Advertisement
পার্ক কিংবা ক্যাফেতে ডেটিং এখন সেকেলে, কলকাতার এই ১০ জায়গায় আরও জমবে প্রেম
সময় বের করে কোথাও প্ল্যান করে ফেলুন। ভালো সময় কাটিয়ে আসুন। তাতে দু'জনের সম্পর্কের বাঁধন হবে আরও শক্তপোক্ত।
৮টা-৫টার ঘড়ি বাঁধা চাকরি জীবন প্রায় অতীত। এখন বেশিরভাগ তরুণ-তরুণীর জীবন মানে শুধুই ব্যস্ততা। ডেডলাইনের পিছনে ছুটে বেড়ানো। তা সামলে নিজের জন্য সময় বের করাই কঠিন। সারা সপ্তাহের ফাঁকে যেটুকু সময় পাওয়া যায়, সেদিন ডেটিংয়ে যান। কলকাতায় সেরা ডেটিংয়ের জায়গা বলতে হয় ভিক্টোরিয়া কিংবা অন্য কোনও পার্ক। বর্তমানে হালফিলের ক্যাফেতেও যান অনেকেই। তবে তা যেন অতি যাতায়াতে ক্লিশে হয়ে গিয়েছে।
একে তো ক্যাফেতে বহু মানুষের ভিড়। তার উপর স্বাস্থ্য সচেতন অনেকেই ক্যাফেতে গিয়ে ক্যালোরিতে ভরা খাবারদাবার খেতে পছন্দ করেন না। তার ফলে অনেকেই আর একান্ত সময় কাটাতে ক্যাফেতে যেতে চান না। তাই ডেটিংয়ের জন্য এখন আর ক্যাফে আদর্শ নয়। পরিবর্তে অন্য গন্তব্যে যাতায়াত বেড়েছে যুগলের। আপনিও কি অফবিট কিছু ডেটিং জোন খুঁজছেন, তবে আপনার জন্য রইল নানা ঠিকানার খোঁজ।
কলকাতা আর ট্রাম যেন একে অপরের পরিপূরক। শহরের বুকে দু'জনে হারিয়ে যাওয়ার জন্য ট্রামকে বেছে নিতেই পারেন। গোটা কলকাতায় আর সেভাবে ট্রাম চলে না। তবে শ্যামবাজার-এসপ্ল্যানেড এবং বালিগঞ্জ-এসপ্ল্যানেড রুট দু'টিতে এখনও চলে ট্রাম। দু'জনে ট্রামে চড়ে কিছুটা সময় কাটাতে পারেন।
আর না হলে গড়িয়াহাটের ট্রাম ওয়ার্ল্ড ক্যাফে কিংবা ইকো পার্ক ট্রাম ক্যাফে বা সিটি সেন্টার ১ ট্রাম ক্যাফেতেও পাড়ি জমাতে পারেন। মুখরোচক খাবার খেতে খেতে একান্তে কিছুটা সময় কাটাতে পারেন। খরচ খুবই সামান্য। আবার অভিজ্ঞতাও হবে অন্যরকম।
বরফ ছোড়াছুড়ি করে দু'জনে কিছুটা সময় কাটাতে চান? তবে নিউটাউনের স্নো পার্কে পাড়ি জমান। যেখানে তাপমাত্রা মাইনাস ৬ থেকে মাইনাস ৭ ডিগ্রি। ৯ হাজার বর্গফুট আয়তনের এই স্নো পার্কে গিয়ে কিছুটা সময় কাটাতে পারেন আপনি। বরফেই মাঝে ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন খেলতে পারেন। পার্কে যেতে ন্যূনতম খরচ ৪৯৯ থেকে ৬০০ টাকা।
পার্কে কিছুটা সময় কাটাতে প্রয়োজনমতো জ্যাকেট, বুট, গ্লাভস, মোজা ভাড়া করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্য আলাদা করে খরচ করতে হবে। রয়েছে লকারের বন্দোবস্ত। যেখানে আপনার সঙ্গে থাকা জিনিসপত্র রাখতে পারেন। ন্যূনতম ১০০ টাকা থেকে লকার পাওয়া যাবে। পরে যদিও সেই টাকা ফেরত পাওয়া সম্ভব।
ডেটিংয়ে অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রয়োজন? তবে শহরের যেকোনও এসকেপ রুমে কিছুটা সময় কাটাতে পারেন। কোথাও রয়েছে হরর থিম ঘর আবার কোথাও রয়েছে মিস্ট্রি রুম। কোনও জায়গায় সময় কাটালে হতে পারে কারাগারে কাটানোর অভিজ্ঞতাও। এসকেপ রুমে ডেটিংয়ের অভিজ্ঞতা যে একেবারে অন্যরকম, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। খরচ পড়বে মাথাপিছু ৭৫০-১০০০ টাকা।
আপনারা দু'জনেই কি অত্যন্ত শৌখিন? একসঙ্গে হাতের কাজ শিখতে চান? তবে আপনার জন্য রয়েছে একান্তে সময় কাটানোর বিশেষ ব্যবস্থা। কিছুটা সময় বের করে একবার ঢুঁ মারতেই পারেন কলকাতায় মাটির জিনিসপত্র তৈরির ওয়ার্কশপে। বর্তমানে শহরের নানা প্রান্তে এমন ওয়ার্কশপ হয়। সেখানে আপনি মাটির জিনিসপত্র তৈরি যেমন শিখতে পারবেন। তেমনই আবার মাটির জিনিসপত্রের উপর রং করাও শিখতে পারবেন। ইন্টারনেট ঘাঁটলেই পাবেন কোর্স সংক্রান্ত যাবতীয় খোঁজখবর।
রং, তুলি হাতে প্রেমের রঙে রাঙিয়ে দিতে চান ক্যানভ্যাস? তবে পেন্টিং ক্লাসেও কাটাতে পারেন কিছুটা সময়। কলকাতার নানা প্রান্তে অল্প সময়ে পেন্টিং ওয়ার্কশপ মাঝেমধ্যেই হয়। শুধু একটু খোঁজখবর রাখলেই হবে। সেখানে গিয়ে কিছুটা সময় কাটাতে পারেন দু'জনে। আঁকার প্রতি মন থাকলে এমন ডেটিংয়ের অভিজ্ঞতা সারাজীবন ভুলতে পারবেন না।
একটি সাজানো গোছানো ঘরকে একেবারে অন্যরকম লুক দিতে মোমবাতির কোনও বিকল্প নেই। আপনি কি নিজে হাতে এটি তৈরি করতে চান? মনের মানুষের সঙ্গেও এই ক্লাস করতে পারেন। কলকাতার নানা জায়গায় এরকম ক্লাস হয়। ইন্টারনেট ঘাঁটলে সে সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
কাজের ব্যস্ততার ফাঁকে কিছুটা সময় নিউটাউনের ট্রাম্পোলিন পার্কে কাটাতে পারেন। ফোম পিচ, স্কাই স্টেপারের সঙ্গে সফট প্লে জোন একে অপরের কাটানো সময়কে আরও বিনোদনমূলক করে তুলতে বাধ্য। নিরাপত্তারও পর্যাপ্ত বন্দোবস্ত রয়েছে। তাই আচমকা কোনও চোট লাগার সম্ভাবনা নেই বললেই চলে। সাধারণত বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকে এই পার্ক। মাথাপিছু খরচ পড়বে ৮০০ থেকে ১ হাজার টাকা।
Published By: Sayani SenPosted: 06:32 PM Mar 31, 2026Updated: 06:33 PM Mar 31, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
