Advertisement
রণবীরময় 'রামায়ণে'র ঝলকে 'ব্রাত্য' সীতা, এ কেমন 'রাবণ'! বিতর্ক ভিএফএক্স নিয়েও
৪০০০ কোটি বাজেটের পিরিয়ড ড্রামা 'রামায়ণ'-এর টিজার প্রকাশ্যে আসতেই মাথা চাড়া দিল বিতর্ক!
হিন্দু মহাকাব্য কিংবা পুরাণ ভিত্তিক সিনেমার ক্ষেত্রে বিতর্ক বর্তমানে প্রায় জলভাত হয়ে দাঁড়িয়েছে! প্রভাসকে নিয়ে ৬০০ কোটি বাজেটের 'আদিপুরুষ' দেখিয়ে বেজায় বিপাকে পড়েছিলেন ওম রাউত। কিন্তু অতীত বিতর্ক থেকে শিক্ষা নিয়ে যথাযথভাবে 'রামায়ণ' চিত্রায়ণের প্রতিশ্রুতি দিয়েছিলেন নীতেশ তিওয়ারি। কতটা পারলেন? পয়লা ঝলক দেখে তারই চুলচেরা বিশ্লেষণে লিপ্ত হয়েছে দর্শকমহল।
২ এপ্রিল, হনুমান জয়ন্তী উপলক্ষে 'রামায়ণ'-এর প্রথম ঝলক উন্মোচন করলেন পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা। যে ৪০০০ কোটি বাজেটের পিরিয়ড ড্রামার ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। ২ মিনিট ৪০ সেকেন্ডের 'রামায়ণ' টিজারের প্রতিটা ফ্রেম এইমুহূর্তে নেটভুবনের আতশকাচে। রামের হরধনু উত্তোলন, বনবাস পর্ব থেকে সীতাহরণের দৃশ্যে নীতেশ ছক্কা হাঁকিয়েছেন ঠিকই, তবে এবারেও বিতর্ক এড়াতে পারেননি!
‘রামায়ণ’-এর বাজেট প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৪,০০০ কোটি টাকা। দেশের ইতিহাসে ইতিপূর্বে এত বেশি বাজেটে কোনও ছবি তৈরি হয়নি। সুতরাং, সে দিক থেকে দেখতে গেলে রণবীর কাপুরের ‘রামায়ণ’ই হতে চলেছে ভারতীয় সিনেমার মহার্ঘতম ছবি। কিন্তু পয়লা ঝলকে রণবীর কাপুরের লুক প্রশংসিত হলেও সিনেমার দৃশ্যায়ণে ভিএফএক্স নিয়ে আপত্তি তুলেছেন একাংশ।
দর্শক-অনুরাগীদের কথায়, সিজিআই-এর অতিরিক্ত ব্যবহারে কিছু দৃশ্য একেবারে ব্যঙ্গচিত্রের মতো ঠেকছে! কেউ বা আবার ঝলকে দেখানো অদ্ভূতদর্শন 'রাক্ষস সেনা'দের নিয়ে আপত্তি তুলেছেন। আসলে রামায়ণ-এ লঙ্কাসেনার উল্লেখ পাওয়া যায়, তার সঙ্গে নীতেশ তিওয়ারির সিনেমায় দেখানো ওই 'কিম্ভূত' প্রাণীর কোনও মিল নেই। সেই বিষয়টিও নজর এড়ায়নি দর্শকমহলের।
নিন্দুকরা বলছেন, ব্যবসার স্বার্থে 'রাম'রূপী রণবীর কাপুরকে যতই এগিয়ে দেওয়া হোক না কেন, তাতে কি আর 'শাক দিয়ে মাছ ঢাকা যায়?' কেউ কেউ তো আবার এও ভবিষ্যদ্বাণী করে ফেললেন যে, এই সিনেমা বক্স অফিসে খুব একটা সুবিধে করতে পারবে না! তবে বিতর্কের পাশাপাশি চর্চায় রণবীর কাপুরের লুক।
‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। রামের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন কাপুরনন্দন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করতে হয়েছে তাঁকে। ‘রামের সুমতি’তে জীবনযাপনেও বদল এনেছিলেন। আর সেই অভিনেতার কাস্টিং নিয়েই চরম বিতর্ক শুরু হয় গোড়ার দিকে।
বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পৌরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় রণবীরের অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। কখনও বা চর্চার শিরোনামে উঠে এসেছে অভিনেতার গোমাংস ভক্ষণ আবার কখনও বা অরুণ গোভিলের সঙ্গে তুলনা টেনে কাপুরনন্দনকে কটাক্ষ করা হয়েছে। তবে টিজার মুক্তির পর সেসব নিন্দুক, সমালোচকদেরই যোগ্য জবাব ছুঁড়লেন তিনি।
কাঁধ পর্যন্ত লম্বা চুল। কপালে রাজতিলক। গেরুয়া বসন। রামের অবতারে একপ্রকার ছক্কা হাঁকিয়েছেন সুপারস্টার কাপুর। কিন্তু টিজারে সীতা সাই পল্লবীকে না দেখতে পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন একাংশ। তাঁদের প্রশ্ন, 'রামায়ণ'-এর ঝলক তো রণবীরময়, কেন সীতা'কে ব্রাত্য রাখা হল? শুটিংয়ের সময়ে সেট থেকে ফাঁস হওয়া ছবিতে দক্ষিণী নায়িকার স্নিগ্ধ রূপ চোখ জুড়িয়েছিল। সেই প্রেক্ষিতেই টিজারে তাঁকে দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা।
কিন্তু প্রায় আড়াই মিনিটের ঝলকে কিনা মোটে একটি মাত্র দৃশ্যে সীতাকে রাখা হয়েছে। সেটাও আবার রামের চরিত্রের ব্যাকগ্রাউন্ড হিসেবে। 'ব্লার' করে। যেখানে লক্ষ্মণ আর সীতাকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। আর দৃশ্য নিয়েই আপত্তি তুলেছেন একাংশ। নিন্দুকদের প্রশ্ন, 'এবেলা সব হিন্দুত্ববাদীদের লম্ফঝম্প কোথায়?'
নীতেশ তিওয়ারির ফ্রেমে বলিউড-দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে ‘রামায়ণ’-এ বড় চমকের অপেক্ষায় ছিলেন দর্শক। কিন্তু পয়লা টিজার দেখে খানিক আশাহতই হয়েছেন তাঁরা। কারণ গোটা ঝলকে 'রাম' রণবীর ছাড়া আর কাউকেই সেভাবে দেখানো হয়নি। এমনকী 'কেজিএফ' স্টার যশকেও না। তবে দর্শকমহলের চর্চায় রাবণের পুষ্পকরথ। টিজারে যে 'উড়ান যান' দেখানো হয়েছে, সেটা আপাতত দাবানল গতিতে ভাইরাল।
শুধুমাত্র একটি দৃশ্যে পিছন থেকে 'রাবণ'রূপী যশকে দেখানো হয়। দক্ষিণী বলয় থেকেও বিষয়টি নিয়েও আপত্তি উঠেছে। কারণ হিন্দি-দক্ষিণী, উভয় বলয়ে ব্যবসার স্বার্থেই এহেন হাইভোল্টেজ স্টার কাস্ট রেখেছেন নির্মাতারা। সেখানে ঝলকে প্রাধান্য পেয়েছে শুধু বলিউড তারকা রণবীর। যদিও পরবর্তী টিজারগুলিতে সাই পল্লবী, যশের চরিত্রের সঙ্গে পরিচয় করানো হবে, তবে পয়লা ঝলকে দক্ষিণী শিল্পীদের গুরুত্ব না দেওয়ায় সমালোচনার শিকার 'রামায়ণ' নির্মাতারা।
Published By: Sandipta BhanjaPosted: 06:29 PM Apr 02, 2026Updated: 06:29 PM Apr 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
