আজ, বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার নির্বাচন। উত্তরবঙ্গের জেলাগুলি-সহ রাঢ়বঙ্গেও ভোট চলছে। সাধারণ মানুষ উৎসবের মেজাজে সকাল থেকেই ভোট দিচ্ছেন। বুথে বুথে মানুষের লম্বা লাইন। এদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? বৈশাখের ঘাম ঝরানো গরম কি দেখা যাবে? উত্তরবঙ্গে আগেই বৃষ্টির কথা জানিয়েছিল হাওয়া অফিস। এদিন পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে কি দুর্যোগ হবে? কী বলছে আলিপুর আবহাওয়া অফিস?
হাওয়া অফিস জানিয়েছে, প্রথম দফায় ভোটের দিন কার্যত পুড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা। তিন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ৪০ডিগ্রি বা তার বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। পুরুলিয়াতেও প্রবল গরম দেখা যাচ্ছে সকাল থেকে। এদিন কলকাতাতেও সকাল থেকে রোদের তেজ দেখা গিয়েছে। সকালে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯১ শতাংশ।
এদিন উত্তরবঙ্গের সব জেলায় ভোট চলছে। বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ঝড়বৃষ্টি দুর্যোগ চলছে। বিকেলের পর থেকেই দুর্যোগ ঘনিয়ে আসছে প্রায় প্রতিদিন। এদিন কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিং-সহ ওপরের দিকের পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনাও থাকছে। আগামী শনি ও রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে।
