দিল্লিতে নির্ভয়া কাণ্ড, কলকাতায় আর জি কর কাণ্ডের মতো ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। ভারতের জোড়া ঘটনার ক্ষত এবার বাংলাদেশেও। রাজধানী ঢাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি। দেশজুড়ে প্রতিবাদের মধ্যে বৃহস্পতিবার রাতে নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুটির বড় বোনের পড়াশোনা-সহ ভবিষ্যৎ দায়িত্বভারও গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, তা জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বিচার ত্বরান্বিত করতে এক সপ্তাহের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমার নির্দেশ দিয়েছেন দেশের আইনমন্ত্রী।
বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের প্রতি যৌন নির্যাতনের ঘটনা কম-বেশি বেড়েই চলছে। তবে বাংলাদেশের মতো এত বেশি ঘটনার নজির নেই অন্য দেশে। এ দেশের যৌন অপরাধীরা একজন নারী বা শিশুকন্যাকে ধর্ষণ করেই ক্ষান্ত হচ্ছে না, অনেক ক্ষেত্রে নৃশংসভাবে হত্যা করছে। কিশোররা পর্যন্ত যৌন হিংসায় জড়িত। সম্প্রতি মানিকগঞ্জে এক কিশোরের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই কিশোরের বাবা ও কাকাকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ২০ মাসে ৬৪৪ শিশু ধর্ষণ ও নির্যাতনে নিহত হয়েছে। গত দু'সপ্তাহে ধর্ষণের পর অন্তত পাঁচ শিশুকে হত্যা করা হয়েছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাড়ে চার মাসে ধর্ষণের শিকার হয়েছে ১১৯ শিশুকন্যা। চলতি বছরের প্রথম চার মাসেই অন্তত ২০৩ শিশু নিহত হয়েছে।
ঢাকার সাত বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে। এই মামলায় প্রধান আসামি সোহেলকে ও সহযোগিতার জন্য তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা ১৬৪ ধারায় বয়ান দিয়েছেন। এই মামলায় আসামিপক্ষের হয়ে কোনও আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানান ঢাকা বারের সাধারণ সম্পাদক মহম্মদ কালাম খান। তিনি লেখেন, ‘ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনও বিজ্ঞ আইনজীবী এই আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।’
