shono
Advertisement
Bangladesh

ইদের ছুটিতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা! বাংলাদেশে ট্রাক উলটে প্রাণহানি ১৫ জনের

সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ কালিহাতির সরাতৈল এলাকায় একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের।
Published By: Arpita MondalPosted: 10:43 AM May 25, 2026Updated: 11:03 AM May 25, 2026

সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে। ঢাকা-টাঙ্গাইল রোডে রডবাহী ট্রাক উলটে প্রাণ হারিয়েছেন ১৫ জন। আহত হয়েছেন আরও ৯ জন।
জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ কালিহাতির সরাতৈল এলাকায় একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

Advertisement

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, চট্টগ্রাম থেকে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়েই ঢাকা-টাঙ্গাইল রোডের যমুনা সেতু সংযোগকারী রাস্তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। কালিহাতির সরাতৈল এলাকায় পৌঁছলে রাস্তার ধারে উল্টে যায় লোহার রডবোঝাই ট্রাক। গোটা এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, 'ট্রাকটি উলটে যেতেই গোটা এলাকা কেঁপে ওঠে। আর্তনাদ শুনে দৌড়ে বেরিয়ে আসতেই দেখি এমন ঘটনা। রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠিয়েছি। মৃতদেহগুলি মাঠের পাশে জড়ো করে রাখা হয়েছে।' ভোর রাতের দিকে চোখ লেগে যাওয়াতেই এমন মর্মান্তিক দুর্ঘটনা? তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ পৌঁছনোর আগে এলাকা ছেড়ে পালিয়ে যান ঘাতক ট্রাকের চালক ও খালাসি।

টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার শুরু করি। ঘটনাস্থল থেকে ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে।' যদিও মৃতদেহগুলি এখনও শনাক্ত করা যায়নি। তবে মনে করা হচ্ছে, সকলের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলাতেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement