shono
Advertisement
Bangaon

ইউটিউব দেখে কেরামতি দেখানোর চেষ্টা! বিনা প্রশিক্ষণে সাপ ধরতে গিয়ে কামড় খেলেন যুবক, তারপর...

স্থানীয়দের দাবি, বিষধর সাপ ধরার কোনও অভিজ্ঞতাই ছিল না ওই যুবকের। শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে সাপ ধরতে গিয়েই এই বিপত্তি।
Published By: Kousik SinhaPosted: 07:36 PM Mar 08, 2026Updated: 08:26 PM Mar 08, 2026

নেই সাপ ধরার কোনও অভিজ্ঞতা! শুধুমাত্র অতি উৎসাহী হয়ে বিষধর সাপ ধরতে গিয়ে কামড় খেলেন বনগাঁর এক যুবক। শুধু তাই নয়, আহত অবস্থাতেই বস্তাবন্দি বিষধর সাপটিকে নিয়ে বনগাঁ (Bangaon) হাসপাতালে পৌঁছে যান ওই যুবক। চিকিৎসকদের জানান, তাঁকে বিষধর গোখরোতে কেটেছে! তা শুনে রীতিমতো হকচকিয়ে যান চিকিৎসকরা! শুধু তাই নয়, আতঙ্কিতও হয়ে পড়েন। জানা গিয়েছে, ঘটনায় গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবক। স্থানীয়দের দাবি, বিষধর সাপ ধরার কোনও অভিজ্ঞতাই ছিল না ওই যুবকের। শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে সাপ ধরতে গিয়েই এই বিপত্তি।

Advertisement

আহত ওই যুবকের নাম তাপস বৈরাগী। বনগাঁ থানার দেবগড় এলাকার বাসিন্দা। জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার দেবগড় এলাকার বাসিন্দা অজয় বিশ্বাসের বাড়িতে শনিবার রাতে জালের সঙ্গে জড়িয়ে যায় একটি বিষধর সাপ। রাতেই স্থানীয় এক সাপ বিশেষজ্ঞকে ফোন করে ঘটনার কথা জানান তিনি। রবিবার সকাল হতেই উৎসুক জনতার ভিড় বাড়তে শুরু করে অজয়বাবুর বাড়িতে। জালে জড়িয়ে থাকা সাপটিকে দেখতে এলাকার মানুষের ভিড় ক্রমশ বাড়তে থাকে।  স্থানীয়দের দাবি, সেই সময় প্রতিবেশী তাপস বৈরাগী অতি উৎসাহী হয়েই সাপটিকে উদ্ধার করতে আসেন। একেবারে খালি হাতেই সাপটিকে ধরেও ফেলেন তিনি। কিন্তু একটা ছোট্ট ভুলে তাপসবাবুর জীবন সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে!

আহত তাপস বৈরাগী।

প্রতিবেশীরা বলেন, গোখরো সাপটিকে যখন তাপস বস্তায় বন্দি করছিলেন সেই সময় হঠাৎ করেই কামড় দেয়। একেবারে রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষজন তাপসকে উদ্ধার করে স্থানীয় বনগাঁ হাসপাতালে নিয়ে যান। সঙ্গে বস্তায় বন্দি বিষধর সাপ! সঙ্গে সঙ্গে সাপ বিশেষজ্ঞ বাপ্পা সাহাকে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি হাসপাতালে এসে বস্তার ভেতর থেকে ওই বিষধর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

ঘটনা প্রসঙ্গে বাপ্পা সাহা বলেন "প্রশিক্ষণ ছাড়া কখনোই সাপ ধরা উচিত না, সাপ অবলা প্রাণী, এক সেকেন্ডের ভুলেই কারোর প্রাণ চলে যেতে পারে"। তবে এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় দেবগড় এলাকা জুড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement