Advertisement
সেতারবাদক ঋষভের সঙ্গে প্রেম ভাঙলেন সানিয়া মালহোত্রা! তৃতীয় ব্যক্তির টানেই সম্পর্কে চিড়?
কার জন্য বিচ্ছেদের পথে হাঁটলেন ঋষভ-সানিয়া?
গ্ল্যামারদুনিয়ায় সম্পর্কের ভাঙন! সে আর নতুন কি? অহরহ ভাঙনের খবরে সরগরম মায়ানগরীর সিনেমাপাড়া। কখনও তারকাদের প্রেম ভাঙার খবরে উত্তাল হয়েছে বলিউড, তো কখনও বা আবার দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনে ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস! এবার বলিপাড়ায় আরও এক সম্পর্কে চিড়। কানাঘুষো, ঋষভ রিখিরামের সঙ্গে সানিয়া মালহোত্রার প্রেমে ভাঙন!
একজন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী। আরেকজন বর্তমান প্রজন্মের বিশ্বখ্যাত সেতারবাদক। শোনা যায়, পঁচিশ সালের গোড়াতেই নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নবীন প্রজন্মের এই দুই আইকন। তবে বিটাউনে তাঁদের নিয়ে ফিসফাস হলেও আনুষ্ঠানিকভাবে কোনওদিনই সম্পর্কের গুঞ্জনে সিলমোহর বসাননি সানিয়া কিংবা ঋষভের কেউই।
সূত্রের খবর, গত একবছর ধরে সম্পর্কে ছিলেন সানিয়া-ঋষভ। যদিও একে-অপরের সঙ্গে কোনওদিনই গ্ল্যামারদুনিয়ার কোনও পার্টি-প্রিমিয়ারে ফ্রেমবন্দি হননি, তবে যুগলের মিষ্টি রসায়ন অনেকেই পছন্দ করতেন। এবার খবর, ঋষভ রিখিরাম শর্মার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন সানিয়া মালহোত্রা।
প্রেমের গুঞ্জনের মতো তাঁদের সম্পর্কে চিড় ধরার খবরও দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। তারকাযুগলের এক ঘনিষ্ঠ সূত্র মারফৎই প্রথম ব্রেকআপের খবর ফাঁস হয়। তবে সম্প্রতি সানিয়া মালহোত্রা এবং ঋষভ রিখিরাম শর্মা পরস্পরকে সোশাল মিডিয়ায় 'আনফলো' করেছেন। আর তাতেই ভাঙনের গুঞ্জনের পালে হাওয়া লাগে!
সুদর্শন সেতারবাদককে নিয়ে নবীন প্রজন্মের উন্মাদনার অন্ত নেই! বিশ্বজুড়ে ঋষভের মহিলা অনুরাগীর সংখ্যাও অগণিত। কিন্তু আচমকাই কেন সম্পর্কে ইতি টানলেন ঋষভ-সানিয়া? কানাঘুষো, সম্পর্কে নাকি তৃতীয় মানুষের প্রবেশ ঘটেছে। শোনা যাচ্ছে, সেতারবাদক ঋষভ অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আর তাতেই সম্পর্কে ইতি টানেন সানিয়া।
তবে বিচ্ছেদের খবর এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না সেতারবাদক। উল্লেখ্য, দু'জনকে যাতে প্রকাশ্যে একসঙ্গে দেখা না যায়, সেই বিষয়ে বরাবর সতর্ক থেকেছেন সানিয়া মালহোত্রা এবং ঋষভ রিখিরাম শর্মা। তবে ২০২৫ সালের জানুয়ারি মাসে জনৈক ভক্ত তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেছিলেন।
ভাইরাল ওই ছবিতে সেতারবাদককে একজন ভক্তের সাথে পোজ দিতে দেখা গিয়েছিল। আর পাশেই দাঁড়িয়ে ছিলেন সানিয়া। এছাড়াও দুজনেই একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বহুবার আলাদা আলাদা ফ্রেমে ধরা দিয়েছেন। তবে চব্বিশ সাল থেকেই নাকি ঋষভ-সানিয়ার বন্ধুত্ব আরও গাঢ় হয়।
২০২৪ সালের ডিসেম্বর মাসে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শনের সময় জনৈক ভক্ত তাদের একসঙ্গে দেখেছিলেন। শয়ন আরতির সময়ে মন্দিরে ঋষভকে ঘিরে ধরেছিলেন অনুরাগীরা। অন্যদিকে অন্নপূর্ণা মন্দিরে বসে একমনে ধ্যান করছিলেন সানিয়া মালহোত্রা, ঠিক এমনটাই দাবি করেছিলেন ওই ভক্ত। ঋষভ যে শিবভক্ত সেকথা আলাদা বলার প্রয়োজন হয় না। অতঃপর সেসময়ে দাবানলের মতো তাঁদের নিয়ে 'গসিপ' ছড়িয়ে পড়ে। সেই জুটিই এবার বিচ্ছেদের পথে হাঁটলেন!
সানিয়া মালহোত্রা বরাবরই ছকভাঙা অভিনেত্রী। শেষবার তাঁকে দেখা গিয়েছিল, 'সনি সংস্কারি কী তুলসী কুমারী' ছবিতে। তবে 'দঙ্গল' কিংবা 'বাধাই হো' ছাড়া সানিয়ার কোনও সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। কিন্তু তাতে কী? স্নিগ্ধ সুন্দরী সানিয়া মালহোত্রার অভিনয়ের গুণমুগ্ধের সংখ্যা কিন্তু নেহাত কম নয়।
Published By: Sandipta BhanjaPosted: 07:27 PM Apr 09, 2026Updated: 09:30 PM Apr 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
