ওজন তিন কেজি। দাম ২২ হাজার ৭৯৮ টাকা! মেঘনায় ধরা পড়া এক ইলিশ মাছ ঘিরে চর্চা শুরু বাংলাদেশের চাঁদপুরে। সেখানকার বড়স্টেশন মৎস্য অবতরণকেন্দ্রের পাইকারি বাজারে মাছটি ওই বিপুল দামে বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। মরশুমের শুরুতেই ইলিশের এমন দাম স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের চমকে দিয়েছে।
নোয়াখালির হাতিয়া উপকূল থেকে ধরা পড়া অতিকায় ইলিশটি চাঁদপুরের বড়স্টেশন মাছ বাজারে আনা হয়। পরে অনলাইনের মাধ্যমে রাজধানী ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়। শান্তি আড়তের কর্মী সম্রাট জানাচ্ছেন, এদিন বড় সাইজের ইলিশের প্রতি মণের দাম ওঠে ৩ লাখ ৫ হাজার টাকা। সে হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৭ হাজার ৬২৫ টাকা। বড় আকারের ইলিশের চাহিদা বেশি থাকায় মাছটির এমন দাম পাওয়া গিয়েছে বলেই মনে করা হচ্ছে। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত বলেছেন, চলতি মরশুমে এর আগে সর্বোচ্চ ১৪ হাজার টাকায় একটি ইলিশ বিক্রি হয়েছিল। সেকথা মনে করিয়ে তাঁর দাবি, গত ১০ থেকে ২০ বছরের মধ্যে চাঁদপুরের এই বাজারে প্রায় ২৩ হাজার টাকায় একটি ইলিশ বিক্রির ঘটনা তাঁর জানা নেই।
আড়ত ব্যবসায়ীরা জানাচ্ছেন, ইলিশের মরশুম এখনও পুরোপুরি শুরু হয়নি। তবে দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় নদ-নদী থেকে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ছে। বড় আকারের ইলিশের সরবরাহ কম থাকায় বাজারে এর দাম তুলনামূলক বেশি। শান্তি আড়তের সম্রাটের আশা, মরশুম পুরোদমে শুরু হলে বাজারে ইলিশের সরবরাহ বাড়বে। তখন দামে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে বর্তমানে বড় আকারের ইলিশ কম আসায় উচ্চমূল্য পাওয়া যাচ্ছে।
