Advertisement
আইপিএলই সোনার ডিম পাড়া হাঁস! বছরে ৫৭৬১০০০০০০০ আয়, কী কী ভাবে আয় ভারতীয় বোর্ডের?
পরিসংখ্যান বলছে, ভারতীয় বোর্ডের এই বৈভব-প্রতিপত্তি সবই আদতে আইপিএলের জন্য। প্রত্যেক বছর স্রেফ আইপিএল থেকেই অর্ধেকের বেশি আয় করছে ভারতীয় বোর্ড।
বিসিসিআই। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট। বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড। পরিসংখ্যান বলছে, ভারতীয় বোর্ডের এই বৈভব-প্রতিপত্তি সবই আদতে আইপিএলের জন্য। প্রত্যেক বছর স্রেফ আইপিএল থেকেই অর্ধেকের বেশি আয় করছে ভারতীয় বোর্ড।
১৯ বছর ধরে চলছে আইপিএল। প্রথমদিকে জাঁকজমক অনেকখানি খানিকটা ফিকে হয়ে গেলেও টুর্নামেন্টের জনপ্রিয়তা বরাবর উর্ধ্বমুখী। কেবল ভারত নয়, অন্যান্য দেশেও যথেষ্ট জনপ্রিয় আইপিএল। সেখান থেকেই চড়চড়িয়ে বাড়ছে আইপিএলের উপার্জন।
অনেকেই আইপিএলকে 'টাকার খেলা' বলে কটাক্ষ করেন। বাস্তবেও অবশ্য আইপিএলের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার কোটি টাকা। সম্প্রচার সত্ত্ব, স্পনসরশিপ, টিকিট বিক্রি-নানা পন্থায় উপার্জন হয় আইপিএলে।
২০২৩-২৪ অর্থবর্ষের পরিসংখ্যান বলছে, বিসিসিআইয়ের বার্ষিক আয় ছিল ৯ হাজার ৭৪১ কোটি টাকা। তার মধ্যে ৫ হাজার ৭৬১ কোটিই এসেছিল আইপিএল থেকে। অর্থাৎ মোট আয়ের ৫৯ শতাংশ আইপিএল থেকে এসেছে বোর্ডের কোষাগারে।
আইপিএলের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টুর্নামেন্টের মূল্যও। প্রত্যেক বছর অন্তত ১৩ শতাংশ করে বেড়ে আপাতত আইপিএলের ব্যবসায়িক মূল্য ১.৬ লক্ষ কোটি। মেগা টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালুও ৩৩ হাজার কোটিতে পৌঁছে গিয়েছে।
ভারতীয় লিগের এত 'দাম' বাড়ছে কী করে? মূলত তিনটি প্রধান কারণ রয়েছে এর নেপথ্যে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল সম্প্রচার সত্ত্ব। আইপিএলের টিভি ব্রডকাস্টের দায়িত্বে রয়েছে স্টার স্পোর্টস। ওটিটি প্ল্যাটফর্মে ম্যাচ সম্প্রচার করে ভায়াকম ১৮।
দর্শকদের কাছে বরাবরই আইপিএলের আকাশছোঁয়া চাহিদা। তাই আইপিএল সম্প্রচারের সত্ত্ব কেনার জন্যও হাড্ডাহাড্ডি লড়াই থাকে। ২০২৩-২৬ সালের সম্প্রচার সত্ত্ব বাবদ ৬৪০ কোটি ডলার ঢুকেছে বোর্ডের কোষাগারে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা।
এই বিপুল অর্থের ৫০ শতাংশ যায় বিসিসিআইয়ের কোষাগারে। বাকি অর্থ ভাগ করে দেওয়া হয় টিমগুলির মধ্যে। প্রত্যেক বছরেই দর্শকসংখ্যার নিরিখে নতুন উচ্চতায় পৌঁছে যায় আইপিএল। তার সঙ্গেই হুহু করে বাড়ে সম্প্রচারমূল্য।
আইপিএলের স্পনসরশিপ থেকেও প্রত্যেক বছরে বিপুল অর্থ আসে। স্রেফ টাইটেল স্পনসরশিপ থেকেই প্রায় ১০০০ কোটি টাকা উপার্জন করে ভারতীয় বোর্ড। এছাড়াও নানা ক্ষেত্রের স্পনসরশিপ রয়েছে যেখান থেকে বিপুল আয় হয় বিসিসিআইয়ের।
Published By: Anwesha AdhikaryPosted: 05:10 PM Apr 02, 2026Updated: 05:10 PM Apr 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
