শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একটা সময় ভয়ংকর শক্তিশালী বাহিনী গড়েছিল তামিল টাইগার। বিশ্বের প্রথম বিদ্রোহী সংগঠন হিসেবে স্থল সেনার পাশাপাশি তাদের হাতে ছিল নৌসেনা ও বায়ুসেনা। শ্রীলঙ্কার সরকারের নাভিশ্বাস তুলে তালাইমান্নার খাঁড়িতে ঘুরে বেড়াত আত্মঘাতী সব স্পিডবোট। তামিল টাইগারের ধাঁচেই এবার নৌসেনা গড়ল বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। শুধু তাই নয়, প্রথম সমুদ্র অভিযানে পাকিস্তানের ৩ উপকূলরক্ষী বাহিনীকে খতম করল তারা।
জানা গিয়েছে, গত সোমবার নিজেদের নৌসেনা গঠনের কথা প্রকাশ্যে এনেছে বালোচ আর্মি। ইরান সীমান্তবর্তী গদর বন্দরের কাছে পাকিস্তানের বিরুদ্ধে অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে। বালোচের তরফে জানানো হয়েছে, তাদের নৌবাহিনীর নাম 'হাম্মাল মেরিটাইম ডিফেন্স ফোর্স'। বালোচিস্তানের জাতীয় এই নৌবাহিনীর লক্ষ্য হল বালোচ জনগণের স্বার্থরক্ষা ও সমুদ্রে শত্রুদের নিকেশ। বিএলএ-র মুখপাত্র জিয়ান্দ বালোচ বলেন, সোমবার সকালে ১০টা নাগাদ তাদের বাহিনী প্রথম সমুদ্র অভিযান চালিয়েছে। যার নাম ছিল 'মিল তিয়াব'।
বালোচের তরফে জানানো হয়েছে, তাদের নৌবাহিনীর নাম 'হাম্মাল মেরিটাইম ডিফেন্স ফোর্স'। বালোচিস্তানের জাতীয় এই নৌবাহিনীর লক্ষ্য হল বালোচ জনগণের স্বার্থরক্ষা ও সমুদ্রে শত্রুদের নিকেশ।
গদরের কাছে জিওয়ানি এলাকায় বালোচের এই অভিযানের লক্ষ্য ছিল পাকিস্তানের টহলদারি এক নৌযান। এই অভিযানে পাকিস্তানের ৩ উপকূলরক্ষী বাহিনীর মৃত্যু হয়েছে। মৃতদের নামও প্রকাশ করেছে বিএলএ। এরা হলেন, নায়েক আফজাল, জামিল এবং উমর। হামলার পর নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছেন বালোচ যোদ্ধারা। বিদ্রোহী ওই সংগঠনের দাবি, "এই প্রথম সমুদ্রে শত্রুর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এবং আমরা আমাদের লক্ষ্যে সফল হয়েছি। আমর মনে করি পাকিস্তান অবৈধভাবে আমাদের দেশ দখল করে রেখেছে। যতদিন না আমাদের দেশ স্বাধীন হচ্ছে ততদিন এই ধরনের অভিযান জারি থাকবে।"
উল্লেখ্য, পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে বালোচরা। পালটা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানুষিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালোচিস্তান। অভিযোগ, খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে পাক প্রশাসন। প্রতিদানে বালোচ জনতা পেয়েছে শুধু নির্যাতন ও দারিদ্র। এই অবস্থায় স্বাধীনতার লড়াই তীব্র হয়ে উঠেছে বালোচিস্তানে। সেই লক্ষ্যেই তামিল টাইগার্সের মতো এবার নিজেদের নৌসেনা তৈরি করল বালোচ বিদ্রোহীরা।
