Advertisement
ব্যাটে রান নেই অথচ বিলাসব্যসনে আছেন! বাবরের বাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে
বাড়িটি আধুনিক নিও-ক্লাসিক্যাল ডিজাইনের।
ইদানীং ফর্মে নেই তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাবরের পারফরম্যান্সের অবস্থা ছিল তথৈবচ। তাঁর অভিজ্ঞতা একেবারেই কাজে লাগেনি পাকিস্তানের। এরপর বাংলাদেশ সফরের দল বাদ পড়েন। তিনি বাবর আজম। এবার তাঁর বিলাসবহুল বাড়ি নিয়ে সোশাল মিডিয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে।
লাহোরের অভিজাত ডিএইচএ ফেজ ৫-এর শান্ত, বৃক্ষছায়াঘেরা রাস্তায় হাঁটলে চোখে পড়ে বাড়িটি। আধুনিকতার ছোঁয়া আর ঐতিহ্যের গাম্ভীর্য মিলেমিশে যার শরীর গড়ে তুলেছে। বাড়ির নকশা করেছিলেন সেদেশের নামী স্থপতিরা। প্রবেশদ্বার পেরতেই যেন অন্য জগতে ঢুকে পড়া। উঁচু স্তম্ভগুলো নিও-ক্লাসিক্যাল স্থাপত্যের গর্ব বহন করে। ঠিক যেমন পুরনো দিনের রাজবাড়িতে দেখা যেত, তেমনই। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি।
মেঝেতে মখমলি কার্পেট, দেওয়ালে শিল্পীর ছোঁয়া, আলো-আঁধারীর নিখুঁত মিশ্রণে সাজানো ইন্টেরিয়র। কিন্তু সবচেয়ে বেশি নজর কাড়ে একটা ঘর, ট্রফি রুম। সেখানে ঢুকতেই সারি সারি ট্রফি, মেডেল আর স্মারক। বাড়ির ভেতরে আধুনিকতার কমতি নেই। সবমিলিয়ে একেবারে টিপটপ। শহরের অন্যতম প্রিমিয়াম লোকেশনে বাড়িটি। চারপাশে নামী মানুষদের বাস। এই বাড়ি এখন শহরের এক বিশেষ সেলিব্রিটি আবাস হিসেবে পরিচিত।
ট্রফি রুমটা পেরিয়েই চোখে পড়ে বিশাল লিভিং এরিয়া। যেখানে জমে ওঠে গল্প-আড্ডা। এই বাড়ির প্রতিটি কোণেই যেন যত্নের ছোঁয়া। পাঁচটি শয়নকক্ষ। প্রতিটিই আলাদা আলাদা মেজাজে সাজানো। তাছাড়াও রয়েছে খোলামেলা লেআউট, প্রশস্ত করিডর। বড় বড় জানালা দিয়ে সকালের রোদ ঢুকে রাঙিয়ে দেয়।
বাড়িটিতে ঢুকলেই যেন এক অদ্ভুত স্বস্তি মেলে। নরম আলো, খোলামেলা পরিবেশ আর নিখুঁত সাজে মিশে আছে আতিথেয়তার উষ্ণতা। অতিথিরা বসতেই বুঝে যান, এই ঘর শুধু থাকার নয়, অনুভবেরও। শয়নকক্ষে মিনিমালিস্ট ছোঁয়া, হার্ডউড ফ্লোর আর প্রিমিয়াম আসবাব ঘরটিকে দিয়েছে পরিশীলিত রূপ।
শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব! বাড়িটির দাম প্রায় ১,২৩,০০,০০,০০০ পাকিস্তানি রুপি। অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪০ কোটি ৭২ লক্ষ ৪৫ হাজার ৬৬১ টাকা। এত বিপুল অর্থের অঙ্ক শুনলে যে কারও চোখ কপালে ওঠাই স্বাভাবিক। সাধারণ মানুষের কাছে যেখানে একটি ফ্ল্যাট কেনাই স্বপ্নের মতো, সেখানে এই বাড়ির দাম যেন বিলাসিতার এক অন্য স্তরের পরিচয় দেয়।
ড্রয়িংরুমে ঢুকতেই চোখে পড়ে ক্লাসিক চেস্টারফিল্ড সোফা। টেক্সচারযুক্ত পর্দা হালকা হাওয়ায় দুলে আলো-ছায়ার খেলা তৈরি করে। চারপাশে যত্নে সাজানো আসবাবপত্র ঘরটিকে দেয় আলাদা মাত্রা। সব মিলিয়ে যেন এক রাজকীয় আবহ, যেখানে বসলে মনে হয়, রূপকথায় হারিয়ে গিয়েছেন আপনি।
বড় লাউঞ্জ এলাকাটি একাধিক ভাগে বিভক্ত। কোথাও চুটিয়ে আড্ডা মারা যাবে তো কোথাও ছোটখাট অনুষ্ঠানও রমরমিয়ে করা যাবে।
Published By: Prasenjit DuttaPosted: 09:27 PM Apr 09, 2026Updated: 11:49 PM Apr 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
