পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে ১৫ দিনের সংঘর্ষবিরতি কার্যকর হলেও তা লেবাননের জন্য প্রযোজ্য নয়। বুধবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে কার্যত 'কাঁচকলা' দেখিয়ে এমনটাই জানাল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দপ্তর। ফলে ইরান যুদ্ধ আপাতত কিছুদিন থামলেও মধ্যপ্রাচ্যে অস্ত্রের ঝনঝনানি থামছে না।
ইরান ও আমেরিকার সঙ্গে আলোচনার পর আগামী ১৫ দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জানিয়েছিলেন, লেবানন-সহ মধ্যপ্রাচ্যে প্রভাবিত সব দেশের জন্য কার্যকর হচ্ছে এই যুদ্ধবিরতি। তবে পাকিস্তানের ঘোষণার পরই বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়ে। সেখানে মধ্যস্থতাকারী পাকিস্তানের দাবি উড়িয়ে বলা হয়, "আমেরিকা ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যে সংঘর্ষবিরতি হয়েছে তা লেবাননের জন্য প্রযোজ্য নয়।" ইজরায়েলের যুক্তি, লেবানন থেকে ইরান সমর্থিত হেজবোল্লার তরফে হামলা করা হচ্ছে। লেবাননের হেজবোল্লা সম্পূর্ণ আলাদা একটি সংগঠন। ইজরায়েলের দাবি, যতদিন তাদের উত্তর সীমা নিরাপদ হচ্ছে ও হেজবোল্লা হামলা চালানো বন্ধ করছে ততদিন লেবাননে সেনা অভিযান জারি রাখবে তারা।
ইজরায়েলের দাবি, যতদিন তাদের উত্তর সীমা নিরাপদ হচ্ছে ও হেজবোল্লা হামলা চালানো বন্ধ করছে ততদিন লেবাননে সেনা অভিযান জারি রাখবে তারা।
বলার অপেক্ষা রাখে না ইজরায়েলের এই ঘোষণায় যারপরনাই অস্বস্তিতে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কারণ এর আগে শাহবাজ এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার কৃতিত্ব নিয়ে গর্বের সঙ্গে ঘোষণা করেছিলেন, ''লেবানন-সহ যেখানেই সংঘাত চলছে সেখানেই এই যুদ্ধবিরতি প্রযোজ্য।'' তবে পালটা ইজরায়েলের দাবিতে এই বিষয়টি স্পষ্ট হয় যে, পাকিস্তানের এই চুক্তি সম্পর্কে স্পষ্ট ধারনা ছিল না অথবা বিশ্বের বাহবা কুড়োনোর জন্য সংঘর্ষবিরতি ঘোষণায় অতিরঞ্জনের আশ্রয় নিয়েছে তাঁরা।
উল্লেখ্য, ইজরায়েল ও লেবাননের যুদ্ধ সরাসরি ইরান যুদ্ধের অংশ নয় বরং ইজরায়েল এই যুদ্ধকে নিজেদের সার্বভৌমত্বের উপর হামলা হিসেবে দেখে। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন ইজরায়েলে হাজার হাজার রকেট ছুড়েছে হেজবোল্লা। ফলে হেজবোল্লার বিরুদ্ধে যুদ্ধকে ইজরায়েল কোনওভাবেই ইরানের সঙ্গে মেশাতে রাজি নয়। এদিকে পাকিস্তানের দাবি ইজরায়েলের তরফে খারিজ হওয়ার ঘটনা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সেই দাবিকে আরও শক্তিশালী করছে, যেখানে তিনি বলেছিলেন, 'পাকিস্তান একটি দালাল, এরা অর্থের বিনিময়ে সমস্যা মেটানোর দাবি করে।'
