shono
Advertisement
Ruchi Gujjar

ছবির প্রিমিয়ারে প্রযোজককে জুতোপেটা অভিনেত্রী রুচির! বিতর্ক তুঙ্গে

প্রিমিয়ারে গোলমালের বিষয়টিকে 'পাবলিসিটি স্টান্ট' বলে কটাক্ষ করেছেন প্রযোজক মান সিং।
Published By: Biswadip DeyPosted: 12:26 PM Jul 27, 2025Updated: 12:26 PM Jul 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন মডেল-অভিনেত্রী রুচি গুজ্জর। যা নিয়ে গুঞ্জন ছিলই। কিন্তু এই মুহূর্তে শোরগোল 'সো লং ভ্যালি' নামের হিন্দি ক্রাইম থ্রিলারের প্রিমিয়ার ঘিরে। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওয় দেখা গিয়েছে মুম্বইয়ের সিনেমা হলে ওই প্রিমিয়ারে হাজির হয়ে পায়ের স্যান্ডেল খুলে ছবির অন্যতম প্রযোজক মান সিংয়ের উপরে চড়াও হচ্ছেন রুচি। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। শুরু হয়েছে বিতর্ক। উল্লেখ্য, মান সিং ছবিটির কেবল প্রযোজকই নন। প্রযোজক ও ছবির কাহিনিকারও তিনি।

Advertisement

কেন রুচির ক্ষোভ করণ-সহ ওই ছবির প্রযোজকদের বিরুদ্ধে? অভিনেত্রীর অভিযোগ, তিনি প্রযোজকদের প্রায় ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। তাঁরা কথা দিয়েছিলেন রুচিকে নিয়ে সোনি টিভিতে একটি শো বানাবেন। কিন্তু সেই টাকা তাঁরা ছবিটির নির্মাণে লাগিয়ে দিয়েছেন। এই অভিযোগেই ছবির অন্যতম প্রযোজক করণের বিরুদ্ধে। সেই সঙ্গেই প্রিমিয়ারে হাজির হয়েও তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে দাবি। জানা গিয়েছে, রুচির সঙ্গে রীতিমতো একটি দল সেখানে হাজির হয়। অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। তাঁরা স্লোগান দিচ্ছিলেন প্রযোজকদের বিরুদ্ধে।

বলে রাখা ভালো 'সো লং ভ্যালি'র তিন প্রযোজক মান সিং, করণ সিং, মহসিন খান। তাঁদের মধ্যে করণ রুচির কাছ থেকে এককালীন ২৩ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার দায়ের করা এফআইআরে তাঁর নামই রয়েছে। পুলিশের তরফে এফআইআরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার উল্লেখ করে এক অভিসার জানিয়েছেন, ''অভিযোগ টিভি শো-টি তৈরিই করা হয়নি। করণ টাকা ফেরতও দেননি।'' এদিকে গুজ্জরের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল আম্বোলি থানাতেও এফআইআর দায়ের করেছেন প্রযোজকদের বিরুদ্ধে।

এদিকে প্রিমিয়ারে গোলমালের বিষয়টিকে 'পাবলিসিটি স্টান্ট' বলে কটাক্ষ করেছেন মান সিং। তাঁর দাবি, রুচি চেয়েছিলেন ছবিটির মুক্তি আটকাতে। কিন্তু শেষপর্যন্ত আদালতের সম্মতি মেলায় ছবি নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে রুচি এসেছিলেন গোলমাল করতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন মডেল-অভিনেত্রী রুচি গুজ্জর। যা নিয়ে গুঞ্জন ছিলই।
  • কিন্তু এই মুহূর্তে শোরগোল 'সো লং ভ্যালি' নামের হিন্দি ক্রাইম থ্রিলারের প্রিমিয়ার ঘিরে।
  • অভিযোগ, প্রিমিয়ারে হাজির হয়ে পায়ের স্যান্ডেল খুলে ছবির অন্যতম প্রযোজক মান সিংয়ের উপরে চড়াও হতে দেখা গিয়েছে রুচিকে।
Advertisement