বহুদিন ধরে একই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন? তাহলে কিন্তু বলতে হয় আপনার ফোন আর 'স্মার্ট' নেই। অন্য অ্যাপ্লিকেশনের নিরিখে না হলেও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে একথা বলাই যায়! ভাবছেন তো কেন? কারণ, কয়েক মাস পর থেকেই পুরনো কিছু ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। ফলে এবার আর ফোন বদলে ফেলা ছাড়া গতি নেই। তবে এই মুহূর্তে আইওএস ব্যবহারকারীদের কোনও চিন্তা নেই।
আসলে সময়ের সঙ্গে আপডেট হতে থাকে অ্যাপ ও ফোনের অপারেটিং সিস্টেম। কারণ একটাই, অপারেটিং সিস্টেম আপগ্রেড না করা হলে আপডেটেড অ্যাপগুলো ঠিক মতো কাজ করবে না ফোনে। ফোন হ্যাং হওয়া-সহ একাধিক সমস্যা দেখা দেওয়া সেক্ষেত্রে খুব স্বাভাবিক। কিন্তু ফোনের অপারেটিং সিস্টেম যতই আপডেট করা হোক, তার একটা সীমা রয়েছে। কারণ, একটা পর্যায়ের পর ফোনের প্রসেসর তা সাপোর্ট করে না। তাই স্বাভাবিকভাবেই কাজ করে না আপডেটেড অ্যাপ। সেই কারণেই এবার বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে কাজ করা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ।
নিশ্চয় ভাবছেন তালিকায় রয়েছে কোন কোন অ্যাপ? জানা যাচ্ছে, যে ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৬-এর থেকেও পুরনো অর্থাৎ অ্যান্ড্রয়েড ৫ বা তার আগের, সেগুলোতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। তবে হাতে এখনও কিছুটা সময় রয়েছে। এই ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করবে ৮ সেপ্টেম্বর থেকে। তাই যাদের ফোনের অপারেটিং সিস্টেম পুরনো, তাঁরা চটপট হোয়াটসঅ্যাপ ব্যাকআপ নিন, আর পালটে ফেলুন ফোন। নাহলে হারিয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ বহু চ্যাট ও নথি।
