সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেফালি জরিওয়ালার (Shefali Jariwala) আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বিনোদুনিয়া। মাত্র ৪২ বছর বয়সে 'কাঁটা লাগা গার্ল'-এর এমন পরিণতি মানতে পারছেন না কেউই। তাঁর শেষকৃত্যে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। ছিলেন মা সুনীতা জরিওয়ালা, স্বামী পরাগ ত্যাগী, হিন্দুস্তানি ভাউ ওরফে বিকাশ ফটকরা। কিন্তু দেখা যায়নি তাঁর প্রাক্তন স্বামী হরমিত সিংকে। আসলে তিনি এই মুহূর্তে রয়েছেন ইউরোপে। তবে সেখান থেকেই শেফালির উদ্দেশে শোকবার্তা জানিয়েছেন তিনি। আর সেই বার্তা দিতে গিয়ে শোকাবিষ্ট হরমিতকে কার্যতই কাঁপতে দেখা গিয়েছে।
সাংবাদিক ভিকি লালওয়ানির মাধ্যমে সংবাদমাধ্যম তথা সকলের উদ্দেশে নিজের প্রাক্তন স্ত্রী সম্পর্কে তাঁর শোকবার্তা জানিয়েছেন হরমীত। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''শেফালি নেই এই সত্যিটা আমাকে কাঁপিয়ে দিচ্ছে। আমি ইউরোপে আছি।'' একথা বলার সময় তাঁকে সত্যিই কাঁপতে দেখা গিয়েছে। যে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন একসময়ে শেফালি, আজ তাঁর প্রয়াণে মুখ খুলে শোকে ব্যাকুল হতে দেখা যায় হরমীতকে।
তিনি বলেন, ''আমার মনে পড়ছে বাংলাদেশে শো করতে যাওয়ার কথা। আজ থেকে দুই-তিন বছর আগের কথা। সানি লিওন আর শেফালিও সেখানে ছিল। প্রাইভেট প্লেনে আমরা একসঙ্গে ফিরেছিলাম। শেফালি আমার পাশে বসেছিল। অনেকদিন পরে আমরা একসঙ্গে অনেক কথা বলেছিলাম। বিচ্ছেদের পরে সেই প্রথমবার। এছাড়াও আমরা বেশ কিছু অনুষ্ঠান ও পার্টিতেও যোগ দিয়েছিলাম একসঙ্গে।''
এর আগে ইনস্টাগ্রামে নিজের শোক ব্যক্ত করেছিলেন হরমীত। লিখেছিলেন, 'আমার জীবনের সবচেয়ে শোকের সময়।' প্রাক্তন স্ত্রীর এমন আকস্মিক প্রয়াণ যে তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না বারবার সেকথা জানিয়েছিলেন তিনি।
শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেত্রী। হঠাৎই অসুস্থ হয়ে পড়ার পর স্বামী পরাগ ত্যাগী অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শেফালির মৃত্যুর খবর চাউর হতেই শুক্রবার রাত থেকেই শোকবিহ্বল তাঁর ভক্তরা।
