শংকরকুমার রায়, রায়গঞ্জ: পুলিশ ফাঁড়িতে গিয়েছিলেন এক ব্যক্তি৷ আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ পুলিশের গাড়িতে চাপিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে যাওয়া হয়৷ ঘন্টা খানেক বাদে মারা যান তিনি৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরে৷ পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
[ধূপগুড়িতে দুর্ঘটনা, নয়ানজুলিতে বাস উলটে আহত ১৪]
মৃত ব্যক্তির নাম মহম্মদ আজিজুল৷ বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামের সুজালি গ্রামে৷ শনিবার সন্ধ্যায় স্থানীয় রামগঞ্জ এলাকার পুলিশ ফাঁড়িতে যান আজিজুল৷ পুলিশকর্মীদের দাবি, তাঁদের কাছে ওই বৃদ্ধ জানতে চান, তাঁর নামে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে কিনা৷ এরপর ফাঁড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ বমি করতে শুরু করেন৷ তড়িঘড়ি পুলিশের গাড়িতে চাপিয়ে আজিজুলকে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে৷ কিন্তু, শেষরক্ষা হয়নি৷ রাতে হাসপাতালে মারা যান মহম্মদ আজিজুল৷ ঘটনায় জানাজানিতে হতেই চাঞ্চল্য ছড়িযে পড়ে উত্তর দিনাজপুরের ইসলামপুরে৷
মৃত আজিজুল ইসলাম এলাকায় শাসকদলের কর্মী হিসেবে পরিচিত৷ তাঁর মৃত্যুর প্রতিবাদে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাদের অভিযোগ, ফাঁড়িতে ডেকে নিয়ে গিয়ে আজিজুল পুলিশই পিটিয়ে মেরে ফেলেছে৷ রামগঞ্জ ফাঁড়ির পুলিশ আধিকারিককে অপসারণের দাবি তুলেছেন শাসকদলের স্থানীয় কর্মীরা৷ জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের রামগঞ্জে এলাকায় একাধিক গন্ডগোলের ঘটনায় স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি হয়েছে৷ তবে মহম্মদ আজিজুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল না বলেই দাবি করেছে পুলিশ৷
[ অনাহারে মরণাপন্ন বৃদ্ধা, সাহায্যের প্রতিশ্রুতি বিডিও’র]
The post পুলিশ ফাঁড়িতে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য ইসলামপুরে appeared first on Sangbad Pratidin.
