটিনাটি।
২ এপ্রিল। ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক দিন। ঠিক ১৫ বছর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিহাস গড়ে বিশ্বজয় করেছিল্ ভারত। ২৮ বছর পর ওয়ানডে ক্রিকেটে বিশ্বজয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। ভারতের ক্রিকেট ইতিহাসে সেই জয় রীতিমতো মাইলস্টোন। সেটা শুধু ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, আর্থিক দিক থেকেও।
বিসিসিআই যে আজকের দিনে ক্রিকেট বিশ্বে মহীরুহ হয়ে উঠেছে, সেটার নেপথ্যেও খানিকটা অবদান রয়েছে ওই বিশ্বজয়ের। মজার কথা হল, সেই বিশ্বকাপ দলের একাধিক ক্রিকেটার সেসময় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিও ছিল না। ক্রিকেটারদের রোজগারের অঙ্কটাও বেশ কমই ছিল।
ভারতের বিশ্বজয়ী জয়ের সদস্য ছিলেন শচীন তেণ্ডুলকর। ষষ্টবারের চেষ্টায় ওয়ানডেতে বিশ্বজয়ের স্বপ্নপূরণ হয় তাঁর। টুর্নামেন্টে ভারতের টপ স্কোরারও ছিলেন মাস্টার ব্লাস্টার। বিশ্বকাপের সময় শচীন ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এ গ্রেডে ছিলেন। সেসময় এ গ্রেড চুক্তির জন্য মিলত এক কোটি টাকা। সেই সঙ্গে প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ৭ লক্ষ, ওয়ানডে ম্যাচের জন্য ৪ লক্ষ ও টি-২০ ম্যাচের জন্য ২ লক্ষ টাকা করে পাওয়া যেত।
শচীনের মতোই বোর্ডের সর্বোচ্চ ক্যাটিগরির চুক্তিতে ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। এমনিতে গোটা টুর্নামেন্টে সেভাবে মাহির ব্যাট কথা বলেনি, তবে ফাইনালে তিনিই বাজিমাত করেন। তাছাড়া গোটা টুর্নামেন্টে দুর্দান্ত অধিনায়কত্ব করেন। ধোনিরও সেবার কেন্দ্রীয় চুক্তি ছিল ওই ১ কোটি টাকার।
বীরেন্দ্র শেহওয়াগ বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দেন। তবে তারপর সেভাবে নজরকাড়া ইনিংস নজরে পড়েনি শেহওয়াগের ব্যাট থেকে। তবে সেসময় তিনি ভারতীয় দলের প্রতিষ্ঠিত তারকা এবং তিন ফরম্যাটের সদস্য। বিশ্বকাপের সময় তিনিও ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এ গ্রেডে ছিলেন।
শেহওয়াগের মতো তাঁর দিল্লির সতীর্থ গৌতম গম্ভীরও ছিলেন বোর্ডের শীর্ষ চুক্তিতে। অধুনা ভারতের হেডকোচ সেবারের টুর্নামেন্টে অন্যতম সেরা পারফর্মার। চারটি হাফসেঞ্চুরি করেন তিনি। গম্ভীরের সঙ্গেও বোর্ডের চুক্তি ছিল বার্ষিক ১ কোটি টাকার।
২০১১ বিশ্বকাপের শুরুর দিকে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন না রায়না। সেটা দলের কম্বিনেশনের স্বার্থে। কিন্তু রায়না সেসময় প্রতিষ্ঠিত তারকা। বিশ্বকাপেও একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস রয়েছে তাঁর। সেবার রায়নাও ছিলেন বোর্ডের এ গ্রেডের চুক্তিতে।
হরভজন সিং ২০১১ বিশ্বকাপের নিয়মিত সদস্য। সেসময় টিম ইন্ডিয়ার পয়লা নম্বর স্পিনার ছিলেন তিনিই। সেই হরভজনকেও বোর্ড ১ কোটি টাকার চুক্তিতেই রেখেছিল। বিশ্বকাপে একাধিক ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স করেন তিনি।
জাহির খান ছিলেন ২০১১ বিশ্বকাপে ভারতীয় দলের পেস বিভাগের মূল ভরসা। সেবার ভারতের এবং গোটা টুর্নামেন্টের যুগ্ম সর্বাধিক উইকেট শিকারি তিনিই ছিলেন। জাহির পান ২১ উইকেট। টিম ইন্ডিয়ার তৎকালীন সেরা পেসার বোর্ডের সঙ্গে বার্ষিক ১ কোটি টাকায় চুক্তিভুক্ত ছিলেন।
২০১১ বিশ্বকাপে ভারতের সেরা তারকা ছিলেন যুবরাজ সিং। কিন্তু বিশ্বকাপের আগে তাঁর ফর্ম ভালো ছিল না। তাছাড়া টেস্টে তিনি সেসময় দলে ছিলেন না। তাই যুবরাজকে রাখা হয়েছিল বি গ্রেডে। তাঁর বার্ষিক চুক্তি ছিল ৫০ লক্ষের। তবে ম্যাচ ফি'র ক্ষেত্রে এ গ্রেডের মতোই টেস্ট ম্যাচের জন্য ৭ লক্ষ, ওয়ানডে ম্যাচের জন্য ৪ লক্ষ ও টি-২০ ম্যাচের জন্য ২ লক্ষ টাকা করেই পেতেন।
Published By: Subhajit MandalPosted: 05:24 PM Apr 02, 2026Updated: 05:24 PM Apr 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
