সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে প্রযুক্তি! বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশ্বের তাবড় সংস্থাগুলি এআই’তে বিপুল অঙ্কের বিনিয়োগ করছে। ফলে ক্রমশ কমছে কর্মসংস্থান। এহেন পরিস্থিতিতে ওপেনএআই-এর কর্ণধার স্যাম অল্টম্যানের এক সোশাল মিডিয়া পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। কোড লেখার জন্য আর দরকারই পড়বে মানুষদের? এবার সবটাই করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা!
ঠিক কী লিখেছেন স্যাম (Sam Altman)? তাঁকে এক্স হ্যান্ডলে লিখতে দেখা গিয়েছে, 'যাঁরা ক্যারেক্টার ধরে ধরে অত্যন্ত জটিল সফটওয়্যার লিখেছেন তাঁদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। এখনই মনে রাখা কঠিন হয়ে পড়েছে কতটা পরিশ্রম করতে হয়েছে তাঁদের। আমারে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।' এই পোস্ট পড়ে অনেকেরই মনে হয়েছে, এটা যেন একটা বিদায়ী মেসেজ। তাহলে কি অল্টম্যান ধরেই নিচ্ছেন ইতিমধ্যেই মানুষ কোডারদের দিন শেষ হয়ে গিয়েছে? বলে রাখা ভালো, এখন এআই মুহূর্তের মধ্যে কোড লিখে দেয়। পাশাপাশি ভুল ধরে ফেলে সেটা ঠিক করে, এমনকী আরও ভালো প্রোগ্রাম তৈরি করতে কীভাবে কোড লেখা যাবে সেটা নিয়ে পরামর্শও দেয়। ফলে প্রশ্ন আগেই উঠেছে, কোডিংয়ের চাকুরে বিশেষ করে নবাগতদের ভবিষ্যৎ কী?
তবে অল্টম্যান যাই বলুন না কেন, ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা সবকিছু শেষ হয়ে গিয়েছে, এটা ধরে নেওয়া অর্থহীন। এলন মাস্কের চ্যাটবট গ্রকের ব্যাখ্যা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মৃতপ্রায় হয়ে গিয়েছে এটা বলা যায় না। বরং তা যেন এক বিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। এআই হয়তো রুটিন মাফিক কোডিং ইত্যাদি করে দিচ্ছে। কিন্তু মানুষ আজও অপরিহার্য। সত্যিকারের উদ্ভাবন থেকে বড় সিস্টেমের ডিবাগিং- ইত্যাদি নানা ক্ষেত্র চিরকালই মানুষ কোডারদের নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করছেন অনেকে। সোজা কথায় কোডিংয়ের সহজ অংশ এআই লিখলেও কঠিন অংশ লিখবে মানুষই। মনে করা হচ্ছে এমনটাই।
