বিগত বেশ কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে উঠে আসছে অনভিপ্রেত রহস্য মৃত্যুর ঘটনা। যার মধ্যে সিংহভাগই তরুণী। কেউ পণপ্রথার বলি তো কেউ আবার মানসিক নির্যাতনের শিকার। সম্প্রতি ভোপালের বাড়িতে বছর ৩৩-এর তিশা শর্মার রহস্যমৃত্যু অত্যন্ত আলোচিত ও আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা। প্রাক্তন মিস পুণে তিশা শর্মার মৃত্যু মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, "মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যা অনেক ভালো।" এই ঘটনাগুলোর প্রেক্ষিতেই বারবার প্রশ্নের মুখে চলে আসে সমাজের নারীসুরক্ষার বিষয়টি। এমতাবস্থায় প্রকাশ্যে সমাজের আরও এক ভয়ংকর 'অসুখ'!
শুধু রক্তমাংসের নারী শরীরই নয়, রংতুলির টানে মহিলার ছবিও এই সমাজে মোটেই সুরক্ষিত নয়। শুনতে অবাক লাগলেও এইরকমই এক ঘটনাকে প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী ভূমি পেদ্নেকার (Bhumi Pednekar)। যা দেখলে শিহরিত হবে শরীর ও মন! অভিনেত্রী সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন যেখানে কয়েকজন পুরুষের লালসার শিকার দেওয়ালে সুসজ্জিত এক নারীশরীর! ছবির সামনে দাড়িয়ে বিকৃত অঙ্গভঙ্গি থেকে তাঁর স্তনযুগল স্পর্শ! এরকম শ্লীলতাহানি বা অশালীন আচরণ অসুস্থ মানসিকতার লক্ষ্মণ বলে ক্ষোভ উগরে দেন ভূমি। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি সমাজে নারীদের প্রতি বাড়তে থাকা সহিংসতা ও মানসিকতার অবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে নারী নিরাপত্তার জন্য কড়া পদক্ষেপের জন্য আর্জি জানান 'দম লাগাকে হাইসা' খ্যাত অভিনেত্রী।
অশাীন আচরণ
ইনস্টা স্টোরিতে ওই ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রীর প্রতিক্রিয়া, 'এটাই আজকের যুবসমাজের মানসিকতা। শুধুমাত্র লজ্জা প্রকাশ বা কথার মাধ্যমে প্রতিবাদ যথেষ্ট নয়। নারীদের নিরাপত্তার জন্য কড়া পদক্ষেপ প্রয়োজন।' উল্লেখ্য, নারী সুরক্ষার স্বার্থে সাম্প্রতিক অতীতেও সুর চড়িয়েছেন ভূমি পেদ্নেকার। জানুয়ারিতে মাত্র ছ'বছরের নাবালিকাকে তিন পুরুষের গণধর্ষণের ঘটনায় প্রতিবাদ করেছিলেন অভিনেত্রী। সবচেয়ে বেশি অবাক করেছিল তাদের বয়স। দশ থেকে তেরোর কোটায় থাকা নাবালকের মনেও শারীরিক খিদে!
ভূমির প্রতিক্রিয়া
সংশ্লিষ্ট বিষয়ে ভূমির সংযোজন, 'অপ্রাপ্তবয়স্ক ছেলেদের এই ভয়ংকর রূপ দেখে আমি আতঙ্কিত। এই ঘটনাগুলো প্রকৃত অর্থে হৃদয় বিদারক। ভাবুন তো, ওরা কেমন পরিবেশে বড় হচ্ছে! আমরা সেইসব নীরব, অসহায় প্রাণদের শাস্তি দিচ্ছি। আর পথকুকুরদের কামড় থেকে বাঁচার জন্য নানান পন্থা অবলম্বন করা হচ্ছে।'
