shono
Advertisement

কেন তাঁকে ‘গোট’বলা হয়? ফাঁস করলেন স্বয়ং রোনাল্ডো

রেফারিও নাকি সিআর সেভেনের জার্সি চেয়েছিলেন! The post কেন তাঁকে ‘গোট’ বলা হয়? ফাঁস করলেন স্বয়ং রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.
Posted: 10:42 AM Jun 22, 2018Updated: 11:12 AM Jun 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো যেন পোর্ট ওয়াইন! তাঁর দলের সেরা (অনেকের মতে একমাত্র) তারকার ক্যারিশমায় এতটাই মুগ্ধ পর্তুগাল কোচ স্যান্টোস, শেষ পর্যন্ত ওই মন্তব্যটা করেই ফেললেন। পোর্ট ওয়াইন, যা কিনা সুরার জগতে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়, তার সঙ্গে রোনাল্ডোর তুলনা। স্যান্টোস বলছিলেন, “…ও জানে কীভাবে নিজের ক্ষমতার মধ্যে থেকে সেরাটা বের করে আনতে হয়। একইসঙ্গে বয়সের সঙ্গে সঙ্গেও নিজেকে বদলে ফেলছে। অন্য সব খেলোয়াড়দের থেকে ওর নিজেকে বদলে ফেলার ক্ষমতা অনেক বেশি।”

Advertisement

[লিও মেসি, অন্য কোনওদিন শুনিও তোমার রূপকথার গল্প…]

বিশ্বকাপে এবার পর্তুগালের চারটে গোলের চারটেই ক্রিশ্চিয়ানোর। স্যান্টোসের মুগ্ধ না হয়ে উপায় আছে? তবে মরক্কোর বিরুদ্ধে ম্যাচে মার্কিন রেফারি মার্ক জিগারকে নিয়ে যা রটল, সেটা একদম বাড়াবাড়ি। মরক্কোর ফুটবলার নর্ডিন আমরাবাত অভিযোগ করলেন, রেফারি নাকি বুধবার ওই ম্যাচের হাফ টাইমে রোনাল্ডোর জার্সি চেয়ে বসেন জিগার। এটা নাকি তাঁকে বলেছেন রোনাল্ডোর সতীর্থ পেপে। এবার প্রশ্ন, যদি রেফারি কোনও ফুটবলারের ব্যাপারে এত মুগ্ধ থাকেন, তা হলে তাঁর নিরপেক্ষতা নিয়ে সংশয় উঠবে না কেন? যদিও বৃহস্পতিবার ফিফা বলে দিল, এমন কিছুই ঘটেনি। জিগার রেফারিদের আচরণবিধির ব্যাপারে যথেষ্ট সচেতন। তিনি বলেছেন, কারও কাছে কোনও জার্সি দাবি করেননি। আমরাবাতের মন্তব্য নিয়ে অবশ্য আরেকটা ধোঁয়াশাও উঠেছে। আগের ম্যাচেই তিনি মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন। ফলে তাঁকে পর্তুগাল ম্যাচে নামতেই দিত না ফিফা। তবে শেষ পর্যন্ত অনুমতি পান। পর্তুগিজ মিডিয়া তাই বলে দিল, একজন অসুস্থ লোক কী বলল তাতে কী এসে গেল?

[দল গোল করতেই পোশাক খুললেন ফুটবলপ্রেমী, ভাইরাল ছবি]

রোনাল্ডোর অবশ্য এসবে কান নেই। তিনি দিব্যি নিজের মেজাজে আছেন। স্পেনের বিরুদ্ধে ম্যাচে তাঁর ‘গোট সেলিব্রেশন’ নিয়ে প্রবল হইহই। মেসিকে বিদ্রুপ করার জন্যই নাকি ছোট্ট দাড়ি রেখেছেন। তার পর গোল করে সেটায় হাত ঘষে ছোট্ট বিদ্রুপ। এই নিয়ে কত ধরনের আলোচনা। আর রোনাল্ডো বললেন, “আমার দাড়ি? আরে এটা তো কারেসমার (রিকার্ডো) সঙ্গে একটা মজা করেছিলাম। আমরা সওনা নিচ্ছিলাম। দাড়িও কাটছিলাম। চিবুকের ওই দাড়ির অংশটুকু রেখে ওকে বললাম, যদি স্পেন ম্যাচে গোল পাই, তা হলে গোটা টুর্নামেন্ট আর কাটব না। তো দেখলাম, এটা ভাগ্য খুলে দিল। স্পেন ম্যাচে গোল, তার পর মরক্কো ম্যাচেও। এটা তা হলে থাকুক।” অর্থাৎ কারও উদ্দেশ্যে কোনও বার্তা নয়।

[মেসিদের নিয়ে ছেলেখেলা করলেন ক্রোটরা, লজ্জার হার আর্জেন্টিনার]

মরক্কোর বিরুদ্ধে জেতার পরও বললেন, দলকে আরও ভাল খেলতে হবে এগোতে হলে। অনেকেই ২০১৬-র ইউরো কাপজয়ী পর্তুগালের ছায়া দেখছেন। সেখানেও শুরু থেকে এভাবেই খুঁড়িয়েছে পর্তুগাল। তার পরও কাপ তাদের। রোনাল্ডো বললেন, “আমরা তো প্রায় নক আউটে। তার পর দেখছি। প্রতি ম্যাচ পিছু আলাদা ভাবনা। আপাতত লক্ষ্য, গ্রুপের এক নম্বর জায়গাটা পাওয়া।”

The post কেন তাঁকে ‘গোট’ বলা হয়? ফাঁস করলেন স্বয়ং রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার