আফগানিস্তানের আকাশসীমায় ঢুকে হামলা চালাতে গিয়ে বিপাকে পাক বায়ুসেনা। তালিবানের জবাবি হামলায় ভূ-পতিত হল পাকিস্তানের যুদ্ধবিমান। তালিবান যোদ্ধাদের হাতে বন্দি হয়েছেন পাক বায়ুসেনার উইং কমান্ডারও। সম্প্রতি আফগান সেনা ও পুলিশের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
প্রত্যক্ষদর্শী ও এএফপির রিপোর্ট অনুযায়ী, শনিবার সকালে জালালাবাদ শহর ও ওই এলাকার বায়ুসেনা ঘাঁটির খুব কাছে দুটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের শব্দের ঠিক আগে এক জেট বিমানের গর্জন শোনা যায়। তারপরই শোনা যায় মাটিতে আছড়ে পড়েছে পাক যুদ্ধবিমান। উল্লেখ্য, জালালাবাদ হল কাবুল ও পাকিস্তান সীমান্তের সংযোগকারী এক গুরুত্বপূর্ণ অঞ্চল। যা যুদ্ধক্ষেত্রে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চল কোনওভাবে পাকিস্তানের নিয়ন্ত্রণে এলে, তা আফগানিস্তানের জন্য ছিল বিরাট ধাক্কা।
জালালাবাদ হল কাবুল ও পাকিস্তান সীমান্তের সংযোগকারী এক গুরুত্বপূর্ণ অঞ্চল। যা যুদ্ধক্ষেত্রে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল।
জানা যাচ্ছে, আফগানিস্তানের এই অঞ্চলে পাকিস্তান বায়ুসেনার গতিবিধি নজরে আসতেই হামলা চালায় তালিবান। যার জেরে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। সূত্রের খবর, মাটিতে পড়ার আগে কোনওমতে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট। তাঁকে বন্দি করেছে আফগান সেনা।
এদিকে যত দিন যাচ্ছে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ। নতুন করে আফগানিস্তানের মাটিতে ভয়ংকর হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। পাক সেনার দাবি অনুযায়ী, শুক্রবার আফগানিস্তানের ২২টি জায়গায় এই হামলা চালানো হয়। যার জেরে ২৭৪ জন তালিবান সেনার মৃত্যু হয়েছে। অন্যদিকে, আফগানিস্তানের পালটা জবাবে ১২ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসলামাবাদ। যদিও তালিবানের দাবি, সংখ্যাটা ১২ নয়, ৫৫ জন। এবার আফগানিস্তানে হামলা চালাতে গিয়ে বিমান খোয়াল পাক বায়ুসেনা।
