Advertisement
সৌদির ক্বারী, হায়দরাবাদের নিরাপত্তারক্ষী থেকে বিজেপি যোগ! লাগাতার বিতর্কে 'খাবি খাচ্ছেন' হুমায়ুন
শুরু থেকেই পরস্পর বিরোধী কথা বলেছেন হুমায়ুন। বারবার তাঁকে নিয়ে হাসাহাসিও হয়েছে। যার খেসারত তাঁকে দিতে হতে পারে রাজনৈতিক জমি হারিয়ে।
ফের বিতর্কে হুমায়ুন কবীর। এবার আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের ভিডিও ভাইরাল। ওই ভাইরাল ভিডিও-য় হুমায়ুনকে নিজের মুখেই বলতে শোনা গিয়েছে, যে কোনও মূল্যে তিনি মমতাকে হারাতে চান। সেজন্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এমনকী প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে।
অবশ্য বিতর্ক আর হুমায়ুন সমার্থক। সেই বরাবরই বিতর্কিত কথাবার্তা বলেন তিনি। সেই ভাগীরথীর বুকে ৩০ শতাংশ হিন্দুকে ভাসিয়ে দেওয়া থেকে শুরু করে বাবরির নামে মসজিদ প্রতিষ্ঠা। আবার মসজিদের শিলান্যাসের অনুষ্ঠানে ক্কারী বিতর্ক, দেহরক্ষী আনা নিয়ে বিতর্ক এমনকী তাঁর হেলিকপ্টার ভাড়া নিয়েও বিতর্ক হয়েছে।
সদ্য প্রকাশ্যে আসা ভিডিও-টি কোনও এক বিজেপি নেতার সঙ্গে হুমায়ুনের কথোপকথনের। ওই কথোপকথনে হুমায়ুন বলছেন, “যে কোনও মূল্যে আমি মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমার প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে।”
আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলেন থাকেন, “প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই আমাকে বলা হয়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলতে। মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে।” হুমায়ুন ইঙ্গিত দিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও কথা হয়েছে তাঁর।
হুমায়ুন বলেন, “আমি অন্তত ৭০-৮০টি মুসলিম অধ্যুষিত আসন পাব। মোহন যাদব-শুভেন্দু অধিকারীরা আমাকে বলেছেন, আমাকে উপমুখ্যমন্ত্রী করে দেবে।” কিন্তু তাঁর পক্ষে ৭০-৮০ আসন পাওয়া সম্ভব কি? জবাবে হুমায়ুন বলেন, “হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি মুসলিমদের বোকা বানানোর পরিকল্পনা ছেপে ফেলেছি। সেটার জন্য আমার কিছু টাকার দরকার। প্রতিটি কেন্দ্রে ৩-৪ কোটি টাকা করে খরচ করতে হবে। সব মিলিয়ে হাজার কোটি টাকা দরকার।”
ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই হুমায়ুনকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল নেতৃত্ব। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসরা একযোগে হুমায়ুনের বিরুদ্ধে সরব হয়েছেন। ফিরহাদ হাকিম রীতিমতো চড়া সুরে বলেন, “টাকার বিনিময়ে মুসলমানদের ভাবাবেগ নিয়ে এভাবে ছিনিমিনি খেলাটা অন্যায়। এটা পাপ। এর পরে ওই কুলাঙ্গার, কীট হুমায়ুনকে একটা ভোটও দেওয়া উচিত নয়।”
যদিও পালটা হুমায়ুনের সাফাই, যে ভিডিও দেখানো হচ্ছে সেটা ভুয়ো। বহিষ্কৃত বিধায়কের অভিযোগ, “ইজরায়েল থেকে মেশিন এনে আমার ফোন ট্যাপ করছে। হোয়াটসঅ্যাপ কলও রেকর্ড করছে।” তাঁর পালটা হুঁশিয়ারি, “ওই ভিডিও আমার প্রমাণ করতে পারলে সব প্রার্থীদের নিয়ে বসে যাব। নাহলে দু’হাজার কোটি টাকার মানহানির মামলা করব।”
কিন্তু ওই সাফাইয়ে আদৌ কাজ হবে কী? হুমায়ুন আর বিতর্ক তো ইদানিং সমার্থক হয়ে যাচ্ছে। বিশেষ করে তৃণমূল ছেড়ে বাবরি মসজিদ শিলান্যাস এবং রাজনৈতিক দল তৈরি, এই পর্বে বহুবার মুখ পুড়েছে হুমায়ুনের। সাফাইও দিতে হয়েছে বহুবার।
গত বছর ৬ ডিসেম্বর বেলডাঙায় তথাকথিত ‘বাবরি’ মসজিদের শিলান্যাসের আগে হুমায়ুন দাবি করেছিলেন, তাঁর মসজিদ শিলান্যাসের অনুষ্ঠানে দেশবিদেশ থেকে বহু অতিথি আসবেন। কর্মসূচিতে যোগ দিতে সৌদি আরব থেকে আসছেন দুই ‘ক্বারী’ অর্থাৎ মক্কার ইমাম। সেই মতো দুই ইমামকে কেন্দ্রস্থলে রেখে পুরো কর্মসূচি হয়। পরে জানা যায় ওই দুই ইমাম বা ক্কারী আসলে বাংলারই বাসিন্দা। একজন মুর্শিদাবাদেরই দৌলতাবাদের বাসিন্দা সুফিয়া। দ্বিতীয় জন, শেখ আবদুল্লা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা।
যদিও হুমায়ুনের দাবি, তাঁকে অপদস্ত করার চেষ্টা হয়েছে। তিনি সৌদির ইমাম আনার জন্যই এক মধ্যস্থতাকারীকে দায়িত্বভার দিয়েছিলেন। এমনকী তাঁর আসা যাওয়া থাকার খরচও ওই মধ্যস্থতাকারীকে দেন। তিনি আশ্বস্ত করেছিলেন মক্কা থেকে দু’জন ক্কারীকে নিয়ে আসবেন। কিন্তু পরে জানতে পারেন সৌদি থেকে কোনও ক্কারী আসেননি। ওই দুজন রাজ্যেরই।
ক্কারীর পর দেহরক্ষী বিতর্ক। হুমায়ুন শুরুতে দাবি করেন, হায়দরাবাদ থেকে ৮ জন বাউন্সার এসেছেন তাঁর জন্য। কিন্তু পরে জানা যায় হায়দারবাদ থেকে যে ৮ জন বাউন্সার এসেছে বলে জানানো হয়েছিল, আদতে নাকি তারা কলকাতার। বিষয়টা প্রকাশ্যে আসতেই একরাশ ক্ষোভ উগরে দেন আজপ নেতা। তাঁর দাবি ছিল, ষড়যন্ত্র চলছে। তিনি নাকি ফের প্রতারিত হয়েছেন। পরে অবশ্য হুমায়ুনকে কেন্দ্র সরকার নিরাপত্তা দেন।
Published By: Subhajit MandalPosted: 06:03 PM Apr 09, 2026Updated: 06:03 PM Apr 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
