shono
Advertisement

লুকাকু-হ্যাজার্ড যুগলবন্দিতে বাজিমাত, তিউনিশিয়াকে দুরমুশ করল বেলজিয়াম

অপ্রতিরোধ্য রেড ডেভিলসদের বিজয়রথ। The post লুকাকু-হ্যাজার্ড যুগলবন্দিতে বাজিমাত, তিউনিশিয়াকে দুরমুশ করল বেলজিয়াম appeared first on Sangbad Pratidin.
Posted: 07:28 PM Jun 23, 2018Updated: 07:58 PM Jun 23, 2018

বেলজিয়াম- ৫ (লুকাকু ২, হ্যাজার্ড ২, বাতশুয়েই)

Advertisement

তিউনিশিয়া- ২ (খাজরি ২)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোলের বন্যা। আর সেই বন্যায় ডুবল আফ্রিকার আরও এক দেশ। শনিবার বেলজিয়াম ও তিউনিশিয়ার ম্যাচে ৭ গোলের সাক্ষী থাকলেন দুই দলের সমর্থকরা। বিশ্বকাপের কালো ঘোড়া বেলজিয়াম ৫-২ গোলে হারাল তিউনিশিয়াকে। লুকাকু, হ্যাজার্ডের জোড়া এবং বাতশুয়েইর একটি গোলের সুবাদে সহজ জয় পেল রেড ডেভিলসরা। চলতি বিশ্বকাপে তরতরিয়ে ছুটছে তাদের বিজয়রথ। আগের ম্যাচে জোড়া গোলের নায়ক লুকাকু এদিনও দুবার তিউনিশিয়ার জালে বল জড়ালেন। সেইসঙ্গে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে রোনাল্ডোর পাশে নাম লিখিয়ে ফেললেন। তিউনিশিয়ার আরও লজ্জা অপেক্ষা করছিল যদি না তাদের খাজরি জোড়া গোল করতেন। বেশ কয়েকবার ভাগ্যদেবী সহায় হননি বলে গোল সংখ্যা বাড়েনি। নাহলে বেলজিয়ামের নামের পাশে ৭-৮ গোল লেখা থাকত। এখনও পর্যন্ত টুর্নামেন্টে এটাই সর্বাধিক গোলের ম্যাচ। জয়ের সঙ্গে সঙ্গে পরের রাউন্ডে হাসতে হাসতে চলে গেলেন হ্যাজার্ডরা। আর পরপর দু’ম্যাচ হেরে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ তিউনিশিয়ার।

অনবদ্য ফর্মে রয়েছেন লুকাকু। এদিনও তার ঝলক দেখালেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে কামাল দেখিয়েছেন এই মরশুমে। সেই পারফরম্যান্স অব্যাহত বিশ্বকাপেও। দুই ম্যাচে ৪ গোল করে ধরে ফেলেছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। অন্যদিকে, হ্যাজার্ডও দুর্দান্ত খেলেছেন এদিন। পানামা ম্যাচে দুর্দান্ত গোল করা মার্টেন্স এদিন অবশ্য গোল না পেলেও বেশ কিছু অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে, তিউনিশিয়া বিশ্বকাপের মঞ্চে নবাগত দল না হলেও তাদের খেলায় জেতার তাগিদের অভাব চোখে পড়ল। রক্ষণ, মাঝমাঠ, আক্রমণ সবেতেই ডাহা ফেল উত্তর আফ্রিকার দেশ। ফেলিনিদের আক্রমণের সামনে বেশ অসহায় লাগছিল তাদের। তাদের খেলা নিয়ে বিশেষ কিছু বলার নেই। বেলজিয়াম এদিন যা খেলল তা দেখে অন্য দলের কোচদের চিন্তা বাড়ল। এই খেলা চালিয়ে গেলে প্রতিযোগিতার কালো ঘোড়া অশ্বমেধের ঘোড়া হয়ে যেতে পারে। তখন বাকিদের বিপদ বাড়বে বই কমবে না।

The post লুকাকু-হ্যাজার্ড যুগলবন্দিতে বাজিমাত, তিউনিশিয়াকে দুরমুশ করল বেলজিয়াম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার