shono
Advertisement
India vs Afghanistan

জোড়া সেঞ্চুরির পর পেসারদের আগুনে পারফরম্যান্স, আফগানিস্তানকে হেলায় হারিয়ে সিরিজজয়ী ভারত

অধরা মাধুরী বিশ্বকাপ জয়ের প্রস্তুতি। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজটাকে এভাবেই দেখছিলেন গৌতম গম্ভীররা। যাবতীয় কাটাছেঁড়ার পরেও আফগানিস্তান সিরিজ দাপুটে ভঙ্গিতে জিতল মেন ইন ব্লু।
Published By: Anwesha AdhikaryPosted: 09:28 PM Jun 17, 2026Updated: 09:41 PM Jun 17, 2026

ভারত: ৪০২ (শুভমান ১৫৪, ঈশান ১২৫, নাঙ্গিয়ালিয়া ৪/৭৬)
আফগানিস্তান: ২৩২ (রহমত ৭৯, অর্শদীপ ৩/৪৫, গুর্নুর ৩/৬০)
১৭০ রানে জয়ী ভারত।

Advertisement

অধরা মাধুরী বিশ্বকাপ জয়ের প্রস্তুতি। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজটাকে এভাবেই দেখছিলেন গৌতম গম্ভীররা। একগুচ্ছ তরুণ তুর্কির অভিষেক হয়েছে এই সিরিজে। পরীক্ষানিরীক্ষা হয়েছে ব্যাটিং অর্ডার নিয়ে। উইকেটকিপিংয়েও দেখে নেওয়া হয়েছে বিকল্প। তবে যাবতীয় কাটাছেঁড়ার পরেও আফগানিস্তান সিরিজ দাপুটে ভঙ্গিতে জিতল মেন ইন ব্লু। শুভমান গিল এবং ঈশান কিষানের জোড়া সেঞ্চুরিতে বুধবারই সিরিজ পকেটে পুরল ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে এদিন চারশো রানের পাহাড় গড়েন শুভমানরা। ওপেন করতে নেমে এদিন ব্যর্থ যশস্বী জয়সওয়াল। চেনা ফর্মের ঝলক দেখিয়েও ৪৮ রানে আউট হয়ে যান রোহিত শর্মা। তারপর লখনউ জুড়ে দুই বন্ধুর অনবদ্য পার্টনারশিপ। ৭৭ বলে শতরানের দেখা পেলেন শুভমান। ইনিংসে ছিল ১৩ চার এবং ২ ছক্কা। এটা তাঁর কেরিয়ারের নবম ওয়ানডে শতরান। গিলের পর ঝাঁ-চকচকে শতরান করলেন ঈশানও। মাত্র ৭১ বলে ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি ব্যাটার।

তবে এদিন মিডল অর্ডার রান পায়নি। শ্রেয়স আইয়ার (২৬), কেএল রাহুল (০), ওয়াশিংটন সুন্দররা (১৭) সকলেই ব্যর্থ। যদিও জোড়া সেঞ্চুরির দাপটে ভারতের রান অনেকটাই উঠে গিয়েছিল। আরও বেশি রান করার লক্ষ্যে একের পর এক উইকেট খোয়ায় ভারত। ৪০২ রানে অলআউট হয়ে যায় মেন ইন ব্লু। আফগান বোলারদের মধ্যে নাঙ্গিয়ালিয়া খারোটে পেয়েছেন চার উইকেট। তিন উইকেট গিয়েছে রশিদ খানের ঝুলিতে।

ভারতের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে আফগানরা। ওপেন করতে নেমে রহমানুল্লা গুরবাজ করেন ৪১ রান। তিন নম্বরে সেদিকুল্লা অটল করেন ৪২ রান। তবে উইকেট না পেলেও প্রথম থেকেই রানের গতিতে লাগাম পরিয়ে রেখেছিল ভারতের স্পিন অ্যাটাক। এদিন ওয়ানডে অভিষেক হয়েছে প্রিন্স যাদবের। তিনিও জোড়া উইকেট পেয়েছেন। একা কুম্ভ হয়ে শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন রহমত শাহ। ৭৯ রান করে ডেবিউট্যান্ট প্রিন্সের বলে আউট হলেন তিনি। বিরাট ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরল ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement