shono
Advertisement

অপ্রতিরোধ্য মেসির বিরুদ্ধে আজ মহাদ্বৈরথে ফিট রোনাল্ডো

বড়দিনের দু'দিন আগে ক্লাব ফুটবলের 'বড়দিন'।
Posted: 12:29 PM Dec 23, 2017Updated: 06:59 AM Dec 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসির অসামান্য ড্রিবল, না রোনাল্ডোর অবিশ্বাস্য হেড? ইনিয়েস্তার অনবদ্য বল কন্ট্রোল, না টনি ক্রুজের ভয়ঙ্কর থ্রু-পাস?  পিকের নিখুঁত ম্যান মার্কিং, না সের্জিও ব়্যামোসের কড়া ট্যাকল? প্রতিটা পজিশনেই প্রতিভার বিচ্ছুরণ। এমন সমস্ত নামের সম্মেলন যাঁরা মাঠে নিমেষেই ছবির মতো মুহূর্ত উপহার দেওয়ার ক্ষমতা রাখেন। বড়দিনের দু’দিন আগে ক্লাব ফুটবলের ‘বড়দিন’ এসে হাজির। ক্লাব ফুটবলের দুনিয়ায় সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ এল ক্লাসিকো এসে হাজির।

Advertisement

ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে লা লিগা ক্লাসিকোর সবচেয়ে চর্চিত বিষয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফিটনেস। ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর রোনাল্ডো জানিয়েছিলেন তিনি পুরোপুরি ফিট নন। বুধবার দলের সঙ্গে ট্রেনিং না করার পরে জল্পনা আরও বাড়ে, আদৌ রিয়াল তাদের সেরা অস্ত্রকে পাবে কি না? কিন্তু শনিবাসরীয় ক্লাসিকোর আগের দিন কোচ জিনেদিন জিদানকে স্বস্তি দিয়ে রিয়াল মাদ্রিদের প্রথম দলের সঙ্গে অনুশীলন করলেন রোনাল্ডো। ফুল-ট্রেনিং করতে কোনও সমস্যা হয়নি সিআর সেভেনের। চোট-বিতর্ক উড়িয়ে সাংবাদিক সম্মেলনেও রোনাল্ডোকে ফিট সার্টিফিকেট দিয়ে দিলেন জিদান। “রোনাল্ডো একশো শতাংশ ফিট,”বলছেন রিয়ালের মেগা ফরাসি কোচ।

দাদাদের পর ভাইরাও, অনূর্ধ্ব ১৫ ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান

লা লিগা টেবলে বার্সেলোনার থেকে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট পিছিয়ে রিয়াল। পরিসংখ্যানেই পরিষ্কার, আজ মেসির বিরুদ্ধে ক্লাসিকো যুদ্ধ জিততেই হবে রোনাল্ডোকে। জিদান অবশ্য বলছেন, “অবশ্যই ক্লাসিকো মানে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কিন্তু ক্লাসিকো ছাড়াও মরশুমের আরও অনেক ম্যাচ বাকি। শীতের ব্রেকের আগে এটাই শেষ ম্যাচ। বার্সেলোনা শীর্ষে আছে। কিন্তু আমরাও তৈরি।” রিয়াল শিবিরে রোনাল্ডো-ধাঁধা কাটলেও বার্সা শিবিরে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে আচমকাই দুশ্চিন্তা এসে হাজির আন্দ্রেস ইনিয়েস্তার ফিটনেস নিয়ে। বিখ্যাত স্প্যানিশ প্লে-মেকার পুরো নব্বই মিনিট খেলতে পারবেন কি না সেটা নিয়েই জল্পনা। তবে চিন্তার মধ্যেও বার্সাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে লিওনেল মেসির দুরন্ত ফর্ম। লা লিগায় এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য ফর্মে রয়েছেন এলএম টেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার শীর্ষে। মেসি মানে আবার এখন দাঁড়িয়েছে, ম্যাচের পর ম্যাচ আর গোলের পর গোল। ক্লাসিকোয় তিন পয়েন্ট তুলে সমর্থকদের আগাম ক্রিসমাস উপহার দিতেও চান মেসি। “রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে খেলার চ্যালেঞ্জটা বেশ কঠিন। কিন্তু আমাদের তিন পয়েন্ট তুলতেই হবে। ক্লাসিকো জিতে সমর্থকদের আগাম ক্রিসমাস উপহার দিতে চাই।” বলছেন মেসি। মহাম্যাচের আগে আবার সেই মেসি বনাম রোনাল্ডো তর্কে নিজের প্রাক্তন সতীর্থের পাশে দাঁড়িয়েছেন জাভি। “মেসির সঙ্গে রোনাল্ডোর কোনও তুলনা চলে না। মেসি অনেক বড় ফুটবলার,’’ বলেন তিনি। ক্লাসিকো এর আগেও সাক্ষী থেকেছে বহু স্মরণীয় মুহূর্তের। আজ ক্লাসিকো মহারণের আর এক সোনালি অধ্যায়ের সাক্ষী থাকবে কি না ফুটবলবিশ্ব, সেটা সময়েই বলবে।

অ্যাওয়ে ম্যাচে চেন্নাইকে হারিয়ে বাগানকে পিছনে ফেলল ইস্টবেঙ্গল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার