shono
Advertisement
Bhooth Bangla Trailer

অভিশপ্ত গ্রামে বিয়ে মানেই মৃত্যু! অক্ষয়ের গা ছমছমে 'ভূত বাংলা'র ট্রেলারে ভিলেন কে?

চোদ্দ বছর বাদে চেনা ফরম্যাটে নতুন চমক দিলেন অক্ষয়-প্রিয়দর্শন জুটি। বক্স অফিসে কতটা বাজিমাত করতে পারবেন?
Published By: Sandipta BhanjaPosted: 06:27 PM Apr 06, 2026Updated: 06:44 PM Apr 06, 2026

'পুরনো চাল ভাতে বাড়ে', প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের ক্ষেত্রে বাংলার এই বাগধারা যেন অক্ষরে অক্ষরে প্রযোজ্য। কারণ এই মন্ত্রবলেই 'ভূত বাংলা'র ট্রেলারে (Bhooth Bangla Trailer) গা ছমছমে রহস্য, রোমাঞ্চকর স্মৃতি ফেরালেন পরিচালক-অভিনেতা জুটি। মার্চে মুক্তিপ্রাপ্ত 'ভূত বাংলা'র পয়লা ঝলক দেখে দর্শকমহল গুলিয়ে ফেলেছিলেন এই সিনেমা 'ভুল ভুলাইয়া'র সিক্যুয়েল না একেবারে স্বতন্ত্র এক গল্পের আঁধারে তৈরি? সোমবার 'ভূত বাংলা'র ট্রেলার প্রকাশ্যে এনে সমস্ত জল্পনার অবসান ঘটালেন প্রিয়দর্শন, অক্ষয় কুমার।

Advertisement

‘ভূত বাংলা’য় অক্ষয় কুমার। ছবি- সংগৃহীত

চেনা প্রাসাদ। বিয়েবাড়ির আবহে গা ছমছমে অদ্ভূতুড়ে সব ঘটনাবলী। তার সঙ্গে দমফাটা হাসি আর প্রেম-রোম্যান্স। প্রায় দু’দশক বাদে ‘ভূত বাংলা’য় সেই চেনা ফরম্যাটের স্বাদ দিলেন বলিউডের একসময়কার ব্লকবাস্টার পরিচালক-অভিনেতা জুটি। অনেকে 'ভুল ভুলাইয়া'র সঙ্গে সাদৃশ্য খুঁজে পেলেও পরিচালক প্রিয়দর্শন কিন্তু এই ছবিতে নতুন চমক রেখেছেন। সেটা কেমন? গল্পের প্রেক্ষাপট মঙ্গলপুর গ্রাম। সে এক রহস্যময় জায়গা। সেই গ্রামকে অভিশপ্ত বললেও অত্যুক্তি হবে না! কারণ এই গ্রামে বিয়ের সানাই বাজলেই বধাসুরের আগমন ঘটে। তাই গ্রামে বিয়ে মানেই আতঙ্ক! তবে ‘ভূত বাংলা’য় আগত অতিথিরা সেসম্পর্কে আগে থেকে ঘুণাক্ষরেও টের পাননি। কিন্তু সেখানে থাকতে গিয়েই নানা অদ্ভূতুড়ে ঘটনার শিকার হতে হয় সকলকে। রাজারাজরাদের আমলের প্রাচীন প্রাসাদে বিয়ের অনুষ্ঠানের জন্য থাকতে এসে কোন বিপাকে পড়ে এক যৌথ পরিবার? এমন প্রশ্ন নিয়েই এগিয়েছে প্রিয়দর্শন পরিচালিত হরর কমেডি ঘরানার সিনেমা। ট্রেলারে অন্তত তেমন ইঙ্গিতই মিলেছে।

বলিউডে বর্তমানে দেশাত্মবোধক কিংবা উগ্র পৌরষের কাহিনি ট্রেন্ডিং, এমন আবহে ভুতুড়ে গপ্পো দেখতে দর্শকমহল প্রেক্ষাগৃহে কতটা ভিড় জমাবেন? তা নিয়ে ধন্দ রয়েই যায়। তবে 'ভূত বাংলা'র ঝলক কিন্তু ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়িয়েছে। আগামী ১৬ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি। ততদিনে বক্স অফিসে 'ধুরন্ধর' দাপট কতটা থাকে? সেটাও দেখার, নইলে ট্রেলার-টিজারে আশা জাগিয়েও আশাহত হতে হবে অক্ষয় কুমারকে!

ট্রেলারে ধরা পড়ল পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানির সঙ্গে অক্ষয় কুমারের কৌতুক সমীকরণ। ছবিতে খিলাড়ির সঙ্গে রোম্যান্স করবেন ওয়ামিকা গাব্বি। দেখা গেল দুই বাঙালি অভিনেতা রাজেশ শর্মা, যিশু সেনগুপ্তকেও। পরিবারের বয়ঃজ্যেষ্ঠ সদস্যের ভূমিকায় ধরা দিলেন যিশু। অন্যদিকে গোড়া থেকেই সিনেমার 'ভিলেন'কে নিয়ে কৌতূহল ছিল। ট্রেলারে তাব্বুর চরিত্রের মধ্য দিয়ে অতিপ্রাকৃত বিষয়ের ইঙ্গিতও দিয়েছেন পরিচালক। উল্লেখ্য, অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন জুটি বলিউডের সবথেকে জনপ্রিয় পরিচালক-অভিনেতা জুটি। যাঁদের হাত ধরে বলিউড পেয়েছে ‘হেরা ফেরি’, ভাগম ভাগ, ‘ভুলভুলাইয়া’-এর মতো ছবি। এবার ‘ভূত বাংলা’য় কোন চমক দেবেন জুটি? নজর থাকবে সেদিকে।

যদিও বলিউডে বর্তমানে দেশাত্মবোধক কিংবা উগ্র পৌরষের কাহিনি ট্রেন্ডিং, এমন আবহে ভুতুড়ে গপ্পো দেখতে দর্শকমহল প্রেক্ষাগৃহে কতটা ভিড় জমাবেন? তা নিয়ে ধন্দ রয়েই যায়। তবে 'ভূত বাংলা'র ঝলক কিন্তু ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়িয়েছে। আগামী ১৬ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি। ততদিনে বক্স অফিসে 'ধুরন্ধর' দাপট কতটা থাকে? সেটাও দেখার, নইলে ট্রেলার-টিজারে আশা জাগিয়েও আশাহত হতে হবে অক্ষয় কুমারকে! কারণ দীর্ঘদিন ধরেই ব্লকবাস্টার মার্কশিট অধরা অভিনেতার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement