দেখতে হুবহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। সেই কারণেই শান্ত স্বভাবের অবোলা চারপেয়ে জীবটির নামকরণ করা হয় তাঁরই নামে। ইদের আগের বাংলাদেশে রীতিমতো চর্চা 'শ্বেতাঙ্গ' সেই মহিষকে নিয়ে। শ্বেতী আক্রান্ত মহিষটি ঢাকার কাছাকাছি অবস্থিত নারায়ণগঞ্জের বাসিন্দা। ওজন ৭০০ কেজি। যে খামারে সে রয়েছে সেখানকার মালিক জিয়াউদ্দিন মৃধা জানিয়েছেন, ইতিমধ্যেই এক ব্যক্তির কাছে তিনি বিক্রি করে দিয়েছেন মহিষটিকে। ইদের সময় সেটির কোরবানি হওয়ার কথা।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জিয়াউদ্দিন জানিয়েছেন, ''আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ইদের মূল চেতনা— ত্যাগ স্বীকার করা।'' এদিকে ইতিমধ্যেই চারপেয়ে 'ট্রাম্প'কে ঘিরে শোরগোল অব্যাহত। মহিষটিকে একঝলক দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে মানুষ। 'ব্লন্ড' চারপেয়েটির সঙ্গে সেলফি তুলছেন অনেকে। এমনকী, অনেক দূরের জেলা থেকেও আসছেন। ছোট ছোট ছেলেমেয়েরা উঁকি দিচ্ছে গেট থেকে, একঝলক মহিষটিকে দেখার জন্য।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জিয়াউদ্দিন জানিয়েছেন, ''আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ইদের মূল চেতনা— ত্যাগ স্বীকার করা।''
রীতিমতো যত্নআত্তি করে তাকে পালন করেছেন জিয়াউদ্দিন। জানা যাচ্ছে, দিনে চারবার স্নান করানো হয় মহিষটিকে। দিনে অনেকবার খাবারও খায় সে। কিন্তু তবু সারাক্ষণ মানুষের কৌতূহলের চোটে সে নাকি অবসাদে ভুগছে। ওজন কমেছে। তাই সাধারণের দর্শনের ক্ষেত্রে কড়াকড়ি করা হচ্ছে। সব মিলিয়ে জিয়াউদ্দিনের পরিবারের কাছে তার গুরুত্ব অপরিসীম। সেই সঙ্গে কিছুটা মনখারাপও। এবার তাদের প্রিয় মহিষকে বিদায় জানানোর পালা।
শুধু ট্রাম্প নয়, সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আরও একটি মহিষ।
ইজরায়েলের প্রধানমন্ত্রীর নামে এর নাম রাখা হয়েছে নেতানিয়াহু। খামারের এক কর্মী বলেন, মহিষটি আচরণগতভাবে অত্যন্ত দুষ্টু প্রকৃতির। তার এই আচরণের জন্যই নাম। চর্চা তাকে নিয়েও। দুটি প্রাণীকে নিয়েই মিম তৈরি হচ্ছে।
