গুলি চলছে। যে যেদিকে পারছেন ছুটছেন। কেউ আবার টেবিলের নিচে খুঁজছেন নিরাপদ আশ্রয়। তড়িঘড়ি পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চরম বিশৃঙ্খলার মাঝেই নৈশভোজে মগ্ন এক বৃদ্ধ। কোনও দিকে খেয়াল নেই তাঁর। চামচে খাবারের টুকরো তুলে আয়েশে চিবোচ্ছেন তিনি। শনিবার ওয়াশিংটন ডিসির অভিশপ্ত সেই হোটেলের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের দাবি, ইনিই মির্জাপুর ওয়েবসিরিজের জনপ্রিয় সেই 'চাচা'।
স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন ২ হাজার ৬০০ অতিথি। সাংবাদিক থেকে শুরু করে জনপ্রিয় অভিনেতা প্রত্যেকেই আমন্ত্রিত ছিলেন। নৈশভোজের পর ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা ছিল। তাঁর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন সবাই। কিন্তু তার আগেই ভিড়ের মধ্যে আচমকা মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরপর গুলি চালান ওই বন্দুকবাজ। সূত্রের খবর, মোট পাঁচ থেকে আটটি গুলির শব্দ শোনা গিয়েছিল। তারপরই হুলস্থুল পড়ে যায় সেখানে। প্রাণ বাঁচাতে অনেকেই টেবিলের নিচে লুকোনোর চেষ্টা করেন। আবার অনেকে আতঙ্কে ছুটে পালাতে থাকেন।
সভাস্থলে বাকিরা তখন টেবিলের নিচে লুকতে ব্যস্ত। ট্রাম্পকে বের করে দেওয়ার পর মঞ্চের দখল নিয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁদের বন্দুক তাক করা দর্শক আসনের দিকে। তবে অনুষ্ঠানে আমন্ত্রিত এক বৃদ্ধ নির্বিকার।
তবে চরম আতঙ্কের মাঝেও ওই বৃদ্ধের কোনও হেলদোল দেখা যায়নি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সভাস্থলে বাকিরা তখন টেবিলের নিচে লুকতে ব্যস্ত। ট্রাম্পকে বের করে দেওয়ার পর মঞ্চের দখল নিয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁদের বন্দুক তাক করা দর্শক আসনের দিকে। তবে অনুষ্ঠানে আমন্ত্রিত এক বৃদ্ধ নির্বিকার। পাশের টেবিলের অতিথিরা যখন লুকতে ব্যস্ত তিনি তখন ডিনারে মগ্ন। খাবার মুখে পুরে আয়েশে চিবোচ্ছেন। উদ্বেগের লেশমাত্র নেই তাঁর চোখে মুখে।
মুহূর্তের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। সেখানে এক ব্যক্তি লিখেছেন, 'ওই সভায় ওনার লক্ষ্য কী তা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন।' কেউ আবার লিখেছেন, 'এত দামি নৈশভোজ উনি নষ্ট করতে চাননি।' এছাড়াও এই ঘটনার সঙ্গে নেটিজেনরা মিল খুঁজে পেয়েছেন মির্জাপুর ওয়েব সিরিজের জনপ্রিয় সেই চাচার। যেখানে গুড্ডুর পরিবারিক অনুষ্ঠানে অতর্কিতে বন্দুক হাতে প্রবেশ করেন মুন্না ভাইয়া। তবে সে দিকে ভ্রূক্ষেপ ছিল না বৃদ্ধের। গুলির শব্দের মাঝেও গানের তালে নেচে চলেছিলেন তিনি। পড়ে তাঁকে রীতিমতো গালি দিয়ে থামান মুন্না। এবার ট্রাম্পের অনুষ্ঠানে এই বৃদ্ধকে দেখে নেটিজেনদের দাবি, 'বাস্তবে ইনিই হলেন মির্জাপুরের সেই চাচা।'
