Advertisement
'আমাদের তো আর দেখা হবে না', শুটিংয়ের ফাঁকে বলেন রাহুল, কীভাবে নামবদল অরুণোদয়ের
পুলিশ সূত্রে খবর, সোমবার ময়নাতদন্ত হবে তাঁর। দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তারপরই হবে শেষকৃত্য।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুলের। বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। নাট্যব্যক্তিত্ব। বলা চলে যেন রক্তে অভিনয় তাঁর। অভিনেতার বাবার থিয়েটারের দল 'বিজয়গড় আত্মপ্রকাশ'। সেখানেই প্রথমবার থিয়েটারে হাতেখড়ি। বয়স তখন মোটে তিন বছর। 'রাজদর্শন' নাটকে প্রথমবার আত্মপ্রকাশ। স্কুল ও কলেজ জীবনেও অভিনয় থেকে কখনও দূরত্ব তৈরি হয়নি তাঁর। নাকতলা হাইস্কুলের প্রাক্তনী। আশুতোষ কলেজ থেকে স্নাতক।
বড়পর্দায় আসার আগেই ছোটপর্দায় অভিনয়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'খেলা'তে আদিত্যর চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। সকলের মাঝে নজর কেড়েছিলেন তিনি। পরবর্তীকালে একাধিক ধারাবাহিক কাজ করেছেন রাহুল। 'দেশের মাটি' ধারাবাহিকের রাজা চরিত্রের হাত ধরে বাঙালি দর্শকদের ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা।
২০০৮ সালে তাঁর জীবনের মোড় ঘুরে যায়। 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে নায়কের ভূমিকায় দেখা যায় তাঁকে। ধনী পরিবারের মেয়ের সঙ্গে গ্যারেজে কাজ করা ছেলের প্রেম কাহিনি সাড়া ফেলে দিয়েছিল। রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম ছবি দুরন্ত সাফল্য়ের মুখ দেখেছিল। রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ পরিচালক। এই ছবির জন্য একসময় একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি।
ওই ছবিতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে কাজ করেছিলেন রাহুল। দু'জনের জুটি সেই সময় সকলের মন কেড়েছিল। রিল থেকে রিয়াল লাইফেরও জুটি হয়ে যান দু'জনে। মন দেওয়া নেওয়া থেকে প্রেম। পরবর্তীকালে ২০১৭ সালে সাতপাকে ঘোরা। বর্তমানে সংসার করছেন দু'জনে। রয়েছে বছর বারোর সন্তান সহজ। মাঝে সম্পর্কের অবনতি হয় দু'জনের। যদিও ছেলের কথা ভেবে আবারও একছাদের তলায় দিব্যি সুখে সংসার করছিলেন তাঁরা।
একাধিক ছবিতে কাজ করেছেন রাহুল। 'জ্যাকপট', 'লভ সার্কাস', 'শোনো মন বলি তোমায়', 'পতি পরমেশ্বর'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন রাহুল। নাটকের মঞ্চে পরিচালক সৌরভ পালোধীর পরিচালনায় 'যে জানালাগুলো আকাশ ছিল' নাটকেও সকলকে অবাক করে দিয়েছিলেন রাহুল। ৪৫০টি-রও বেশি স্টেজ শো করেছিলেন তিনি।
সম্প্রতি একের পর এক ওয়েব সিরিজেও কাজ করেছেন রাহুল। ‘কালি’, ‘পাপ’, ‘ফেলুদার গোয়েন্দাগিরি’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মতো ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। শেষবার 'ঠাকুমার ঝুলি' ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাহুল। অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছেন শ্রাবন্তী। নায়ক-নায়িকা কাজ করা হল না বলে আক্ষেপও করেছিলেন তিনি।
রবিবার 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিংয়েই সব শেষ। তালসারিতে সমুদ্রে নেমে মৃত্যু অভিনেতার। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। যদিও ময়নাতদন্তের পর প্রকৃত কারণ স্পষ্ট হবে। আচমকা এহেন দুঃসংবাদ যেন বিশ্বাস করতে পারছেন না তাঁর সহ অভিনেতারাও।
রাহুলের সঙ্গে তালসারিতে শুটিং করেন অভিনেত্রী সোমাশ্রী চাকি। ধারাবাহিকে রাহুলের মেজো জেঠিমার চরিত্রে অভিনয় করতেন তিনি। তিনি এক সংবাদমাধ্যমে শেষবার কথোপকথনের কথা জানান। অভিনেত্রী বলেন, "আমাদের প্যাকঅ্যাপ হয়ে গিয়েছিল। আমাদের আজই কলকাতায় ফেরার কথা ছিল। রাস্তায় খবরটা পাই। আজও একসঙ্গে ছবি তুললাম। ওদের আগামিকাল ফেরার কথা ছিল। বলল আমাদের তো আর দেখা হবে না। কথাটাই যে সত্যি হয়ে যাবে বুঝিনি।"
Published By: Sayani SenPosted: 09:52 PM Mar 29, 2026Updated: 10:18 PM Mar 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
