২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আসরে সাতপাকে বাঁধা পড়েন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। গত একসপ্তাহ ধরে দক্ষিণাত্যভূমের তারকাদম্পতির স্বপ্নের বিয়ের রেশে ডুবে রয়েছে গোটা দেশ। বিয়ের পর 'সংস্কারী' নবদম্পতির দান-ধ্যান এবং আচার-অনুষ্ঠান পালনের রীতিতে মুগ্ধ অনুরাগীমহল। বুধবার রাতে হায়দরাবাদের রিসেপশনের মাধ্যমে গত একসপ্তাহব্যাপী বিয়ের অনুষ্ঠানে সমাপ্তি টানলেন বিজয়-রশ্মিকা। গত চব্বিশ ঘণ্টা ধরে সেই তারকাখচিত জলসার ছবি-ভিডিও নেটভুবনে দাপিয়ে বেড়াচ্ছে। আর সেখানেই মহাবিড়ম্বনায় পড়তে হয় স্টার নবদম্পতিকে!
জমকালো রিসেপশনের অন্তিম লগ্নে বিজয়-রশ্মিকা ছবিশিকারীদের সঙ্গে কুশল-মঙ্গল বিনিময়ের জন্য বাইরে বেরিয়েছিলেন। তখনই ঘটে বিপত্তি! সুপারস্টার নবদম্পতিকে দেখে পাপারাজ্জিরাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য হুড়োহুড়ি শুরু করেন।
ঠিক কী ঘটেছে? ৪ মার্চ, বুধবার রাতে হায়দরাবাদের বিলাসবহুল হোটেলে বসেছিল বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার রিসেপশনের আসর। যেখানে দক্ষিণী বিনোদুনিয়ার তারকাদের ঝলমলে উপস্থিতি নজর কাড়ে। হাজির ছিলেন আল্লু অর্জুন, চিরঞ্জীবি, রামচরণ, করণ জোহর থেকে কৃতি শ্যানন। পাশাপাশি বাবা নাগার্জুনের সঙ্গে উপস্থিত ছিলেন নাগা চৈতন্যও। আর সেখানেই অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে তারকাদম্পতিকে ঘিরে শুরু হয় তুমুল ধাক্কাধাক্কি। খবর, জমকালো রিসেপশনের অন্তিম লগ্নে বিজয়-রশ্মিকা ছবিশিকারীদের সঙ্গে কুশল-মঙ্গল বিনিময়ের জন্য বাইরে বেরিয়েছিলেন। তখনই ঘটে বিপত্তি! সুপারস্টার নবদম্পতিকে দেখে পাপারাজ্জিরাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য হুড়োহুড়ি শুরু করেন। ভিড়ে তখন প্রায় চিড়েচ্যাপ্টা হওয়ার জোগাড় নবপরিণীতা 'শ্রীবল্লী'র। নিরাপত্তারক্ষীদেরও বেগ পাওয়ার জোগাড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মাঠে নামেন খোদ বিজয় দেবেরাকোন্ডা। তারপর অভিনেতা যা করলেন, সেই ভিডিও চাক্ষুষ করে গদগদ ঘনিষ্ঠমহল।
রিসেপশনের সাজে বিরোশ। ছবি: সোশাল মিডিয়া
ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাবলয় টপকে পাপারাজ্জিরা বিজয়-রশ্মিকার কাছাকাছি আসতেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। নবপরিণীতা নায়িকাও তখন চরম অস্বস্তিতে পড়েন। তবে ভিড়ে স্ত্রীকে বিন্দুমাত্র কাছছাড়া করেননি বিজয় দেবেরাকোন্ডা। বরং পিছন থেকে রশ্মিকাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে 'ঢাল' হয়ে দাঁড়ান অভিনেতা। আর সেই মিষ্টি মুহূর্ত প্রকাশ্যে আসতেই লাইমলাইট কেড়ে নিয়েছে। উল্লেখ্য, বুধবার সকালেই আবার হায়দরাবাদে অনুরাগীদের সঙ্গে সাক্ষাতের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজয়-রশ্মিকা। তবে সেলেবসুবো হাবভাবের লেশমাত্র ছিল না তাঁদের মধ্যে। অতিরিক্ত আতিশায্যের বাইরে গিয়ে সাধারণ পোশাকে বিনম্র আচরণেই বাজিমাত করেন দক্ষিণী দম্পতি। এমনকী ভক্তদের নিজেহাতে খাবার পরিবেশন থেকে হাসিমুখে কুশল-মঙ্গল বিনিময় করতেও দেখা যায় তাঁদের। সকলের সামনেই বিজয়কে খাইয়ে দেন রশ্মিকা। তাঁদের মধ্যে যে 'পাপারাজ্জি এলার্জি' নেই, সেটা একসপ্তাহব্যাপী এই বৈবাহিক অনুষ্ঠানেই বেশ বোঝা গিয়েছে। বিয়ের প্রাক্কালে রাখঢাক করলেও উদয়পুর থেকে ফেরার পথে ছবিশিকারীদের সামনে হাসিমুখে ধরা দেন বিজয়-রশ্মিকা। এবার হায়দরাবাদে তাঁদের আরও কাছাকাছি পেয়ে উল্লাসে ফেটে পড়েন পাপারাজ্জিরাও। আর সেই প্রেক্ষিতেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বিজয় দেবেরাকোন্ডা যেভাবে গোটা বিষয়টি সামাল দেন, সেই মিষ্টি মুহূর্ত দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্তমহল।
