আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, তুলায় চন্দ্র, কুম্ভে রাহু, মঙ্গল, রবি এবং বক্রী বুধ। মীনে শুক্র ও শনি। ১১ মার্চ সকাল ৭টায় বৃহস্পতি মার্গী হবে। ১৪ মার্চ রাত্রি ১.০৩ মিঃ রবি মীনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা। বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য আরও পরিশ্রম করতে হবে। পরিবারে ছোটখাটো সমস্যাকে উপেক্ষা করার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের কাজের সন্ধানের জন্য আরও উদ্যমী হতে হবে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক বিষয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ আবশ্যক। কন্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। কলকারখানায় কর্মরত ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। সন্তানের অন্যায় আবদার সব সময় মেনে নেবেন না।
বৃষ
সপ্তাহের প্রারম্ভে কর্মে উন্নতিলাভের যোগ লক্ষ্য করা যায়। বাবা-মায়ের প্রতি কর্তব্য পালন করলেও সেরকম প্রশংসিত হবেন না। সম্পত্তি কেনার আগে উপযুক্ত ব্যক্তিকে দিয়ে কাগজপত্র পরীক্ষা করে নেবেন। সংসারে হঠাৎ ব্যয় বৃদ্ধি হলেও অযথা দুশ্চিন্তা করবেন না। বহুদিন ধরে চলা পারিবারিক সমস্যার সমাধান সম্ভব। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতিস্বরূপ পদোন্নতি হতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের সাফল্যের জন্য নামী সংস্থায় চাকরির সুযোগ পাবেন। সরকারি চাকরিতে অন্য শহরে বদলি হওয়ার যোগ।
মিথুন
নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। পরিবারের একাকীত্ব দূর করার জন্য কাছেপিঠে ভ্রমণে যেতে পারেন। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে স্বাস্থ্যহানির আশঙ্কা। কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। সন্তানদের উচ্ছ়ৃঙ্খল আচরণের জন্য পরিবারে অশান্তি। কোনও কারণে বাড়ির পরিবেশ পরিবর্তন হওয়ার আশঙ্কা। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্য।
কর্কট
বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে। সপ্তাহের মাঝামাঝি স্ত্রীর কর্মক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি শুভ। আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অভাবনীয় সাফল্য। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফলে আপনার মান বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য। পরিবারে কারও চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। স্বনিযুক্ত পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। অভিনয় ও সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের কাজের সাফল্যের জন্য সমাজে প্রশংসিত হবেন।
সিংহ
এই সপ্তাহের গ্রহ-সন্নিবেশ অনুযায়ী অর্থনৈতিক দিক থেকে উন্নতি লক্ষ্য করা যায়। চাকরিজীবীরা সপ্তাহের মাঝামাঝি কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। ঘরোয়া সমস্যাগুলি এই সময় মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ব্যবসায়ীরা অতিরিক্ত ঋণের জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। দংশক প্রাণী থেকে সাবধানে থাকুন। শ্রমিক-মালিক বিবাদের জন্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। চাষি ভাইদের প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষা করার জন্য শস্যবিমা করিয়ে নেওয়া উচিত। সন্তানের শিক্ষার স্থান শুভ। কর্মস্থানে কাজের চাপ বাড়বে। নতুন জমি-বাড়ি কেনার ক্ষেত্রে অন্যের কথায় কোনও বিনিয়োগ করবেন না।
কন্যা
ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। কর্মস্থানে কাজের চাপ বাড়বে। নতুন জমি-বাড়ি কেনার ক্ষেত্রে অন্যের কথায় কোনও বিনিয়োগ করবেন না। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন্য আরও উদ্যমী হতে হবে। ব্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। নিজের ও পরিবারের প্রতি যত্নবান হোন। খেলাধুলায় সন্তানের অসামান্য সাফল্যের জন্য চাকরি হতে পারে। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক শান্তি ফিরে আসবে। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন।
তুলা
কর্মক্ষেত্রে বহুদিন ধরে চলা কোনও সমস্যার সমাধান সম্ভব। পৈত্রিক সম্পত্তি রক্ষা করার বিষয়ে অনেক পরিশ্রম করতে হবে। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব্যবহার না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। বয়স্করা পথেঘাটে সাবধানে চলাফেরা করবেন। স্ত্রীর সাহায্যে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। মরশুমি রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। আপনার স্বাধীনচেতা মনোভাবের জন্য সংসারে অশান্তি দেখা দিতে পারে।
বৃশ্চিক
অত্যধিক ব্যয়ের জন্য সঞ্চয়ে বাধা। বয়স্ক জাতক-জাতিকারা সেবা ও পরোপকারের মধ্য দিয়ে মানসিক শান্তি লাভ করবেন। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন্য পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। ব্যবসায় বকেয়া অর্থ এই সময় ফেরত পেতে পারেন। শারীরিক দিক থেকে খুব সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতির যোগ ও অর্থপ্রাপ্তি। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। অন্যের কথায় প্রভাবিত হয়ে প্রতিবেশীদের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। ব্যবসায়ীরা প্রতিবেশী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন।
ধনু
এই সপ্তাহে এই রাশির জাতক-জাতিকারা ভাগ্যের সহায়তা পাবেন। সন্তানদের খেলাধুলায় সাফল্য আসবে। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যোগী হতে হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে বড়পদ বা দায়িত্ব পেতে পারেন। কর্মক্ষেত্রে স্বার্থান্বেষী সহকর্মীদের কাছ থেকে সতর্ক থাকুন। এই সময় লটারি বা ফাটকায় কোনওরকম বিনিয়োগ করবেন না। সপ্তাহের শেষের দিকে হাতে কিছু বাড়তি অর্থ হাতে আসতে পারে। পরিবারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ অবশ্যই নেবেন। ব্যবসায়ও উন্নতির যোগ লক্ষ্য করা যায়।
মকর
এই রাশির জাতক-জাতিকারা শান্তিপ্রিয় হওয়ার ফলে অশান্তি এড়িয়ে চলুন। সমাজে উচ্চপদস্থ ব্যক্তির বদান্যতায় ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। কোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত সতর্ক থাকুন। নব-বিবাহিতদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কথাবার্তায় সংযম বজায় রাখার চেষ্টা করুন। আপনার বহু বন্ধু থাকলেও প্রয়োজনের সময় অনেকেরই সহযোগিতা পাবেন না। চাকরি অপেক্ষা ব্যবসায় অর্থালাভ বেশি হবে। সপ্তাহের শেষে ভ্রমণের সম্ভাবনা থাকলেও সাবধানতা অবলম্বন বাঞ্ছনীয়।
কুম্ভ
আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যবসায়ীদের এই সময় পুরনো পাওনা টাকা আদায় হতে পারে। জাতকের কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। পরিবারে ছোটখাটো ভুল-ত্রুটি উপেক্ষা করে সকলকে নিয়ে আনন্দে দিন কাটাবার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সাংসারিক জীবনে অসুখে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। নতুন প্রকল্পের কাজ হাতে নেওয়ার শুভ সময়। কর্মপ্রার্থীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ। বিদ্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। রাজনীতিবিদরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন।
মীন
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। আপনার বিপদে তাঁদের পাশে পাবেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন। লৌহ, কাগজ ও ওষুধ ব্যবসায়ীদের বাড়তি মুনাফা লাভের সম্ভাবনা। ছোট সন্তানদের বেশি বকাবকি না করে তাদের মনের অবস্থা বোঝবার চেষ্টা করুন। ব্যবসায় ভুল পরিচালনার জন্য ক্ষতির মুখোমুখি হতে পারেন। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll