বেকার যুবক-যুবতীদের সুবিধার্থে সম্প্রতি বিশেষ ভাতা চালু করেছে রাজ্য সরকার। সেই 'যুবসাথী' (Yuva Sathi) প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পে ভিড় জমাচ্ছেন বেকাররা। সেই ক্যাম্পেই নজর কাড়লেন এক তরুণী। তাঁর হাতে আইফোন, পকেটে দামী গাড়ির চাবি! সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। এতেই স্পষ্ট, আর্থিক পরিস্থিতির জন্য নয়, মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা হাতছাড়া করতে চাইছেন না কেউই।
অন্তবর্তী বাজেটে বেকারদের জন্য ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাসে দেওয়া হবে ১৫০০ টাকা। প্রথমে জানা গিয়েছিল, এই যুবসাথী প্রকল্পের সুবিধা মিলবে আগষ্ট থেকে। যদিও পরবর্তীতে তা এগিয়ে করা হয়েছে ১ এপ্রিল। আবেদনপত্র জমা নেওয়ার জন্য রাজ্যজুড়ে বিধানসভা ভিত্তিতে চালু করা হয়েছে ক্যাম্প। সেখানে প্রবল ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যুবক-যুবতীরা। কেউ ডাক্তারি পড়ছেন, কেউ এমএ পাশ। চাকরির জন্য পড়াশোনা করা যুবক-যুবতীরা দাঁড়িয়ে ভাতার লাইনে! তা নিয়ে কটাক্ষ করতেও ছাড়ছেন না বিরোধীরা। রাজ্য সরকার ভাতার রাজনীতি করছে বলেও অভিযোগ উঠছে। এসবের মাঝেই সোশাল মিডিয়ায় ভাইরাল এক তরুণীর ছবি।
অন্তবর্তী বাজেটে বেকারদের জন্য ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসে দেওয়া হবে ১৫০০ টাকা।আবেদনপত্র জমা নেওয়ার জন্য রাজ্যজুড়ে বিধানসভা ভিত্তিতে চালু করা হয়েছে ক্যাম্প। সেখানে প্রবল ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যুবক-যুবতীরা। কেউ ডাক্তারি পড়ছেন, কেউ এমএ পাশ। চাকরির জন্য পড়াশোনা করা যুবক-যুবতীরা দাঁড়িয়ে ভাতার লাইনে!
কি দেখা যাচ্ছে সেখানে? জিন্স-টপ পরা এক তরুণীর হাতে বেশ কিছু কাগজ। ফোনে কিছু একটা দেখছেন তিনি। জানা গিয়েছে, ছবিটি আসানসোলের রবীন্দ্রভবনের ক্যাম্পের। এই ছবি এখন চর্চায়। কেন? কারণ, তরুণীর হাতে আইফোন, পকেটে উঁকি দিচ্ছে গাড়ির চাবি! অর্থাৎ তরুণী যে আর্থিকভাবে স্বচ্ছল তা নিয়ে সংশয়ের কোনও কারণ নেই। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্পের সুবিধা হাতছাড়া করতে নারাজ তিনি। এতেই স্পষ্ট, বিরোধীরা যাই বলুক না কেন মুখ্যমন্ত্রীর উপহারে খুশি রাজ্যবাসী। সেই কারণেই দাঁড়াচ্ছেন লাইনে। এবিষয়ে বিএসসি পড়ুয়া ওই তরুণী বলেন, "সরকারি চাকরির পরীক্ষার ফর্ম পূরণ করতেও তো টাকা লাগে। বাবার থেকে চাইতে ভালো লাগে না। মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াচ্ছেন। আমরা খুশি।"
