তামান্না ভাটিয়া, দক্ষিণী সিনেদুনিয়ার উল্লেখযোগ্য একটি নাম। অভিনয় থেকে আইটেম ডান্স সবতেই ছক্কা হাঁকান অভিনেত্রী। বিজয়ের সঙ্গে বিচ্ছেদ থেকে অন্নু কাপুরের 'দুধিয়া বদন' মন্তব্যে বারবার শিরোনামে উঠে এসেছেন 'আজ কী রাত' খ্যাত তামান্না ভাটিয়া। রুপোলি পর্দার লাস্যের ছাটায় দর্শক মনে শিহরণ জাগানো দক্ষিণী সুন্দরী বাস্তবে আধ্যাত্মিক একজন মানুষ। সমাজমাধ্যমে বারংবার ছড়িয়ে পড়া ভিডিও-ই তার উজ্জ্বল দৃষ্টান্ত। ১২ মে মঙ্গলবার সকালে মহাদেবের দর্শনে লাল শাড়ি পরে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পৌঁছে গিয়েছিলেন তামান্না। ভগবানের আশীর্বাদের সঙ্গে ভস্ম আরতি দেখার সুযোগ পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন অভিনেত্রী।
মহাকালেশ্বর মন্দিরের মতো পবিত্র স্থানে ঈশ্বরের আহ্বান ছাড়া আসা অসম্ভব বলে মনে করেন তামান্না। ভস্ম আরতি প্রত্যক্ষ করার অভিজ্ঞতা অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক বলে মনে করেন। তাঁর মতে, সকলের মাঝে বসে সেই আধ্যাত্মিক শক্তিকে অনুভব করাকে জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। মন্দিরে বসে চারপাশের পরিবেশ অনুভব করাটাই তামান্নার কাছে বিরাট সৌভাগ্যের বিষয়।
মহাদেবের আরাধনায় তামান্না
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তামান্না বলেন, "এই স্থানে আসা তখনই সম্ভব যখন ঈশ্বরের ডাকে সাড়া মেলে। আজ ভস্ম আরতি দেখার সুযোগ পেয়ে আমি সত্যিই অভিভূত। সকলের সঙ্গে একসঙ্গে সেই আধ্যাত্মিক শক্তির অনুভূতি অসাধারণ। এটি ভীষণভাবে শক্তিদায়ক ও মনকে উজ্জীবিত করে। মন্দির প্রাঙ্গনে বসে শুধু পরিবেশটুকু অনুভব করাও চরম সৌভাগ্যের বিষয়।"
মহাকালেশ্বর মন্দিরে তামান্না
এদিন তামান্নার পরনে ছিল লাল শাড়ি, কানে দুল আর কপালে টিপ। হালকা মেকআপের সঙ্গে খোঁপা, ছিমছাম সাজে মহাকালেশ্বর মন্দিরে দর্শনার্থীদের মাঝে মাটিতে বসে তামান্নার আরাধনার মুহূর্ত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। চোখ বুঝে মহাদেহের ধ্যানে মগ্ন অভিনেত্রী। তামান্না যে মহাদেবের ভক্ত সেই প্রমাণ মিলেছিল চলতি বছরের শিবরাত্রিতেও। ইশা যোগা সেন্টারে মহাশিবরাত্রি উদযাপনে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় শ্রীনিধিকেও। সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দুই সুন্দরীর নাচের ভিডিও।
